নিউইয়র্কে ৩ দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা
এনা, নিউইয়র্ক : নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেন, ‘প্রতি দশকে বাংলাদেশের জিডিপি দ্বিগুণ হচ্ছে। জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হবে। আর এজন্যে দরকার দৃঢ় মনোবল। তাই আমাদের অন্তরের ভেতরে যদি কোন অপশক্তির ছাপ থেকে থাকে বা আবর্জনা জমে থাকে তাহলে তা ছুড়ে ফেলে দিতে হবে।’ ‘অন্তরে বাধা থাকলে বাইরের বাধা ভয়ংকর হয়ে উঠে’-যোগ করেন আতিউর। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অতীত অত্যন্ত সুন্দর ও শক্তিশালী। তাই আগামী আরো উজ্জ্বল হবে।’ গভর্ণর আরো বলেন, ‘বাঙালির প্রেরণার উৎস হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব।’
বাঙালির ইতিহাস-ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে লালনের প্রত্যয়ে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি স্কুল মিলনায়তনে মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক ৩ দিনের এ বাংলা উৎসব ও বইমেলার শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

এরপর উপস্থিত লেখক-সাহিত্যিক-সমাজকর্মীরা সমবেতভাবে মঙ্গলপ্রদীপ জ্বালান। শুরু হয় শুভেচ্ছা বক্তব্যের পালা। শামসুজ্জামান খান তার বক্তব্যে বলেন, ‘সুদূর এ প্রবাসে বাংলা সংস্কৃতি প্রসারে এই বইমেলার বহুমাত্রিক ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, বিগত ২০ বছর যাবত এই বইমেলার আয়োজন করে প্রবাসীরা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের গভীর শ্রদ্ধাবোধের বহি:প্রকাশ ঘটালেন।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন। তিনি আন্তর্জাতিক ফোরামে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সরকারের নিরন্তর প্রয়াসের তথ্য উপস্থাপন করেন।
এ সময় একাত্তরে মুক্তিযুদ্ধের সমর্থনে আমেরিকায় অসাধারণ ভূমিকা পালনের জন্যে রিচার্ড টেইলরকে সম্মাননা প্রদান করা হয়। এটি হস্তান্তর করেন আরেক মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী। উল্লেখ্য, এই বইমেলায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের চিত্র প্রদর্শনী হবার কথা ছিল। এজন্যে একটি কক্ষও তৈরী ছিল। কিন্তু আকস্মিকভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সকলে হতাশ হয়েছেন। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে ম্যানহাটানের বেলভ্যু হাসপাতালে হুমায়ূনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সাহায্যে সুস্থ করার চেষ্টা চলছিল বলে আয়োজকরা জানান।
বাংলা উৎসবের শুভ সূচনা ঘটে প্রচন্ড গরমের মধ্যেই বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে। এতে বইমেলার অতিথি ছাড়াও যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সদ্য সমাপ্ত তৃতীয় এবিসি কনভেনশনের প্রতিষ্ঠাতা আহবায়ক সাঈদ-উর-রব, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ অংশ নেন। বাংলা উৎসব কমিটির আহবায়ক নাসিমুন্নাহার নিনি সকলকে স্বাগত জানান এবং ৩ দিনের সমগ্র অনুষ্ঠানমালায় সকলের আন্তরিক সহায়তা কামনা করেন। ৩ দিনের অনুষ্ঠানমালায় রয়েছে বই ও বাংলাদেশী পণ্যের স্টল, কবিতা আবৃত্তি, সাহিত্য সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটকের আলোচনা, পরিবেশ বিষয়ক সেমিনার, মূলধারার রাজনীতিতে বাংলাদেশীরা, গানের কর্মশালা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বাংলা বইমেলায় ভিন্ন ভাষার কবিতা, প্রমিত বাংলার ব্যবহার সম্পর্কিত আলোচনা, নাটক, সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests