বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সাক্ষাত : রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, তার দেশ নির্যাতিত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি বুধবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বলেন, ‘আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আমাদের সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখব। পরে প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন সাক্ষাৎ বিষয়ে ব্রিফ করেন। বলেন, প্রেসিডেন্ট ও মার্কিন রাষ্ট্রদূত উভয়ই দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি দিনদিন বেড়ে চলছে। বার্নিকাট সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর মারাত্মক নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশ ভূখন্ডে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশে রোহিঙ্গা জনস্রোত সামলাতে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতির কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এরপর বাংলাদেশ অসাধারণ উন্নয়ন করতে সক্ষম হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সংলাপ প্রসঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, সংলাপ অনুষ্ঠান সবসময়ই ভালো।
বার্নিকাট আশা প্রকাশ করেন যে এ সংলাপ দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক ফল বয়ে আনবে। মার্কিন রাষ্ট্রদূত এখানে দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ সরকারসহ সকলকে ধন্যবাদ জানান। বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্ট হামিদ বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বার্নিকাট জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব তার সম্মানে বিদায়ী ভোজের আয়োজন করবেন। শুক্রবার বার্নিকাট তার ঢাকা মিশন শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি