মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান বিতর্কে উজ্জ্বল রুবিও, ক্রুজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শীর্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও বেন কারসনকে পেছনে ফেলে দলের তৃতীয় বিতর্কে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন মার্কো রুবিও ও টেড ক্রুজ। আক্রমণাত্মক এ বিতর্কে অংশ নেন শীর্ষ ১০ রিপাবলিকান প্রার্থী। এতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও’র নৈপুণ্য ছিল নজরকাড়া। অপর প্রার্থী জেব বুশকে কথার লড়াইয়ে স্পষ্টভাবে ঘায়েল করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রিপাবলিকান প্রার্থীদের এ বিতর্কের পর চূড়ান্ত প্রার্থিতার দৌড়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এতদিন শীর্ষে থাকা ট্রাম্প ও কারসন বিতর্কে একেবারে খারাপ করেছেন তা নয়। তবে তাদের থেকে অনেক বেশি মনোযোগ কেড়েছেন মার্কো রুবিও ও টেড ক্রুজ। বৃহস্পতিবার দু’ঘণ্টাব্যাপী এ বিতর্কটি অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব কলোরাডো ক্যাম্পাসে। জেব বুশ আর মার্কো রুবিওর আক্রমণাত্মক বক্তব্য বিনিময় ছিল বিতর্কের অন্যতম আকর্ষণীয় অংশ। ফ্লোরিডার একটি সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয়তে এ বছর সিনেট ভোটের এক তৃতীয়াংশে অনুপস্থিত থাকার জন্য সমালোচনা করা হয় রুবিওকে। এ নিয়ে করা এক প্রশ্নের প্রেক্ষিতে জেব বুশ মার্কো রুবিওকে উদ্দেশ্য করে বলেন, স্রেফ পদত্যাগ করুন আর অন্য কাউকে এ কাজ করতে দিন। এর জবাবে রুবিও বলেন, ‘জেব বুশ এটাকে একটা ইস্যু বানানোর একমাত্র কারণ হলো, আমরা একই পদের জন্য লড়ছি আর কেউ তাকে এটা বুঝিয়েছে যে আমাকে টার্গেট করলে তার উপকার হবে।’ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রেস সেক্রেটারি আরি ফ্লেইশার বলেন, ‘বুদ্ধি, রসবোধ, দারুণ ওয়ান লাইনার আর বস্তুনিষ্ঠ বক্তব্য দিয়ে আজ জিতেছেন রুবিও।’ ওদিকে, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ মিডিয়ার ওপর চড়াও হয়ে বিতর্কে এগিয়ে গেছেন অনেকটা। ঋণ সীমা নিয়ে একটি প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি সিএনবিসি চ্যানেলের বিতর্ক সঞ্চালকদের সমালোচনা করেন প্রার্থীদের উদ্দেশ্যে তাদের করা বিভিন্ন প্রশ্ন নিয়ে। তিনি বলেন, এখন পর্যন্ত যেসব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তাতে উঠে এসেছে মার্কিন জনগণ কেন মিডিয়াকে বিশ্বাস করে না। এটা কোন খাঁচার লড়াই নয়। বস্তুনিষ্ঠ ইস্যুগুলো নিয়ে কথা বললে কেমন হয়? তার এমন মন্তব্যের পক্ষে উপস্থিত জনতার সমর্থন ছিল স্পষ্ট। বিতর্কের অপর বক্তাদের মধ্যে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর জন কাশিচ চড়াও হন ট্রাম্প ও কারসনের ওপর। তাদের কর পরিকল্পনাকে কাল্পনিক বলে আখ্যা দেন তিনি। তবে বিতর্ক শেষে এ দিনের সেরা হিসেবে আসছে মার্কো রুবিওর নাম। ৪৪ বছরের এ সিনেটরের অভিজ্ঞতার অভাব নিয়ে নানা প্রশ্ন দোদুল্যমান ছিল তার প্রার্থিতার ওপর। আগের বিতর্কগুলোতে অন্য প্রার্থীদের নৈপুণ্যের পেছনে আড়াল থাকলেও এদিন ঠিকই নিজের শক্তি জানান দিয়েছেন তিনি। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!