ওবামার ভারত সফরে ঘণ্টায় খরচ ১৫ লাখ রুপি, সঙ্গে আসবে ৪০ বিমান ৬ সাঁজোয়া গাড়ি
|
পরিতোষ পাল, ভারত থেকে: বারাক ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সবচেয়ে বড় বহর নিয়ে ভারত সফরে আসছেন আগামী ৬ই নভেম্বর। তার তিন দিনের সফরে সঙ্গী হিসেবে আসছেন নিরাপত্তা বাহিনীর একটা বড় দল,
পরামর্শদাতা, টেকনিশিয়ান, বাবুর্চিদের একটি দল, ব্যবসায়ীদের একটি দল এবং মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। একমাত্র ব্যতিক্রম এবার কোন পররাষ্ট্র সচিব প্রেসিডেন্টের সফরসঙ্গী হচ্ছেন না। এমনকি হিলারি ক্লিনটনও প্রেসিডেন্টের সফরের সময় ভারতে আসবেন না। ডেইলি মেইল জানিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে আসছে ৪০টি বিমান ও ৬টি বিশেষভাবে তৈরী সাঁজোয়া গাড়ি। ভারতে প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্দিষ্ট ক্যাডিলাক গাড়িটিতে রয়েছে আধুনিকতম যোগাযোগ ব্যবস্থা, যাতে প্রেসিডেন্ট গাড়িতে বসেই যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউস এবং স্ট্র্যাটেজিক কমান্ডের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এদিকে মার্কিন গোয়েন্দাদের একটি বড় দল ভারতে এসে প্রেসিডেন্ট যেসব জায়গায় থাকবেন তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওবামা মুম্বইয়ে যে তাজ ও দিল্লিতে মৌর্য হোটেলে থাকবেন সেখানে খরচ হবে প্রতিদিনের জন্য দেড় থেকে দু’ কোটি রুপি। আর ওবামার ভারত সফরে প্রতি ঘণ্টায় খরচ হবে প্রায় ১৫ লাখ রুপি। সফরের সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্রে এই সব তথ্য জানা গেছে। ওবামার সফরের দু’দিন আগে থেকেই মুম্বইয়ের তাজ ও নয়া দিল্লির মৌর্য হোটেলে বাইরের অতিথিদের থাকা নিষিদ্ধ করা দেয়া হয়েছে। শুধু এই দু’টি হোটেলই নয়, আশপাশের অন্যান্য হোটেল মিলিয়ে মোট ৭৬০টি ঘর বুক করে রাখা হয়েছে। তবে প্রেসিডেন্ট যে দু’টি হোটেলে থাকবেন সেখানে তার নিজস্ব কর্মী ছাড়া থাকবেন এফবিআই ও সিআইএ’র দক্ষ অফিসার ও গোয়েন্দারা। অন্যান্য সফরসঙ্গী থাকবেন আশপাশের হোটেলে। তবে দিল্লিতে মৌর্য হোটেলের ৪৪০টি ঘরই ৫ই নভেম্বর থেকে ওবামার চলে যাওয়া পর্যন্ত বুক করে রাখা হয়েছে। এখানে প্রেসিডেন্ট সস্ত্রীক থাকবেন ৭ ও ৮ই নভেম্বর। ভারতে ওবামার নিরাপত্তার জন্য দিল্লি ও মুম্বইয়ে ৫ হাজার করে পুলিশ কর্মীকে নিয়োজিত করা হয়েছে। এছাড়া আধা সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আকাশপথে নজরদারির পাশাপাশি প্রেসিডেন্ট যে হোটেলে থাকবেন এবং যে পথে যাতায়াত করবেন তার উপর দিয়ে কোন বিমান উড়তে দেয়া হবে না। এমনকি তিনি যে পথে যাতায়াত করবেন সেই পথে এবং আশপাশের সব রাস্তা দীর্ঘ সময় ধরে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ওবামার নিরাপত্তার প্রথম তিন পর্যায়ের দায়িত্বে থাকবেন মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা কর্মীরা। শুধু বাইরের পর্যায়ের নিরাপত্তার দেখভাল করবে মুম্বই ও দিল্লির পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা স্নাইপার ডগের পাশাপাশি ভারতীয় স্নাইপার ডগের দলটি প্রেসিডেন্টের হোটেলের আশপাশের ছাদে বিশেষ পাহারায় নিযুক্ত থাকবে। অন্যদিকে, প্রেসিডেন্টের সফরসঙ্গীরা কেনাকাটার জন্য বাজারে যেতে ইচ্ছা প্রকাশ করেছেন জেনে রাজধানীর ১৫টি বড় বড় বাজার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন থেকেই বাজারগুলোতে নিরাপত্তা বাহিনীর টহল শুরু হয়েছে। মার্কিন গোয়েন্দারাও বাজারগুলো পরিদর্শন করেছেন।
|
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature