চার ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ ‘আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি’র ট্রাস্টি বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটকে হাত রেখে ১৮ জানুয়ারি মংগলবার ‘আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি’র ট্রাস্টি বোর্ড এর সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন বাংলাদেশি-আমেরিকান সুব্রত চৌধুরী। এদিন আটলান্টিক সিটির সিটি হলস্থ ক্লার্ক অফিসে সিটির সহকারী ক্লার্ক মনিকা ওয়েব তাঁকে শপথ বাক্য পাঠ করান।
সম্প্রতি আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল তাঁকে এই পদে নিয়োগ দেন। তাঁর এই নিয়োগ আটলান্টিক সিটির কাউন্সিল সভায়ও অনুমোদিত হয়। আগামী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁর এই নিয়োগ বলবৎ থাকবে।
উল্লেখ্য, সুব্রত চৌধুরী দ্বিতীয়বারের মতো একত্রে চার ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ গ্রহন করলেন। ২০২০ সালের জানুয়ারি মাসে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সদস্য হিসাবে শপথ গ্রহনের সময়ও তিনি পবিত্র চার ধর্মগ্রন্হ ছুঁয়ে শপথ গ্রহন করেছিলেন।
শপথ গ্রহন শেষে সুব্রত চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সারা পৃথিবীতে ‘মুজিববর্ষ’ পালিত হচ্ছে। ‘মুজিববর্ষে’ মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে যে অসাম্প্রদায়িক চেতনা অন্তরে লালন করে বড় হয়েছি তারই বহির্প্রকাশ ঘটালাম শপথ অনুষ্ঠানে। এর মাধ্যমে জনকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসারও বহির্প্রকাশ ঘটালাম। এছাড়া ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পৃথিবীতে ধর্ম নিয়ে যে হানাহানি চলছে তার বিরুদ্ধে এটা আমার একটা মৌন প্রতিবাদ।” সুব্রত আরও বলেন, “আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন আমাকে বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের জন্যও আমার এই ক্ষুদ্র প্রয়াস ।” তিনি আরো বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে সাহিত্যসেবী হিসাবে পাবলিক লাইব্রেরিতে তাঁর এই নিয়োগে তিনি অভিভূত। আটলান্টিক সিটির পাবলিক লাইব্রেরিগুলোতে বাংলা বই ও বাংলা সাহিত্যের প্রসারে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জেষ্ঠ্য সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।
কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন। তিনি ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোকমেশন”, সাবেক নিউজার্সি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউন এর কাছ থেকে “সিনেট কমেনডেসন” লাভ করেছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পত্র-পত্রিকায় ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে।
তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এর কার্যকরী কমিটিরও সদস্য। তিনি আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর সহ সভাপতির পদ অলংকৃত করছেন।
সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির নির্বাচিত কমিটি পারসন।
সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেটস প্রেস এজেন্সির একজন গর্বিত সদস্য। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি