ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

বিরোধী দলের প্রার্থীর ‘শক্ত প্রতিদ্বন্দ্বিতা’র হুমকি, প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে প্রতিদ্বন্দ্বি শিবিরের অভিযোগ কিংবা জোট শরিক মমতা ব্যানার্জির গরম চক্ষু (যদিও শেষ মুহুর্তে নরম হয়েছিলেন, ভোটও দিয়েছিলেন) কোনো কিছুই প্রণব মুখার্জিকে ঠেকাতে পারল না নতুন ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া থেকে। প্রত্যাশিতভাবেই তিনি বিরোধী দলীয় মনোনীত প্রার্থী পি এ সাংমাকে বড় ব্যবধানে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রণব পেয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী পি এ সাংমা পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ ভোট। রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে সাংসদ ও বিধায়করা ভোট দিয়ে থাকেন। মোট ভোট সংখ্যা সাড়ে ১০ লাখ। রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে প্রয়োজন ৫ লাখ ২৫ হাজার ১৪০ ভোট। কিন্তু প্রয়োজনের চেয়ে ঢের বেশি ভোট নিয়ে রাষ্ট্রপতি ভবনের অধিকারী হতে যাচ্ছেন প্রণব মুখার্জি। আগামী ২৫ জুলাই সকাল সাড়ে ১১টায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। খবর এনডিটিভি, রয়টার্স ও জি নিউজের।
এদিকে, নতুন রাষ্ট্রপতি হবার পর প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী পি এ সাংমা। তিনি বলেছেন, নতুন রাষ্ট্রপতির সার্বিক সাফল্য কামনা করছি। তবে রাষ্ট্র এবার প্রথমবারের মতো একজন উপজাতীয় রাষ্ট্রপতি নির্বাচিত করার সুযোগ পেয়েছিল, উপজাতীয়দের নতুন করে স্বীকৃতি দেয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তির ভারতের রাষ্ট্রপতি পদে বসা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
অপরদিকে, নির্বাচন কমিশন প্রণব মুখার্জিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করার পর তাকে অভিনন্দন জানান বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বিরোধী দলের নেতারা। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জিও প্রণব মুখার্জিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। প্রণব মুখার্জিকে মমতা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ২৫ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন।
ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হলেন প্রণব। সকাল ১১ টায় ভোট গণনা শুরু হওয়ার পরই এমপিদের ৭২ শতাংশ ভোটে এগিয়ে যান তিনি। এমপিদের ৭৪৮ ভোটের মধ্যে ৫২৭ ভোট পান প্রণব মুখার্জি। আর সাংমা পান ২০৬ ভোট। বড় বড় রাজ্যগুলোতেও প্রণবের পক্ষে বিপুল ভোট পড়ায় তার তিনি জয়ের ধারায় চলে আসেন। কেরালায় ১২৪ জন বিধায়কের সব কটি ভোটই পান তিনি। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও জেএমএম এর ক্ষমতা ভাগাভাগির রাজ্য ঝাড়খন্ডেও বিস্ময়করভাবে ভোটে এগিয়ে যান প্রণব। জম্মু ও কাশ্মীরে প্রণব পান ৬৮ ভোট। আর সাংমা পান মাত্র ১৫ ভোট।
অন্যদিকে, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য গোয়া, হিমাচল, ছত্তিশগড় এবং গুজরাটে সাংমা বেশি ভোট পেলেও প্রণবকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। ভারতের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একজন সদস্যের ভোটমূল্য নির্ধারিত হয় প্রত্যেক রাজ্যের মোট জনসংখ্যার অনুপাত অনুযায়ী। রাজ্যের প্রকৃত ভোটার আর বিধানসভা আসনের অনুপাতই হলো ওই রাজ্যের বিধায়কের ভোটমূল্য। পাশাপাশি দেশের মোট ভোটারকে লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এভাবে রাজ্যসভা ও লোকসভার ভোটমূল্য নির্ধারিত হয়।
গত মাসে অনেক জল্পনা কল্পনা শেষে প্রণব মুখার্জিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে ক্ষমতাসীন ইউপিএ জোট। কিন্তু প্রণবকে প্রার্থী হিসেবে মানতে রাজি হননি ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এ নিয়ে জোটের ভেতর বেশ চাপা উত্তেজনা-উত্কণ্ঠাও তৈরি হয়। শেষ পর্যন্ত মমতা পিছু হটেন, প্রণবের প্রার্থিতায় সমর্থন দেন। আর সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ হাসি হাসেন কোটি কোটি মানুষের প্রিয়ভাজন ‘প্রণবদা’।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং