শিশুশিল্পী থেকে সুপার স্টার ‘শ্রীদেবী’
ফয়সাল রাব্বিকীন : ‘শ্রীদেবী’ নামটির অর্থ হলো সৌন্দর্যের দেবী। আসলেই যেন সৌন্দর্যের দেবীই ছিলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী শ্রীদেবী। নিজের সৌন্দর্যের জাদুতে বিশ্বের অগণিত দর্শককে বেঁধেছিলেন অন্যরকম এক মোহতে। দর্শকদের কাছ থেকে ‘রূপের রানি’ উপাধিও পেয়েছিলেন তিনি। নামেতো বটেই, কাজেও তার পরিচয়। আশি ও নব্বইয়ের দশকে নিজের অভিনয়-পারফরম্যান্সের মাধ্যমে বলিউডে ভিন্ন একটি ধারা তৈরি করেন তিনি। ‘চালবাজ’, ‘লামহে’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চাঁদনি’ ‘নাগিনা’ ছবিগুলোতে অভিনয় করে হিরো প্রধান ছবির সংজ্ঞাই পাল্টে দেন শ্রীদেবী। সাম্প্রতিক সময়ে তার ‘ইংলিশ ভিংলিশ’ এবং ‘মম’ ছবি দুটি ভারততো বটেই আন্তর্জাতিকভাবেও সমাদৃত হয়। সেই কিংবদন্তি অভিনেত্রী মাত্র ৫৪ বছর বয়সে বিশ্বের অগণিত ভক্তকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন শনিবার রাতে। দুবাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে এরকম একটি আকস্মিক ঘটনা ঘটবে সেটা মেনে নিতে পারেননি তার পরিবার থেকে শুরু করে ভক্তরা। আর তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে শ্রীদেবীর শোকের মাতমে। শুধু ভারতই নয়, বাংলাদেশের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও শ্রীদেবীর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ফেসবুকে নিজের সঙ্গে শ্রীদেবীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, শ্রীদেবী জি’র এমন আকস্মিক চলে যাওয়া অনেক বেশি শোকের। তিনি মহান একজন শিল্পীর পাশাপাশি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। তার আত্মা শান্তি পাক সেই দোয়া করি। শ্রীদেবী নিজের সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের প্রথম নারী সুপারস্টারের তকমা অর্জন করেছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হননি কিংবা তার সৌন্দর্যের প্রেমে পড়েননি এমন অভিনেতা খুব কম রয়েছে বলিউডে। অমিতাভ বচ্চন তো নব্বইয়ের দশকেই বলেছিলেন, শ্রীদেবীর তুলনা কেবল তিনিই। তার সৌন্দর্য এবং অভিনয়ের আর কোনো তুলনা নেই। তিনি অপ্রতিদ্বন্দ্বী। আমি মনে করি শ্রীদেবী শুধু ভারতের নয়, বিশ্বের একজন সেরা অভিনেত্রী। তার অভিনয়ে মুগ্ধ ছিলেন হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। শ্রীদেবীর অভিনয় দেখে তিনি বলেছিলেন, ভারতের অভিনেত্রীদের মধ্যে শ্রীদেবী সেরা। তার মতো অভিনেত্রী শতকে একজন আসে। এমনকি নিজের ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের প্রস্তাবও করেছিলেন তিনি শ্রীদেবীকে। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আশি ও নব্বইরেয়র দশকজুড়ে বলিউডে শ্রীদেবীর আধিপত্য ছিল একতরফা। সেই সময়ের অভিনেত্রীরাও তাকে সেরা বলে একবাক্যে মেনে নিতেন। বলিউডের সুপারহিট ‘বাজিগর’ ছবিতে শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম শ্রীদেবীর কাছে প্রস্তাব যায়। কিন্তু তা ফিরিয়ে দেন অভিনেত্রী। পরে সুযোগ হয় কাজলের। বিষয়টি পরে জেনেছিলেন তিনি। কাজল বলেছিলেন, নিঃসন্দেহে আমার থেকে ভালো কাজ এখানে শ্রীদেবী জি করতেন। কারণ, তিনি একজন মহান অভিনেত্রী। আমি তার কাছে একজন শিশু। এদিকে ২০০০ সালের পর থেকে ছবি কমিয়ে দেন শ্রীদেবী। তবে হালের ‘ইংলিশ ভিংলিশ’ ও ‘মম’ ছবি দুটির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন হয় তার। ছবি দুটির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা কুড়ান শ্রীদেবী। দক্ষিণ ভারতের ছবিতে শিশু শিল্পী হিসেবে শ্রীদেবী কাজ শুরু করেন ১৯৬৯ সালে। বলিউডে তার অভিষেক হয় ১৯৭৮ সালে ‘সোলওয়া সাভান’ ছবির মধ্যে দিয়ে। এরপর একে একে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। কখনো রোমান্টিক, কখনো অ্যাকশন লেডি, কখনো বোকা কিংবা চতুর তরুণী আবার কখনোবা বিষধর নাগিনীর ভূমিকায় তাকে পাওয়া গেছে। প্রতিটি চরিত্রেই দারুণভাবে সফল ছিলেন তিনি। বলিউডের ইতিহাসের সর্বাধিক সুন্দরী এবং সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম ধরা হয় শ্রীদেবীকে। হলিউড এবং বলিউডের অনেক বড় বড় প্রস্তাবও চরিত্র পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন শ্রীদেবী। ব্যক্তিগত জীবনে ১৯৮৫ সালে মিঠুন চত্রবর্তীকে গোপনে বিয়ে করেন তিনি। তিন বছর একসঙ্গে ছিলেন তারা। এরপর আলাদা হয়ে যান। ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। সেই ঘরে ‘জানভী’ ও ‘খুশী’ নামক দুটি কন্যাসন্তান রয়েছে তার। শেষের দিকে দুই মেয়েকে নিয়েই মূলত সময় কাটতো শ্রীদেবীর। শনিবার রাতে দুবাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। ভারতের জুম টিভি তাদের একটি প্রতিবেদনে লিখেছে, মৃত্যুর কিছুক্ষণ আগেও হাস্যোজ্জ্ব্বল ছিলেন শ্রীদেবী। মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’