ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ইন্তেকাল, নিউইয়র্কে প্রথম জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায় : দেশে মরদেহ পরিবহনের অনুমতি দেয়া হবে-কনসাল জেনারেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে কিডনী এবং ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই খোকার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশে। যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভূইয়া জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে খোকার মরদেহ নেয়া হয়েছে ব্রুকলীনে মুসলিম ফিউনারেল হোমে। সেখানে রয়েছেন তার স্বজনেরাও। এশা নামাজের পর নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে।
বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বাংলাদেশে পরিবহনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।
তিনি বলেন, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকেও ট্র্যাভেল ডকুমেন্ট দেয়া হবে। এ নিয়ে কোন সমস্যা হবে না।
তাঁর মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তাঁর মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে মির্জা ফখরুল মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। ক্যান্সার চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে আসেন খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই নেতা। গত ১৮ই অক্টোবর সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি করা হয় খোকাকে। গত ২৮ অক্টোবর সোমবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
সাদেক হোসেন খোকার জন্ম ১৯৫২ সালের ১২ই মে। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গেরিলা যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর করেন তিনি। আশির দশকে বামপন্থি রাজনীতি ছেড়ে আসেন বিএনপিতে। ওই সময় নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয় থেকে এরশাদবিরোধী আন্দোলনের সূচনা করে সাতদলীয় জোটের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই অন্দোলনে ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পেয়েছিলেন খোকা। ১৯৯০ সালে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পুরান ঢাকার মানুষের মনে আস্থার জায়গা করে নেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে (সূত্রাপুর-কোতোয়ালি) শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এ সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন। দিনে দিনে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। ঢাকার রাজনীতিতে খোকা ফ্যাক্টর হয়ে ওঠেন। পরে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে প্রায় পাঁচ বছর একক নেতৃত্ব দিয়ে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী হন। ওই সময় পুরান ঢাকায় বিএনপির রাজনীতিতে নিজস্ব বলয় তৈরির পাশাপাশি প্রতিটি থানা ও ওয়ার্ডে দলকে শক্তিশালী করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর আগে ১৯৯৪ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের কাছে পরাজিত হন মির্জা আব্বাস। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ অন্যান্য বিরোধীদল কঠোর আন্দোলন শুরু করলে ঢাকায় বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। এ অবস্থায় খোকাকে ১৯৯৬ সালে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। ২০০২ সালের ২৫শে এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকার মেয়র ছিলেন তিনি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests