পদ্মা সেতুসহ সব উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের দৃষ্টান্ত অনুকরণীয়

শহীদুল ইসলাম, অরল্যান্ডো (ফ্লোরিডা) থেকে : বাংলাদেশকে উদার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড. আলিসা আয়ার্স বলেছেন, দেশটির ১৬ কোটি মানুষ তাদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এ প্রচেষ্টা অবাহত থাকলে বাংলাদেশ অচিরেই মধ্য আয়ের দেশে পরিণত হবে। তিনি এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এ দুটি প্রতিষ্ঠান বিশ্বের বুকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নয়ন সহযোগী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো কিসিমি ওয়ার্ল্ডগেট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ২৬তম ফোবানা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিন দিনব্যাপী সম্মেলন শেষ হবে হবে আগামী রবিবার। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা এবং চয়নিকা শিল্পী গোষ্ঠী এবারের ফোবানা সম্মেলনের আয়োজক।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলায় দেয়া বক্তব্যে আলিসা আয়ার্স ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বরাত দিয়ে বলেন, বাংলাদেশ সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছে। তিনি নানাবিধ অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, মার্কিন উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের উন্নয়নে প্রায় ২০০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে। আফগানিস্তান ও পাকিস্তানের পর দক্ষিণ এশিয়ার কোনো দেশের উন্নয়নে এটাই সর্বোচ্চ প্রতিশ্রুতি। তিনি বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যারা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষিত বিশ্বস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং মুসলিম দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। এ জন্যই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন গত মে মাসে ঢাকা সফর করেন। তার এই সফর বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ও গভীর বন্ধুত্বপূর্ণ ভূমিকাকে আরো সুদৃঢ় করেছে। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করে এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
২০০৫ সালে সারা দেশে এক যোগে বোমা হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে আলিসা আয়ার্স বলেন, এ ঘটনার পর বিশ্ববাসী মনে করেছিল যে, বাংলাদেশ একটি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু পরবর্তীকালে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করায় সে অবস্থার দ্রুত পরিবর্তন হয়েছে। তিনি বাংলাদেশকে পোশাক শিল্পে বিশ্বের সুপার পাওয়ারের দেশ উল্লেখ করে বলেন, বাংলাদেশ এ খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এটা অনেক দেশের কাছে ঈর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণসহ সকল উন্নয়ন কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। যুক্তরাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে তিনি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি চর্চার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
পরে অনুষ্ঠানের মূল মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন ও কোরান তেলাওয়াতের পর ফোবানা স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান মুরাদ ঠাকুর, আহবায়ক খালেদ খোদা, সদস্য সচিব বাবুল হাই, যুগ্ম আহবায়ক সাইফুল ভুঁইয়া দুলু এবং উপদেষ্টা আজম চৌধুরি ও কিউএম নুরুল ইসলাম। উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটিএন বাংলা এ সম্মেলনের মিডিয়াা পার্টনার।
উল্লেখ্য, একই দিন ফ্লোরিডার মায়ামীর ফোর্টলডারডেল এবং ম্যাসাচুসেটসের বোস্টনে উদ্বোধন করা হয়েছে ফোবানা সম্মেলনের। অন্যদিকে কানাডার টরেন্টোতে আয়োজন করা হয়েছে আরেকটি ফোবানা সম্মেলন।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী