নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক পত্রিকা সম্পাদকদের বৈঠক
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিকসমূহের সম্পাদকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নির্মাণ এবং চলমান পরিস্থিতিতে প্রবাস থেকে পত্রিকা প্রকাশনার সমস্যা ও এই সমস্যা নিরসনে করণীয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় গত ০৩-মার্চ মঙ্গলবার উডসাইডের অনন্ত ঢাকা ক্লাবে। বৈঠকে উপস্থিত ছিলেন সাপ্তাহিক এখন সময় সম্পাদক শামসুল হক, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা-টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. এম. ওয়াজেদ খান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ মুসা ও প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ। সাপ্তাহিক বিজয় সম্পাদক শরীফ শাহাবুদ্দিন কাজের জন্য বৈঠক শুরুর আগেই বৈঠকের সাথে একাত্মতা ঘোষণা করে চলে যান।
বৈঠকে সম্পাদকবৃন্দ নিজ নিজ দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতার আলোকে প্রবাস থেকে পত্রিকা প্রকাশের বিভিন্ন দিক নিয়ে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করে বক্তব্য রাখেন। ডা. চৌধুরী সারওয়ারুল হাসান প্রায় বিশ বছর সাংবাদিকতার সাথে জড়িত থেকে শিকদার হুমায়ূন কবীরের দেশে ফিরে যাওয়াকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে বলেন, প্রবাসে সাংবাদিকতাকে সম্মানজনক পেশা হিসেবে দাঁড় করাতে হলে সব পত্রিকার সম্মিলিত উদ্যোগে বিজ্ঞাপণের পেমেন্ট এডভান্স পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি পুল সিস্টেমে বিজ্ঞাপণ সংগ্রহ করে তা বিভিন্ন পত্রিকায় বিতরণের প্রস্তাব দেন। কৌশিক আহমেদ বলেন, আজ কমিউনিটির ব্যবসা বাণিজ্যে প্রসার, সংস্কৃতিচর্চার বিকাশ, সামাজিকসহ অন্যান্য সংগঠনসমূহের কর্মকান্ডে প্রাণচাঞ্চল্য, নতুন প্রজন্মের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার পেছনে অভিভাবকদের অনুপ্রাণিত করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এখান থেকে প্রকাশিত বাংলা ভাষার পত্রিকাসমূহ। তাছাড়াও নবাগত ইমিগ্যান্টদের বিভিন্ন তথ্য প্রদান করে দিক নির্দেশনাও দিচ্ছে এইসব পত্রিকা। কিন্তু সেই অবদানকে সেভাবে স্বীকার করতে বা স্বীকৃতি দিতে দেখা যায় না।এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, পত্রিকা কেবল ব্যবসা নয়, সমাজের প্রতিচ্ছবিও।
ডা. ওয়াজেদ খান বলেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ মিশন ও কনস্যুলেট অনেক অনুষ্ঠানের আয়োজন করে। সেসব অনুষ্ঠানের জন্য বাজেটও থাকে। কিন্তু পত্রিকাগুলোতে কোনো বিজ্ঞাপন দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না। ডা. খান বলেন, কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যাদের প্রধান অতিথি বা বক্তা হিসেবে আনা হয় তাদের চেয়ে এখানকার পত্রিকাগুলোর সম্পাদকগণ অনেক বেশি যোগ্যতাসম্পন্ন। কিন্তু তাদের সেই অর্থে সম্মান দেখানো হয় না।রতন তালুকদার প্রবাসের সংবাদপত্র প্রকাশনায় সংকটের কারণ হিসেবে ফ্রি পত্রিকা প্রকাশকে দায়ী করেন। তিনি বলেন, সব পত্রিকাই যদি বিক্রি হয় তাহলে সংবাদপত্র প্রকাশনা সংহত হবে।আবু তাহের বলেন, আমাদের আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী, কমিউনিটি নয়। তিনি বলেন, আমরা যদি ন্যূনতম এথিক্স মেনে চলি তাহলে আমাদের ডিগনিটি ফিরে আসবে। তিনি দোকানে দাঁড়িয়ে ফ্রি পত্রিকা পড়ার সুযোগ না দেয়ার জন্য স্টোর মালিকদের প্রতি অনুরোধ জানান।কাজী শামসুল হক বলেন, সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত লোক না এলে সংবাদপত্র শিল্প ধ্বংস হয়ে যাবে। শুধু সাংবাদিকতা নয়, যে যে কাজই করুন তাকে নিজ পেশায় দক্ষ হতে হবে। তিনি বলেন, আমরা যদি নিজেকে মর্যাদা দিতে না পারি, তাহলে অন্যের কাছেও মর্যাদা পাবো না। এই ধরনের বৈঠককে তিনি আশাব্যঞ্জক বলে উল্লেখ করে বলেন, এক সাথে বসলে পারস্পরিক শ্রদ্ধা বাড়ে এবং অনেক সমস্যা সমাধান সম্ভব।নাজমুল আহসান বলেন, আমাদের নিজেদের সম্মান নিজেদেরই অর্জন করতে হবে। তিনি বলেন, ফ্রি পত্রিকা প্রকাশে আমাদের বাধা দেয়া সম্ভব নয়, এটা যারা প্রকাশ করেন তাদের সিদ্ধান্ত। কিন্তু গ্রোসারী স্টোরগুলো যদি ফ্রি পত্রিকা পেইড পত্রিকার পাশে না রেখে পৃথক স্থানে রাখে সেই ব্যবস্থা করতে হবে।
এই বৈঠকের উদ্যোক্তা জাকারিয়া মাসুদ জিকো বলেন, সম্পাদকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে এবং আমাদের সমস্যা নিয়ে আলাপচারিতার লক্ষ্যে আমরা মুখোমুখি বসার সিদ্ধান্ত নিই। যারা এই বৈঠকে উপস্থিত হয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে মাঝে মাঝে এই ধরনের বৈঠক আয়োজনের পক্ষে অন্য সম্পাদকবৃন্দ সহমত পোষণ করেন। উল্লেখ্য, কেবলমাত্র পত্রিকাসমূহের মালিক সম্পাদকবৃন্দই এতে বক্তব্য রাখেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030