ওবামার সংস্কার রুখতে রিপাবলিকানদের অঙ্গীকার:ভবিষ্যৎ নারী প্রেসিডেন্টের ইঙ্গিত দিলেন হিলারি

এএফপি:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চলমান অর্থনৈতিক সংস্কার রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান নেতারা। সে দেশে কংগ্রেসের সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ইতিবাচক সফলতা অর্জনের পর দলীয় নেতারা এ অবস্থান নেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রণীত স্বাস্থ্য বীমাকে ইস্যু করে ডেমোক্র্যাটদের হারানোর জন্য রিপাবলিকানরা প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দলের পরাজয়কে সে দেশের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন। নিউজিল্যান্ড সফররত হিলারি গতকাল বলেন, ‘ভবিষ্যতে একজন নারী প্রেসিডেন্টকে গ্রহণ করার ব্যাপারে হোয়াইট হাউসকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।’
রিপাবলিকান নেতাদের কঠোর অবস্থানের বিপরীতে ওবামা সতর্ক করে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে যদি দুই দল তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়ে, তাহলে আগামী দুই বছর দেশের জন্য ইতিবাচক কোনো কিছুই আমরা করতে পারব না।’ ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির কংগ্রেসের শীর্ষ নেতাদের আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। অভিন্ন ইস্যুতে দুই দল কীভাবে কাজ করতে পারে, তা নির্ধারণ করতে ওবামার এ প্রয়াস বলে জানা গেছে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি বৈঠকে বসেন। পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটনের রাজনীতির গতিপথ নিয়ে সেখানে আলোচনা হয়।
ওবামার এ উদ্যোগ রিপাবলিকান নেতাদের জন্য কতটুকু কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। রিপাবলিকান নেতারা ইতিমধ্যে সরকারের ব্যয় বৃদ্ধি এবং স্বাস্থ্য বীমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা এবং নতুন মেয়াদের সম্ভাব্য স্পিকার জন বোয়েহনার বলেন, ‘মানুষের কল্যাণ নিয়ে আমাদের সঙ্গে তিনি কাজ করতে ইচ্ছুক কি-না, এ ব্যাপারে অবশ্যই ওবামাকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায়, তার প্রতি মানুষের প্রত্যাখ্যান অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘ওবামার সঙ্গে বৈঠকে শুধু আমরা ফটোসেশনে যাব না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন-যাপনের উন্নতি নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করতে চাই।’
সিনেটের রিপাবলিকান নেতা মিটচ ম্যাককন্নেল বলেন, ‘স্বাস্থ্য বীমা সংস্কারের কর্মসূচি বাতিল করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব।’ তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে ওবামার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ রুদ্ধ করাই হচ্ছে রিপাবলিকানদের প্রধান লক্ষ্য। ব্যয় হ্রাস নিয়ে রিপাবলিকানদের সঙ্গে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ করা নিয়ে ওবামার মুখপাত্র রবার্ট গিবস ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ধনীদের সাময়িক কর হ্রাস করার ব্যাপারে ওবামা প্রশাসনের সঙ্গে রিপাবলিকানরা কাজ করতে পারে। তবে জন বোয়েনার এ ধরনের ইস্যু নিয়ে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
এদিকে নিউজিল্যান্ড সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের হারকে সে দেশের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন। তার স্বামী বিল ক্লিনটনও মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হন বলে তিনি উল্লেখ করেন। গতকাল নিউজিল্যান্ডের টেলিভিশন চ্যানেল টিভি-থ্রিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন থেকেই একজন সম্ভাব্য নারী প্রেসিডেন্ট গ্রহণ করার ক্ষেত্রে হোয়াইট হাউসকে প্রস্তুতি নেওয়া উচিত। তবে ওই স্থানে নিজের সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, ‘কংগ্রেসে যোগ্য লোকদের এমনভাবে পরাজয় নিঃসন্দেহে কষ্টদায়ক। কিন্তু, এটিই আমাদের দেশের রাজনৈতিক নিয়মের অংশ। ১৯৯৪ সালের মধ্যবর্তী নির্বাচনে আমার স্বামী বিল ক্লিনটনও এ ধরনের পরাজয়ের
মুখোমুখি হন।’
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি