‘বুদ্ধিমান’ ‘মটো এক্স’ ফাঁস হল গুগল চেয়ারম্যানের হাতে!

অনলাইন ডেস্ক : গুগল চেয়ারম্যান এরিক স্মিড সম্প্রতি একটি স্মার্টফোন হাতে যুক্তরাষ্ট্রের সান ভ্যালিতে আয়োজিত এক সম্মেলনে হাজির হয়েছিলেন। তাঁর হাতে থাকা স্মার্টফোনটিই গুগলের অধীনস্থ মটোরোলার প্রত্যাশিত ‘মটো এক্স’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। গুগল চেয়ারম্যানের হাতে থাকা মটোরোলার স্মার্টফোনটির রঙ সাদা এবং এ স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ রয়েছে। দীর্ঘদিন ধরেই মটোরোলার নতুন একটি স্মার্টফোন নিয়ে গুঞ্জন ছিল। গুগল চেয়ারম্যানের হাতে মটো এক্স প্রথমবারের মতো দেখতে পেল প্রযুক্তি বিশ্ব।
মটো এক্স নিয়ে গুঞ্জন ও বাজারে আনার ঘোষণা দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে, ‘মটো এক্স’ নামের ‘বুদ্ধিমান’ একটি স্মার্টফোন তৈরি করছে গুগলের অধীনস্থ মটোরোলা। প্রযুক্তি বিশ্লেষকেরা এ স্মার্টফোনটিকে বুদ্ধিমান বলছেন এ কারণে যে, মটো এক্স ব্যবহারকারীর মনের ভাব আগেভাগেই বুঝতে সক্ষম হবে। স্মার্টফোনটির সেন্সর ব্যবহারকারীর মুঠোফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে আগেভাগেই স্বয়ংক্রিয়ভাবে তথ্য জানাতে সক্ষম হবে। বলা হচ্ছে, মটো এক্স স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হচ্ছে যাতে ব্যবহারকারী খুব সহজেই কম্পিউটারের হার্ডওয়্যারের মতো এ স্মার্টফোনটির হার্ডওয়্যারে পরিবর্তন আনতে পারবেন। স্মার্টফোনটি তৈরিতে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব কাঠামো ব্যবহার করা হতে পারে। তবে, এরিক স্মিডের হাতে যে স্মার্টফোনটি দেখা গেছে সেটা অ্যালুমিনিয়ামে তৈরি। এর আগে ২৯ মে বুধবার অল থিংস ডিজিটাল সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড মটো এক্স স্মার্টফোনের তথ্য নিশ্চিত করেন। মটো এক্স স্মার্টফোনটি বাজারের অন্যান্য দামি স্মার্টফোনের চেয়ে সাশ্রয়ী হবে বলেও জানিয়েছিলেন তিনি। উডসাইড এ প্রসঙ্গে বলেন, ‘মটো এক্স’ স্মার্টফোনটির জন্য শক্তি-সাশ্রয়ী সেন্সর ও শক্তিশালী প্রসেসর তৈরি করবেন মটোরোলার বিশেষজ্ঞরা। স্মার্টফোনটি বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর তুলনায় আর বেশি ব্যবহার-বান্ধব ও ইন্টারেকটিভ হবে। এ স্মার্টফোনটির ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য জানাতে পারবে। গুগলের উন্নত সার্চ, নতুন প্রযুক্তির সেন্সর ব্যবহূত হবে এতে। উন্নত প্রযুক্তির স্মার্টফোন হলেও ব্যবহারকারীর কথা মাথায় রেখে কম লাভে এ স্মার্টফোন বিক্রি করবে মটোরোলা। তবে এ স্মার্টফোনটিতে কী থাকবে তা নিয়ে কোনো তথ্য জানাননি উডসাইড।
মটো এক্সে যা থাকতে পারে অনলাইনে মুঠোফোনের তথ্য ফাঁসকারী ইভালিকসের টুইট থেকে জানা গেছে মটোরোলার তৈরি মটো এক্স স্মার্টফোনটিতে থাকবে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে ৭২০ পিক্সেল এবং এতে ১৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকবে। স্মার্টফোনটির পেছনে ১০ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। স্মার্টফাৈনটি হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর।
বাজার বিশ্লেষকেরা যা বলছেন বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে স্মার্টফোনের বাজার রমরমা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ প্রতিযোগিতার বাজারে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা মটোরোলা দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। ‘মটো এক্স’ নামের একটি স্মার্টফোন দিয়ে আবারও স্মার্টফোনের বাজারে পাকাপোক্তভাবে ফিরতে চাইছে মটোরোলা। মটোরোলার নতুন স্মার্টফোন বাজারে এলে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। ২০১২ সালে মটোরোলার মুঠোফোন বিভাগটি এক হাজার ২৫০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে গুগল। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসে মটোরোলার আয় গত বছরের শেষ তিন মাসের তুলনায় কিছুটা কমে গেছে বলেই বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন।
মটো এক্স-এর দাম দাম প্রসঙ্গে মটোরোলা শুধু জানিয়েছে, মটো এক্স স্মার্টফোনটি দামের ক্ষেত্রে সাশ্রয়ী হবে এবং তা ক্রেতাদের হাতের নাগালেই থাকবে।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’