যে কারণে বিএনপি নিউইয়র্কে এয়ারপোর্টে যায়নি শেখ হাসিনাকে পতাকা দেখাতে
এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘যেখানে শেখ হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি দিয়েও বিএনপির কাউকেই এয়ারপোর্টে দেখা যায়নি। এ নিয়ে নানা গুঞ্জন উঠেছে নিউইয়র্কে রাজনৈতিক সচেতন মহলে। কেন রণে ভঙ্গ দিলেন-এমন জিজ্ঞাসা সকলের। কারণ, গত ২৫ বছরে যতজন প্রধানমন্ত্রী অথবা কেয়ারটেকার সরকারের প্রধান যুক্তরাষ্ট্রে এসেছেন, প্রায় প্রত্যেক সময়েই বিরোধী পক্ষ তুমুল বিক্ষোভ করেছে এয়ারপোর্টসহ সভা-সমাবেশ স্থলে। কয়েক বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারিদের কয়েকজনের রক্তপাতও হয় এয়ারপোর্টে প্রতিপক্ষের সাথে মারপিটে। এরপরও বিক্ষোভ হয়েছে, তবে তা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কঠোর নজরদারিতে।
কর্মসূচি দিয়েও এয়ারপোর্টে নেই কেন-এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (দু’বছর আগে এই কমিটি বিলুপ্ত করার পর এখন পর্যন্ত নয়া কমিটি হয়নি) এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল এনআরবি নিউজকে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে, কষ্টার্জিত অর্থ এবং মূল্যবান সময় ব্যয় করে আমরা বিএনপির রাজনীতিকে ধরে রেখেছি। কেন্দ্রীয় কর্মর্সূচির পাশাপাশি মূলধারায় বিএনপির পক্ষে লবিংয়েও সক্রিয় রয়েছি। এতদসত্বেও সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে একজনকেও নেয়া হয়নি।’ বাদল অভিযোগ করেন, ‘শুধু তাই নয়, সিনিয়র ভাইস চেয়ার তারেক রহমানের নির্দেশ নিয়ে নিউইয়র্কে আগত সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন যুক্তরাষ্ট্র বিএনপিকে আরো জোরদার করার ঘোষণা দেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যসহ সকল অঙ্গরাজ্যে পূর্ণাঙ্গ কমিটির উদ্যোগ নেন। তার এ আহবানে আমরা সকলে সাড়া দেই। কিন্তু মাঝপথে সাবেক এই প্রতিমন্ত্রীর আচরণে সকলের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।’ অঙ্গরাজ্য কমিটি গঠনের নামে প্রতিমন্ত্রী মিলনের চাঁদাবানিজ্য প্রসঙ্গে নিউজার্সি অঙ্গরাজ্য বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, ‘মিলন সাহেব গত ৩/৪ মাসে আমাদের অঙ্গরাজ্যে মোট ৬টি কমিটি করেছেন অর্থাৎ যখন যার কাছে ফায়দা হাতিয়ে নিয়েছেন, তার নেতৃত্বেই কমিটি ঘোষণা করেছেন।’ ‘একইভাবে নিউইয়র্ক অঙ্গরাজ্যেও ৬টি কমিটি হয় প্রতিমন্ত্রী মিলনের হরিবল কর্মকান্ডের কারণে। অর্থাৎ, বিএনপিকে খন্ড-বিখন্ড করার মিশন নিয়েই হয়তো কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক এই প্রতিমন্ত্রী মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রে আসেন’-এ অভিযোগ করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘গত ৭/৮ বছর আগে সম্মেলনের মাধ্যমে আমার নেতৃত্বাধীন কমিটি হয় এবং প্রতিটি কর্মকান্ডে আমরা সোচ্চার রয়েছি। আমাদের সেই কমিটি বিলুপ্ত না করেই মিলন সাহেব নয়া কমিটির উদ্যোগ নেন। কিন্তু সফল হতে পারেননি। রাতের অন্ধকারে নানা-কিছুর বিনিময়ে কয়েকটি কমিটি ঘোষণার পর গত সপ্তাহে তিনি মালয়েশিয়ায় চলে গেছেন। এহেন আচরণে সকলেই হতাশ ও ক্ষুব্ধ।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন জানান, ‘গত ২৬/২৭ বছরে কত শত ঘন্টা ও কী পরিমাণ অর্থ বিএনপির জন্যে ব্যয় করেছি, তা বলার অপেক্ষা রাখে না। এর সুফল হিসেবে কিছুই পাইনি। আমার মত আরো অনেকে রয়েছেন, কাউকেই কেন্দ্রীয় কমিটিতে নেয়া হয়নি। এ জন্যে মাঠের কর্মীরা দারুনভাবে হতাশ।’ কাজের মূল্যায়ন না হলে কী হবে এয়ারপোর্টে বিক্ষোভ করে? দেখি, একবার বিক্ষোভ না করলে কী হয়-এমন মন্তব্য করেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি হতে আগ্রহী আরেক নেতা। নাম গোপন রাখার শর্তে তিনি আরো বলেন, ‘একেকজনকে একেক রকমের লোভ দেখিয়ে মিলন সাহেব নিজের আখের গুছিয়েছেন। পরিণতিতে আমরা সকলে ছিন্নভিন্ন হয়ে পড়লাম। এভাবেই বিএনপির রাজনীতি স্থবিরতায় নিপতিত হলো’। তবে, ২১ সেপ্টেম্বর জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাবেন বলে জানা গেছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ