আজ ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন


অনলাইন ডেস্ক : আজ ২৯ আগস্ট প্রয়াত ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের ৫৪তম জন্মদিন। ২০০৯ সালে তাঁর মৃত্যুর পর থেকে প্রতিবছর সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যাকসনের জন্মদিনের উত্সব উদযাপন করা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এবারও নানা আয়োজনে প্রিয় তারকাকে স্মরণ করছে পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত ভক্ত। মৃত্যুর পর সংগীতের ইতিহাসে জনপ্রিয়তার হিসাব-নিকাশ অনেকটাই পালটে দিয়েছেন মাইকেল জ্যাকসন; গড়েছেন নিত্যনতুন সব রেকর্ড। ২০০৯ সালের ২৫ জুন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার পর সে বছর সর্বাধিক বিক্রীত অ্যালবামের শিল্পী হিসেবে আবির্ভূত হন জ্যাকসন। মৃত্যুর এক বছরের মাথায় কেবল যুক্তরাষ্ট্রেই তাঁর অ্যালবাম বিক্রি হয় ৮.২ মিলিয়ন কপি; আর বিশ্বজুড়ে বিক্রি হয় ৩৫ মিলিয়ন। মৃত্যুর পর গান ডাউনলোডের ইতিহাসেও রেকর্ড গড়েন ‘পপ কিং’। মাত্র এক সপ্তাহে পয়সা খরচ করে জ্যাকসনের ১০ লাখ গান ডাউনলোড করে তাঁর ভক্তরা। এর আগে এত কম সময়ে আর কোনো শিল্পীর এত বেশিসংখ্যক গান ডাউনলোড হয়নি। জ্যাকসনের মৃত্যুর পর তাঁর নির্বাচিত গান নিয়ে প্রকাশিত তিনটি অ্যালবাম এত বেশি বিক্রি হয় যে, কোনো জনপ্রিয় শিল্পীর নতুন অ্যালবামও এত বিক্রি হয়নি। এ ছাড়া, এক বছরে সর্বাধিক বিক্রীত সেরা বিশের তালিকায় জায়গা করে নেয় জ্যাকসনের চার-চারটি অ্যালবাম। যুক্তরাষ্ট্রের সংগীতের ইতিহাসে আর কোনো শিল্পীর ক্ষেত্রে এমনটা ঘটেনি। ২০১৫ সাল পর্যন্ত জ্যাকসনের গানের পরিবেশক সংস্থা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিল সনি মিউজিক। কিন্তু পপ কিংয়ের মৃত্যুর পর তাঁর গানের বিক্রি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২০১০ সালে জ্যাকসন এস্টেটের সঙ্গে নতুন করে চুক্তি করে সনি মিউজিক। নতুন চুক্তি অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত জ্যাকসনের গানের স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। ২০১০ সালের নভেম্বরে জ্যাকসনের অপ্রকাশিত গান নিয়ে ‘মাইকেল’ শিরোনামের অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয় সনি মিউজিক। অ্যালবামটি মুক্তি পায় ২০১০ সালের ডিসেম্বরে। এর গানগুলোতে জ্যাকসনের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন একন, ফিফটি সেন্ট প্রমুখ। এই অ্যালবামের জন্য জ্যাকসন এস্টেটের সঙ্গে ২৫০ মিলিয়ন ডলারের চুক্তি করে সনি মিউজিক। একক কোনো গায়কের সঙ্গে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি হিসেবে বিবেচিত হয় এটি। ২০১০ সালে ভিডিও গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউবিসফট ‘মাইকেল জ্যাকসন: দ্য এক্সপেরিয়েন্স’ নামের নতুন একটি ভিডিও গেমস বাজারে আনার ঘোষণা দেয়। ২০০৫ সালে চাঁদে ১২০০ একরের প্লট কিনেছিলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। তাঁর মৃত্যুর পর চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নাম পরিবর্তন করে ‘মাইকেল জোসেফ জ্যাকসন’ রাখা হয়। জ্যাকসনকে সম্মান জানাতেই এমনটা করেছিল দ্য লুনার রিপাবলিক সোসাইটি। ২০১০ সালে থিয়েটার কোম্পানি সিরক ডা সোলেইল ঘোষণা দেয় পরের বছর লাস ভেগাসে ‘মাইকেল জ্যাকসন: দ্য ইমমরটাল ওয়ার্ল্ড ট্যুর’-এর আয়োজন করার। ৯০ মিনিটের এই প্রযোজনার পেছনে বিপুল অর্থ ব্যয়েরও ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ঘোষণা অনুযায়ী ২০১১ সালে জ্যাকসনের জনপ্রিয় গান আর নাচের মুদ্রা দিয়ে সাজানো হয় প্রযোজনাটি। এতে অংশ নিয়েছিলেন ৬৫ জন শিল্পী। সব মিলিয়ে এই প্রযোজনার পেছনে ব্যয় হয়েছিল ৫৭০ মিলিয়ন ডলার।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests