মালয়েশিয়ায় পাঁচ লাখ শ্রমিক পাঠাবে বাংলাদেশ
জনশক্তি আমদানিতে বাংলাদেশকে উৎস দেশ (সোর্স কান্ট্রি) ঘোষণা করতে সম্মত হয়েছে মালয়েশিয়া। তবে অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বাংলাদেশ থেকে সরকারি পর্যায়েই লোক নেবে তারা। এ পদ্ধতি চূড়ান্ত করতে এবং পুরো জনশক্তি পাঠানোর কার্যক্রম তদারক করতে উভয় দেশের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের মধ্যে গতকাল বিকালে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সফররত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ড. এস সুব্রামনিয়াম এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। উভয় দেশেরই ১০ সদস্যের একটি করে প্রতিনিধিদল এ বৈঠকে যোগ দেন। এতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারও অংশ নেন। বর্তমানে ১৩টি উৎস দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া। বাংলাদেশও সেখানে উৎস দেশ হতে চায়। কর্মকর্তারা বলছেন, এতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সহজ হবে এবং খরচও কমে যাবে। এটি জনশক্তি নেয়ার স্থায়ী ব্যবস্থা। এতে আর কলিং ভিসার (আহূত ভিসা) মতো নির্দিষ্ট সংখ্যক জনশক্তি নেয়ার পর লোক নেয়া বন্ধের সুযোগ থাকবে না। মালয়েশিয়ায় ‘উৎস দেশ’ হিসেবে তালিকাভুক্ত হলে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১২০০ থেকে ২০০০ মালয়েশীয় রিঙ্গিত ফি দিতে হবে না। ফলে অভিবাসন ব্যয়ও কমে যাবে। মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী পাঠানো গত তিন বছর ধরে বন্ধ রয়েছে। ব্যয় কমিয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে জনশক্তি রপ্তানি শুরু করা সম্ভব হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশী কর্মী পাঠানো সম্ভব হবে বলে মনে করেন কর্মকর্তারা। দু’দেশের স্বার্থ বিবেচনা করে মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশীয় মানবসম্পদ মন্ত্রী এস সুব্রামনিয়ামের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মালয়েশিয়ার সফররত মন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests