যুক্তরাষ্ট্র আ’লীগের এক নেতার লাথিতে আরেক নেতার পা ভেঙে গেছে : গ্রেফতার ১
এনা : বাংলাদেশে জামায়াত-শিবিরের অপতত্পরতার প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশের পর এক নেতার লাথিতে আরেক নেতার পা ভেঙে গেছে। এ ঘটনায় এক নেতাকে নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে আওয়ামী পরিবারের বিভিন্ন অঙ্গনে। জানা গেছে, ১৪ নভেম্বর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ওই সমাবেশে বক্তৃতার ক্রমিকে নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার সহ-সভাপতি এ কে এম আলমগীরের নাম আগে কেন ঘোষণা করা হয়েছে-এ নিয়ে সূত্রপাত। এছাড়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিনও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের কাছে জানতে চেয়েছিলেন কেন সভা আহ্বানের আগে তাকে জানানো হয়নি। শান্তিপূর্ণভাবেই জবাব দিচ্ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য জসীমউদ্দিন খান মিঠু সে বিতর্কে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা এনাকে জানান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। সভাস্থল থেকে বাইরে বের হওয়ার পরই ঘটে মারপিটের ঘটনা। ডাকা হয় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। রাত সাড়ে ১০টায় বাংলাদেশী অধ্যুষিত এলাকায় সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সসহ পুলিশের উপস্থিতিতে আশপাশে আতঙ্ক দেখা দেয়। পুলিশ অকুস্থল থেকে আহত অবস্থায় এ কে এম আলমগীরকে নিকটস্থ এল্মহার্স্ট হাসপাতালে নেন। তার ডান পা ভেঙে গেছে। গোটা পা প্লাস্টার করা হয়েছে। এ সময় জসীমউদ্দিন খান মিঠুকে পুলিশ ধরতে পারেনি। ১৬ নভেম্বর সকালে জসীমউদ্দিন খান মিঠু আত্মসমর্পণ করতে ১১৫ নম্বর পুলিশ স্টেশনে যাওয়ামাত্রই তাকে গ্রেফতার করা হয়। গভীর রাত (বাংলাদেশ সময় শনিবার দুপুর) অবধি তাকে ক্রিমিনাল কোর্টের হাজতে রাখার সর্বশেষ সংবাদে জানা গেছে। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে বার্তাসংস্থা এনার কাছে আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন খান মিঠুকে গ্রেফতারের তথ্য স্বীকার করা হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী কয়েক সপ্তাহ আগে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সিরাজউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আবদুস সামাদ আজাদ। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে জামায়াতকে এই প্রবাসে প্রতিরোধকল্পে তাত্ক্ষণিকভাবে ১৪ নভেম্বর সন্ধ্যায় ওই সমাবেশের ডাক দেন। সমাবেশের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য এবং এ নিয়ে নেতারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র আ’লীগের জনৈক নেতার মদদে জসীমউদ্দিন খান মিঠু এর আগেও সংগঠনের অনেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু এনাকে আরও বলেন, ‘সংগঠনের সর্বকনিষ্ঠ সদস্য হয়েও জসীমউদ্দিন খান মিঠুর এহেন আচরণে অতিষ্ঠ হয়ে অনেকেই সংগঠনের সভায়ও আসতে ভয় পাচ্ছেন।’ এর আগেও আরও অনেকের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলে উল্লেখ করেন টুকু। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে আসা দূরের কথা, কার্যকরী কমিটির সভাতেও উপস্থিত হওয়া থেকে বিরত রয়েছেন অনেক সিনিয়র সদস্য-কর্মকর্তা-এ তথ্য জানান ডজনখানেক সদস্য। তবে মারপিটের ঘটনা সাম্প্র্রতিক সময়ে এটিই প্রথম। প্রবাসে জামায়াত-শিবিরের দোসরদের প্রতিরোধ করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা লোকজনের মাধ্যমে এহেন মারপিটের ঘটনা ঘটতে পারে বলে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কয়েকজন কর্মকর্তা মন্তব্য করেছেন। অপর একটি সূত্রে জানা গেছে, সভাপতিসহ শীর্ষ নেতারা ঢাকা থেকে ফেরার পরই নির্বাহী কমিটির সভা ডেকে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে। সে সময় পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে দায়ের করা মামলা পরিচালনা থেকে এ কে এম আলমগীর বিন্দুমাত্র সরে দাঁড়াবেন না বলে তিনি এনাকে জানান। ১১৫ নম্বর পুলিশ স্টেশনে দায়েরকৃত এ মামলার নম্বর হচ্ছে ২০১২-১১৫-৮৮৬০। এ ধরনের আচরণের নিন্দা এবং দায়ী ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি উঠেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আ’লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরাই উদ্ভূত পরিস্থিতির নিন্দা ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ২৪ নভেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘জামায়াত-শিবিরের ষড়যন্ত্র প্রতিরোধ’ কল্পে এক সমাবেশের ডাক দেয়া হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে হাজার কোটি টাকার ফি-তে লবিস্ট ফার্ম নিয়োগের পরিপ্রেক্ষিতে একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীদের ঐক্যবদ্ধ করার অভিপ্রায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা এনাকে জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests