ইউনূসের রিট খারিজ আপিলের প্রস্তুতি
ইউএসএনিউজ ডেস্ক: আইনি লড়াইয়ে হেরে গেলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তার অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা দু’টি রিট খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তার অপসারণ আদেশেরও বৈধতা দেয়া হয়েছে। টানা তিন দিনের শুনানি শেষে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন। ওদিকে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে আপিল করা হবে। গতকাল রাতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন মানবজমিনকে একথা জানান। তিনি বলেন, আমরা আদালতের আদেশের বিরুদ্ধে আজ আপিল বিভাগেও আবেদন করবো। বাংলাদেশ ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের আদেশ দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেন ইউনূস। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। গত তিন দিন এই রিট দু’টির ওপর শুনানি শেষে গতকাল বিকাল তিনটা ১০ মিনিটে আদালত চূড়ান্ত আদেশ দেন। আদেশ দেয়ার সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না। বেলা ২টায় আদালত আদেশ দেয়া শুরু করেন। আদালতের আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা লঙ্ঘন করে ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাই তাকে অপসারণ করতে বাংলাদেশ ব্যাংক যে আদেশ দিয়েছে তা বৈধ। রায় ঘোষণাকালে আদালত বলেন শুনানিতে অংশ নেয়া ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এডভোকেট মাহমুদুল ইসলাম এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম- এই চার জনের বক্তব্য শুনে আদালতের প্রতীয়মান হয়েছে- ১৯৯৯ সালে ড. ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হয়। ওই বছর ব্যাংকের বোর্ড সভায় ইউনূসকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, আইনের দৃষ্টিতে তার কোন ভিত্তি নেই। আদেশে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ ধরনের অপসারণের আদেশ দেয়ার এখতিয়ার রাখে। আদালতের আদেশের পর এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের বিষয়ে পাঠানো বাংলাদেশ ব্যাংকের দু’টি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ওই চিঠি দু’টি বৈধ বলে গণ্য হবে। তিনি জানান, গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স অনুযায়ী ড. ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। বিধি অনুযায়ী তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়ার সময় আগের শর্তের ব্যত্যয় হলে তা বাংলাদেশ ব্যাংককে অবহিত করে অনুমোদন নেয়ার কথা। এক্ষেত্রে এ ধরনের অনুমোদন না নেয়ায় আদালত ড. ইউনূসের অপসারণকে বৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন। অন্যদিকে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদেশের বিষয়ে সাংবাদিকদের বলেন, আজ বাংলাদশের মানুষের জন্য একটি দুঃখের দিন। বাংলাদেশ ব্যাংকের একটি অবৈধ নোটিশকে আদালত আজ বৈধতা দিয়েছেন। গত কয়েকদিন শুনানির সময় আমরা যে আশঙ্কা করেছিলাম, আজ রিট খারিজের মধ্য দিয়ে তা সত্য প্রমাণিত হলো। তিনি বলেন, তিন দিন শুনানির পর যে আদেশ দেয়া হয়েছে তা অদভূত, অকল্পনীয় ও অস্বাভাবিক ব্যাপার। আদেশের ওপর রিট করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে ড. ইউনূসের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, গত বুধবার সকালে আদালতে উপস্থিত হয়ে প্রথম রিটটি করেন ড. ইউনূস নিজে। দ্বিতীয় রিটটি করেন গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক। ইউনূসের পক্ষে রিট করেন ব্যারিস্টার সারা হোসেন, অন্য রিটটি করেছিলেন এডভোকেট মুস্তাফিজুর রহমান। ওই রিটের ওপর ড. ইউনূসের পক্ষে ড. কামাল হোসেন ও সরকার পক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। ওইদিন শুনানি শেষে আদালত জানিয়েছিলেন, রোববার রিটের আদেশ দেয়া হবে। রোববার সকালে ড. ইউনূসের আইনজীবীরা পৃথক একটি সম্পূরক আবেদন করেন আদালতে। এই আবেদনে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে অর্থমন্ত্রীকে দেয়া চিঠির বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এদিন এডভোকেট মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ দু’দফা শুনানিতে অংশ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তব্য অসমাপ্ত থাকায় এ বিষয়ে শুনানির জন্য পরের দিন সময় চান রোকন উদ্দিন মাহমুদ। সোমবার চূড়ান্ত শুনানিতে রোকন উদ্দিন মাহমুদ ও এটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন। শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশ দেয়ার কথা জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes