নিউইয়র্কে মেডিকেইডের ১১ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে হোপটন সিইও রুবানি গ্রেপ্তার, সব অফিস বন্ধ : বাংলাদেশিরা বিপাকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মেডিকেইডের ১১ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে স্বাস্থ্যসেবা কোম্পানি হোপটনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারাহ রুবানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫১ বছর বয়সী ফারাহ রুবানি একজন পাকিস্তানি আমেরিকান। ইতিমধ্যে তার বাড়ি-গাড়িসহ সব সম্পদ জব্দ করা হয়েছে। তার স্বামী রিচার্ড ট্রিকারিও ৫০ প্রিসিংটের একজন পুলিশ কর্মকর্তা।
এদিকে হোপটন বন্ধ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এর প্রভাব পড়েছে। এ কোম্পানিতে কর্মরত অনেক বাংলাদেশি গত চার সপ্তাহ ধরে বেতন পাচ্ছেন না। তারা ট্যাক্স ফাইলের জন্য ডব্লিউ-২ পাবেন কি না তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।
নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে দায়ের করা সিভিল স্যুটে বলা হয়েছে, ফারাহ রুবানি এবং তার অংশীদাররা শিশুদের (অটিস্টিক বা ডিজেবল) জন্য হোম কেয়ারের নামে নিউইয়র্ক স্টেট মেডিকেইড থেকে বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন। অথচ দেখা গেছে কোনো শিশুকেই তারা হোম কেয়ার দেননি। যে শিশুদের সেবা দেওয়ার কথা বলে তারা অর্থ তুলে নিয়েছেন সেই শিশুদের মা-বাবাকে অর্থ দিয়ে মুখ বন্ধ রাখা হয়েছিল।
এ নিয়ে দেশটির অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, ম্যানহাটন সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এই প্রকল্প থেকে রুবানি একাই চার মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে আদালতে প্রথম ডিগ্রির ‘গ্র্যান্ড লার্সেনির’ অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, হোপটনের সব কার্যালয় এখন বন্ধ রয়েছে। এ কোম্পানিতে কর্মরতরা প্রায় প্রতিদিনই নিজেদের বেতনের জন্য অফিসে যোগাযোগ করছেন। কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। হোপটনের বিরুদ্ধে হেলথ ফাস্ট ইন্স্যুরেন্স কোম্পানিও ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
হোপটনের ব্রঙ্কসের স্টারলিংয়ে কর্মরত বাংলাদেশি হাবিবুর রহমান বলেন, ‘আমি এ কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর পর্যন্ত কাজের চেক পেয়েছি। এখন চার সপ্তাহের চেক বাকি আছে। এ চেক আমরা কার কাছে থেকে পাবো জানি না। আমার মতো অনেক বাংলাদেশি এ সমস্যায় রয়েছেন।’
হোপটনের ব্রুকলিনের কনি আইল্যান্ডে কর্মরত বাংলাদেশি আবদুল হাই বলেন, ‘আমি চার সপ্তাহ ধরে বেতন পাই না। আমাদের কাজ আদৌ আছে কি না সেটিও জানি না। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছি ট্যাক্স ফাইল করার জন্য ডব্লিউ-২ পাব কি না তা নিয়ে?’ তিনি আরও বলেন, ‘শুধু আমি নয়, আমার মতো অনেক বাংলাদেশি একই সমস্যায় রয়েছেন।’
নিউইয়র্কের একাধিক সূত্রে জানা যায়, হোপটন অন্য কোম্পানির চেয়ে বেশি অর্থ দিয়ে কর্মচারী নিয়োগ করতো। এ কারণে কোনো কিছু চিন্তা না করেই বাংলাদেশিসহ অনেক প্রবাসী এ কোম্পানির লোভনীয় অফারে যোগ দিতেন। এ ছাড়া কোম্পানিতে কর্মচারীদেরও বেশি শ্রম দিতে হতো না, কারণ ফারাহ রুবানি ওই কর্মচারীদের সামান্য কিছু অর্থ দিয়ে অনেক বেশি কর্মঘণ্টা দেখিয়ে পুরো অর্থগুলোই আত্মসাৎ করতেন।
হোপটন বন্ধ এবং ফারাহ রুবানি গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এ নিয়ে নানা আলোচনা চলছে। বাংলাদেশিদেরও এ ধরনের কাজ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেকেই।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে