প্রধানমন্ত্রীর প্রতি ১৭ মার্কিন নারী সিনেটর:গ্রামীণ ব্যাংকের অঙ্গীকার ক্ষতিগ্রস্ত হয়, এমন পদক্ষেপ নেবেন না
ইব্রাহিম চৌধুরী, নিউইয়র্ক: গ্রামীণ ব্যাংকের গ্রহণযোগ্যতা ও ঋণগ্রহীতাদের প্রতি এর অঙ্গীকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো পদক্ষেপ না নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ১৭ জন নারী সিনেটর। ২৭ জুন দেওয়া এক বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান। ইতিমধ্যে ১৭ নারী সিনেটরের বিবৃতি চিঠি আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।
বিবৃতিতে ১৭ সিনেটর উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্রামীণ ব্যাংকের মতো একটি আদর্শ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, এমন যেকোনো পদক্ষেপ বাংলাদেশ, দরিদ্র মানুষ, বিশেষ করে নারী ঋণগ্রহীতাদের সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
নারী সিনেটররা গ্রামীণ ব্যাংককে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালক পদে একজন যোগ্য ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া নিষ্কণ্টক করার আহ্বান জানিয়ে বলেন, গত বছরের মে মাস থেকে গ্রামীণ ব্যাংকে কোনো স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নেই। নয়জন নারীসহ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঋণগ্রহীতা শেয়ারহোল্ডাররা যাতে একজন যোগ্য ব্যক্তিকে এ পদে স্থায়ীভাবে নিয়োগ দিতে পারেন, তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে মার্কিন সিনেটররা বলেন, উদ্ভাবনশীল ও সফল ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের লাখ লাখ নারী-পুরুষকে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের জীবনমান উন্নয়নের সুযোগ অবারিত করে দিয়েছে। গ্রামীণ ব্যাংক ৮৩ লাখের বেশি মানুষকে ঋণসেবা দিচ্ছে, যার ৯৭ শতাংশই নারী। গ্রামীণ ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এই নারীরাই। বহু দশক ধরে গ্রামীণ ব্যাংকের অনন্য ঋণদানের প্রক্রিয়া বিভিন্ন জনগোষ্ঠীতে অত্যন্ত কার্যকর ও ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, ঋণগ্রহীতাদের সেবা নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা বজায় রাখা একান্ত জরুরি।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মার্কিন নারী সিনেটররা বলেন, ‘বাংলাদেশে নারীর উন্নয়নে আপনার অঙ্গীকার প্রশংসনীয়। এ জন্য গ্রামীণ ব্যাংকের স্থিতিশীলতা ও প্রতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য যেকোনো উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্যসংখ্যা ১০০। এর মধ্যে ১৭ জন নারী। নারী সিনেটরদের সবাই গ্রামীণকে সমর্থন করে এই চিঠিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন সিনেটর বারবারা বক্সার, লিসা মুরকওয়াস্কি, ডায়ান ফিনস্টাইন, জেনি শাহীন, বারবারা এ মিকুলাস্কি, প্যাটি মুরি, ক্রিস্টিন ই গিলিব্রান্ড, ডেবি স্টেবোনো, মেরি এল লান্ডিউ, সুজান এম কলিন্স, কে আর হেগান, এমি ক্লুবাউচার, কে বেলি হাচিসন্স, ক্লারি ম্যাক্সকিল, অলিম্পিয়া জে স্নো, মারিয়া কান্টওয়েল ও কেলি অ্যায়োটি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests