মায়ের মতো আপন কেহ নাই

একজন মা তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য যে অবর্ণনীয় কষ্ট করেন তা সহজে আর কারও পক্ষেই বোঝা সম্ভব নয়। যিনি মা শুধু তিনিই জানেন তার সন্তানকে লালন করতে তিনি কত কষ্ট করেছেন। আর তাই
সন্তানের যখন কষ্ট হয় তখন যদি সন্তান তার কাছ থেকে দূরেও থাকেন তবুও মা ঠিকই তার সন্তানের কষ্টটুকু উপলব্ধি করতে পারেন। আর মায়ের জন্যও সন্তানের আকুতি চিরন্তন। আজ বিশ্ব মা দিবস উপলক্ষে আমাদের মিডিয়া অঙ্গনের ক’জন তারকার মাকে নিয়ে ব্যক্ত করা অনুভূতি দিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন। গ্রন্থনা করেছেন সাইফ চন্দন
মৌসুমী
এখন আমার ছেলে স্বাধীন আর মেয়ে ফাইজাও আমার সঙ্গে যা যা করছে, ছোটবেলায় মায়ের সঙ্গে সন্তান হিসেবে আমি তাই তাই করেছি। সারাদিন কাজ শেষে ঘরে ফিরলেই আমার দুই সন্তান আমাকে জড়িয়ে ধরে। খুলনায় থাকাকালে দুপুরে ঘুমালে মা পাশের বাড়ির খালাদের সঙ্গে গল্প করতে যেতেন। আর আমি ঘুম থেকে ওঠে মাকে না দেখলে কী যে অস্থির হতাম। মা যখন ঘরে ফিরতেন তখন আনন্দে আমি মাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে রাখতাম। তারকা হওয়ার আগে মায়ের সঙ্গেই আমার বেশি সময় কেটেছে। কিন্তু অনেক দিন কাজের ব্যস্ততার কারণে খুব একটা সময় পেতাম না মায়ের কাছে যাওয়ার। তবে কাজ শেষ করে প্রায় রাতেই মায়ের বাড়ি হয়ে আসতাম। এখন আবার আগের মতো হয়ে গেছি। সময় পেলেই সানী, ছেলেমেয়ে নিয়ে ঘুরে আসি মায়ের বাড়ি থেকে। আমার জীবনের অনেক অংশজুড়েই আছে আমার মা।
শাকিব খান
মা আমার চোখের মণি, ‘মায়ের মতো আপন কেহ নাই’, ‘মাগো আমার সাধ না মিটিলো আশা না ফুরালো’ ইত্যাদি বিভিন্ন গানের বিশালতার চেয়েও আমি আমার মাকে বেশি ভালোবাসি। আমি যখন মিডিয়ায় কাজ শুরু করি, তখন আমার চাল-চুলো কিছুই ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ায় মায়ের অনেক আশা ও স্বপ্ন ছিল। তখন ঘুরে বেড়াতাম, চিন্তা করতাম মায়ের এসব স্বপ্ন পূরণ করা কি সম্ভব হবে? আজ মায়ের সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা দিয়েছেন উপরওয়ালা। তাই মা যা চান আমি তা-ই করার চেষ্টা করি। এই তো বছর খানেক আগে জন্মদিনে আমার মাকে একটি গাড়ি উপহার দিয়েছি। ছোটবেলা থেকেই শুনতাম মা নিজের একটি গাড়ির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নটা পূরণ করতে পেরে আমার অনেক ভাল লেগেছে। আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে মায়ের দোয়া নিয়ে বের হই।
রিয়াজ
পৃথিবীতে এখনও আমার সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে আমার মা। এ মানুষটির জন্যই আজ আমার এ অবস্থান। ছোটবেলা যেমন শাসন করেছেন, তেমনি মানুষের মতো মানুষ করার ক্ষেত্রেও তার অবদান অনেক। এখনও আমার মা কোন কারণে কষ্ট পেলে খুব খারাপ লাগে। মা এমন একজন মানুষ, যাকে ছাড়া নিজের অস্তিত্ব ভাবা যায় না। মা একবার অসুস্থতার জন্য প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন। এ কয়েকদিন আমার কীভাবে যে কেটেছে তা বলে বোঝাতে পারব না। মা’র অসুখ হলে আমিও অসুস্থ হয়ে যাই। এক কথায়, মায়ের মতো আপন কেউ নাই।
আগুন
‘মধুর আমার মায়ের হাসি’ গানটি আমার খুব প্রিয়। মন খারাপ হলেই গানটি শুনি। কারণ, এ গানের সঙ্গে আমার মায়ের অনেক মিল আছে। আমার মা হাসিখুশি ছিলেন। আমরা সব ভাইবোন মিলে তাকে অনেক জ্বালাতাম। কিন্তু কখনও তার মুখে বিরক্তি বা ক্লান্তির ছাপ দেখিনি। মায়ের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রতিটি দিনই কেমন যেন শূন্য লাগে। মা এমন একজন মানুষ যাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না। যাদের মা নেই তারাই জানেন মায়ের শূন্যতা কত বড়। মায়ের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।
মোনালিসা
আমার মা সবসময়ই মডেলিং বিষয়টাকে প্রাধান্য দিয়ে আসছেন। তিনি চান আমি যেন এ মাধ্যমটিতেই কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত রাখি। কিন্তু বিভিন্ন নির্মাতার অনুরোধেই আমাকে নাটকে কাজ করতে হয়। মানুষের আয়ু আর কতদিনই বলুন। এই সময়টাতে আমরা প্রত্যেকে যদি আমাদের মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করি তাহলে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আমি আমার মাকে অনেক ভালবাসি। আমার পৃথিবী জুড়ে শুধুই আমার মা। আমি যে বড় হয়েছি মা এটা স্বীকার করতে চান না। আর স্বীকার করেন না বলেই ঢাকায় হোক আর ঢাকার বাইরেই হোক এখনও কোথাও শুটিংয়ে গেলে আমি সঙ্গে করে মাকে নিয়ে যাই। আমার ভুলো মন কখন কি ভুল করে ফেলে এই ভয় তো আছেই, তাছাড়া মা সঙ্গে থাকলে আমি যেন কাজটা খুব মনোযোগ দিয়ে করতে পারি।
ফারহানা মিলি
আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি আমার মাকে পাশে পেয়েছি। যে কোন কাজে যখন আমি মনোযোগ দিতে পারতাম না তখন আম্মুর দিকে তাকালেই আমার ভেতর কেমন যেন একধরনের সাহস কাজ করতো। আমি কাজের ভেতর তখন খুব সহজেই ডুবে যেতে পারতাম। সাধারণত ঢাকার বাইরে গেলেই আমি মাকে সঙ্গে করে নিয়ে যাই। কারণ মেয়ের বিভিন্ন ধরনের সমস্যা শুধু তার মা-ই জানতে পারেন। অবশ্য ঢাকার ভেতরে শুটিং হলে আমি এখন নিজেই নিজেকে পরিচালনা করতে পারি। তবে যখন ভাল লাগে না তখন আম্মুকে সঙ্গে করে শুটিং স্পটে যাই। কারণ আম্মুর সঙ্গে আমি আমার জীবনের সবধরনের গল্প খুব সহজেই শেয়ার করতে পারি। আমার বাবাকে আমি প্রচণ্ড ভালবাসি একথা সত্যি কিন্তু আম্মুর সঙ্গে সব বিষয়েই আমার শেয়ারিংটা একটু বেশিই হয়ে থাকে। আজকে মিডিয়াতে আমার যে অবস্থান সে অবস্থানের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। কারণ তার উৎসাহ না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না।
রিয়া
মা সঙ্গে থাকলে আমি যেন একদম চিন্তা মুক্ত থাকি। কোনকিছু নিয়েই আমার ভাবতে হয় না। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। আমি আমার মাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারি না। আমি এখনও অনেক কাজের সিদ্ধান্ত নিতে গিয়ে মায়ের ওপর নির্ভরশীল। আমি আমার আত্মার মাঝে প্রতিটি মুহূর্তে আমার মাকেই সবচেয়ে বেশি অনুভব করি। আমার মা আমার অহঙ্কার।
রিচি সোলায়মান
ছোটবেলায় মায়ের কোলেই বেশি ঘুমিয়েছি। প্রায়ই রাতে মায়ের কোলে ঘুমানোর বায়না ধরতাম। এখনও ঘুমাতে গেলে শৈশবের সেই দিনগুলো খুব মনে পড়ে। ছোটবেলায় মায়ের সঙ্গে সন্তান হিসেবে যা যা করতাম এখন আমার সন্তানও সেগুলোই করছে এবং করবে। সারাদিন কাজ শেষে ঘরে ফিরলেই সন্তানের মুখটা দেখে হৃদয় জুড়িয়ে যায়। আমি ছোটবেলায় দুপুরে ঘুমিয়ে পড়লে মা পাশের বাড়িতে চলে যেতেন। ঘুম থেকে ওঠে মাকে না দেখলে খুব খারাপ লাগতো। কান্নাকাটি শুরু করে দিতাম। তারকা হওয়ার পরও মায়ের সঙ্গেই কেটেছে সারাদিন। এখনও সুযোগ পেলে মাকে পাশে রাখারই চেষ্টা করি।মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং