সোহেল তাজের পদত্যাগের পর শূন্য গাজীপুর-৪ উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাজউদ্দিন কন্যা রিমি
![]() |
মুজিবুর রহমান/এম. আসাদুজ্জামান সাদ, কাপাসিয়া ও গাজীপুর : তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর শূন্য গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ- নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন তারই বোন প্রাবন্ধিক সিমিন হোসেন রিমি। উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা গতকাল শুক্রবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে তফসিল ঘোষণার পর গতকাল সম্ভাব্য ১২ জন প্রার্থীর মধ্যে অনেকে এলাকায় গণসংযোগ করেছেন। আবার কেউ কেউ দলীয় মনোনয়ন লাভের আশায় লবিং- তদবির করতে ঢাকায়। উপজেলার সাড়ে ৪ লাখ মানুষের অভিভাবক হতে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন অথবা কাকে দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে এ নিয়ে উপজেলার সর্বত্র গুঞ্জন চলছে।
গত ৭ জুলাই সোহেল তাজের পদত্যাগের কারণে উক্ত আসন শূন্য ঘোষণার পর কাপাসিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে যারা বিগত প্রায় দেড় মাস উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়েছেন তারা হচ্ছেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এড. আফসারউদ্দিন আহম্মদ খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মোমতাজউদ্দিন মেহেদী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান মোল্লা, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, মাহমুদুল আলম খান বেনু, গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান চৌধুরী পিন্টু, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ সরকার, বঙ্গবন্ধু ল’ কলেজের অধ্যক্ষ ড. মিয়া মোঃ আনোয়ার হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ ও মিলন সরকার।
তারা এলাকায় এবং গণসংযোগ ও শোডাউন এবং তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন লাভের আশায় লবিং-তদবির করার জন্য ঢাকায় অবস্থান করছেন।
তাজউদ্দিন আহমদের পরিবারের প্রতি কাপাসিয়াবাসীর রয়েছে বিপুল শ্রদ্ধা ও ভালোবাসা। উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাই চান এই পরিবারের কেউ প্রার্থী হয়ে আসুক। এ পরিবারের কেউ আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী হয়ে এলে আগের সবকিছু ভুলে মানুষ তাকেই বেছে নেবে। সোহেল তাজের বোন প্রাবন্ধিক সিমিন হোসেন রিমি স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত আছেন। বিরোধীদল এ নির্বাচনে না আসায় ধারণা করা হচ্ছে তিনি এলে নির্বাচনে জয় নিশ্চিত, এমনকি কোন বিদ্রোহী প্রার্থী না থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। তবে তিনি নিজে এখনো প্রার্থী হবার আগ্রহ ঘোষণা করেননি। গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড. মোঃ আমানত হোসেন খান, সোহেল তাজের সাবেক এপিএস আবু কাউছার এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লা গতকাল বিকালে জানান, বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঐ পরিবারের সাথে আলাপ-আলোচনা হয়েছে। তাই আসন্ন উপ-নির্বাচনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতকে শ্রদ্ধা জানিয়ে তাজউদ্দিন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দিনের মেয়ে সিমিন হোসেন রিমি প্রার্থী হতে পারেন। আওয়ামী লীগের সিনিয়র এক নেতা জানান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন পরিবারের প্রতি অনেক সংবেদনশীল। শেষ মুহূর্তে তিনি এ আসনে দলীয় মনোনয়ন দেয়ার ভার সৈয়দা জোহরা তাজউদ্দিনের উপর ছেড়ে দিতে পারেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমি দলের প্রার্থী হচ্ছেন, এমন খবর ছড়িয়ে পড়লে গতকাল সন্ধ্যায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গাজীপুর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খানের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের মিছিলটি কাপাসিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
