নিউইয়র্কে দুই ছিনতাইকারিকে ধরে পুলিশে দিলেন বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভাররা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সম্মিলিত প্রতিরোধে সংঘবদ্ধ ছিনতাইকারিদের ধাওয়া করে ছিনতাইকৃত ফোন উদ্ধারের পাশাপাশি দুই দুর্বৃত্তকে পুলিশে দিলেন বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভাররা। ২৫ জুলাই বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে লেক্সিংটন এভিনিউ এবং ২৮ স্ট্রিটে বিশ্রামরত ড্রাইভারদের এ ভ’মিকার প্রশংসা করছেন এলাকাবাসীসহ ভিনদেশী পথচারিরাও।
উবার চালক আমিনুর রহমান রাজ এ সংবাদদাতাকে জানান, ৫ তরুণীসহ ১০/১২ জন তরুণের দল মধ্যরাতে রাস্তায় নামে। ওরা ট্যাক্সি ড্রাইভারসহ পথচারিদের ফোন, নগদ অর্থ ছিনতাই করে। নির্জন স্থানে ওরা ওৎপেতে থাকে। আজ আক্রান্ত হয়েছিলেন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার আহসান হাবিব (৪৪)। থার্ড এভিনিউ এবং ২৮ স্ট্রিটে তাকে এক তরুণ ধাক্কা দেয় প্রচন্ড বেগে। রাস্তায় পড়ে কিছুটা আহত হলেও নিজেকে সামলে নিয়ে নিকটস্থ ক্বারি এ্যান্ড হারি রেস্টুরেন্টের দিকে দৌড় দেন তিনি। সেখানে ২০/২৫ জন ট্যাক্সি ড্রাইভার আড্ডা দিচ্ছিলেন। আহসানের কাছে সবকিছু শুনে তারা সকলকে দলবদ্ধ হবার আহবান জানান। এক ছিনতাইকারি আহসানের পিছু নিয়েছিল, প্রথমে তাকে পাকড়াও করা হয়। এরপর আরো কয়েক ছিনতাইকারি তেড়ে আসে ওকে ছাড়িয়ে নিতে। কিন্তু ট্যাক্সি ড্রাইভাররা নারাজ। এক পর্যায়ে আরেকজনকে জাপটে ধরেন বাংলাদেশীরা। এরইমাঝে ফোন করা হয় ৯১১ এ। পুলিশ আসার আগেই সকলে ধাওয়া করেন ছিনতাইকারি-দুর্বৃত্তদের। এ অবস্থায় ঐ এলাকার বাসিন্দারাও বাসা/এপার্টমেন্ট থেকে বের হন। শতশত মানুষের উপস্থিতিতে সবকিছু থমকে দাড়ায়। দু’জন বাদে অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হয়। পুলিশ এসে ঐ দু’জনকে হাতকড়া পরায় এবং আশপাশে থেকে আরো অনেকে তাদের শনাক্ত করেন যে, গভীর রাতে ওরা রাস্তায় নামে এবং ছিনতাই করে। এ সময় নিকটস্থ সাবওয়ে থেকে আসা এমটিএর একজন মহিলা স্টাফও পুলিশকে অভিযোগ করেন যে, তার বুথেও ছিনতাইয়ের চেষ্টা করে এই দুর্বত্তরা। আরেকজনের ফোন ছিনতাই করেছিল। তা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের কাছে থেকে।
রাজ আরো জানান, স্প্যানিশ এবং কৃষ্ণাঙ্গরা সংঘবদ্ধ হয়ে ছিনতাই করে। এটি বেশ কয়েক সপ্তাহ যাবত ঘটছে। এবার সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানোয় ওদের প্রতিহত করা সম্ভব হলো। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই দুর্বৃত্তের মাধ্যমে অন্যদের পাকড়াওয়ের চেষ্টা করছে নিউইয়র্কের পুলিশ। উল্লেখ্য, লেক্সিংটন এভিনিউ এবং ২৮ স্ট্রিট এলাকার রেষ্টুরেন্টগুলো হচ্ছে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারদের আড্ডার অন্যতম স্থান। পরিশ্রান্ত ড্রাইভাররা জড়ো হয়ে কিছুক্ষণের জন্যে সেখানে আড্ডা দেন অথবা ফোনে স্বজনের খোঁজ-খবর নেন। মধ্যরাতে বাংলাদেশী ট্যাক্সি চালকদের এই সাহসিকতার প্রত্যক্ষদর্শী বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন এ সংবাদদাতাকে জানান, রুখে দাঁড়াতে তাৎক্ষণিক এই বুদ্ধিমত্তাকে জাগ্রত রাখতে হবে সর্বত্র। কারণ, দুর্বৃত্তরা দুর্বল ভেবেই টার্গেট করে। আক্রান্ত ক্যাবি অথবা পথচারির পাশে দাঁড়ালে ছিনতাইকারিরাও ঘাবড়ে যাবে এবং অনেক অঘটন থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল