লসএঞ্জেলেসে শহীদ মিনারের প্ল্যাক স্থাপনের অনুমতি দিল সিটি প্রশাসন
লসএঞ্জেলেস থেকে এনাঃ ডাউন টাউন লসএঞ্জেলেস সিটিতে বাংলাদেশী অধ্যুষিত এলাকাকে লিটল বাংলাদেশ ঘোষণার আমেজ না কাটতেই প্রবাসীদের জন্যে আরেকটি আনন্দের সংবাদ দিয়েছে লসএঞ্জেলেস সিটি প্রশাসন। লিটল বাংলাদেশে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে শহীদ মিনারের আদলে ব্রঞ্জের ১২ ফুট প্রশস্ত এবং ১৮ ফুট উঁচু একটি প্ল্যাক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কাউন্সিল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষাপ্রেমী মানুষ যাতে অবাধে তাদের শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করতে পারেন সে আলোকে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের খোলা মাঠে একটি শহীদ মিনার নির্মাণের অনুমতি চেয়েছিলেন প্রবাসীদের পক্ষ থেকে গঠিত শহীদ মিনার কমিটির প্রধান সমন্বয়কারী ও মূকাভিনেতা কাজী মশহুরুল হুদা। গত বছর এই আবেদন করা হয়। শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় ডিপার্টমেন্ট ও রিক্রিয়েশন এন্ড পার্ক কর্তৃপক্ষ আবেদনটি প্রথমদিকে নাকচ করলেও পরবর্তিতে মাতৃভাষা দিবসের গুরুত্ব উপলব্ধি করে ভাষাপ্রেমী মানুষদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্টারের প্রবেশের সময় পশ্চিম পাশের খোলা জায়গায় প্ল্যাক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৩ নভেম্বর বিতরণকৃত এক পত্রে কম্যুনিটির লোকজন এ তথ্য জানতে পেরেছেন। এ প্রসঙ্গে কাজী মশহুরুল হুদা ৪ নভেম্বর বার্তা সংস্থা এনাকে বলেন, ব্রঞ্জের ঐ প্ল্যাক তৈরীর যাবতীয় খরচ শহীদ মিনার কমিটিকেই বহন করতে হবে এবং প্ল্যাকটি রক্ষণাবেক্ষণের ব্যয়ভারও শহীদ মিনার কমিটির। প্ল্যাকটি যেখানে স্থাপন করবো তার পাশে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের পতাকা থাকবে। হুদা বলেন, প্রকাশ্য মাঠে পূর্ণাঙ্গ শহীদ মিনার তৈরীর অনুমোদন না পাওয়ায় খুশী হতে পারিনি। তবে এটা ঠিক যে, সিটি প্রশাসনের স্বীকৃতি পেলাম শহীদ মিনারের ব্যাপারে। ৮/১০ হাজার লোকের সমাগম ঘটানো যায় এমন খোলা মাঠের সন্ধান পেলেই সিটি প্রশাসনকে জানাতে বলেছেন সিটির প্ল্যানিং এন্ড কন্সট্রাকশন ডিপার্টমেন্টের প্ল্যানিং এসোসিয়েট মেলিন্ডা গিজার। হুদা বলেন, শহীদ মিনার কমিটিতে রয়েছেন কম্যুনিটি লিডার মোমিনুল হক বাচ্চু, শংকু আইচ, শামীম হুসেন, ড. মাহবুব, ডা. হাশেম, আলী আজম মিঠু প্রমুখ। উল্লেখ্য যে, প্রবাসীদের লাগাতার লবিংয়ের পরিপ্রেক্ষিতে কোরিয়ান-আমেরিকানদের আপত্তি উপেক্ষা করে লসএঞ্জেলেস সিটি প্রশাসন ডাউন টাউনে লিটল বাংলাদেশ-এর সাইন লাগিয়েছে গত ১৯ অক্টোবর।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি