নিশাত মজুমদারের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়ার এভারেস্ট জয়

নিশাত মজুমদারের পর মাত্র সাতদিনের ব্যবধানে বাংলাদেশের আরেক নারী ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। দ্বিতীয় বাংলাদেশি নারী ও চতুর্থ বাংলাদেশি হিসেবে তিনি এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টা ৪১ মিনিটে হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে তিনি এই শীর্ষ চূড়ায় আরোহণ করেন। ২৭ বছর বয়সী ওয়াসফিয়া দেশের সবচেয়ে কম বয়সী, যিনি এভারেস্ট চূড়ায় উঠলেন।
এভারেস্ট জয়ের পরপরই ওয়াসফিয়া তার ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির মুখপাত্র করভী রাখসান্দকে স্যাটেলাইট ফোনে এ খবর দেন। তার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ওয়াসফিয়া নাজরীনের হিমালয় জয়ের সময় উল্লেখ করা হয়েছে ২৬ মে সকাল ৬টা ৩১ মিনিট। প্রতিষ্ঠানটির প্রধান নবীন ত্রিতাল জানান, ওয়াসফিয়া নাজরীন এবং তার সহযোগী তিনজন শেরপা এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। সঙ্গীরা হচ্ছেন- নিমা গিরমান, দা কুসাং ও ফুরবা দর্জি।
করভী রাখসান্দ ইত্তেফাককে বলেন, সকাল ৭টার দিকে ওয়াসফিয়া তাকে ফোন করেন এবং ৩০ সেকেন্ড কথা বলেন। করভী জানান, ফোনে কথা বলার সময় ওয়াসফিয়া ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। ক্লান্তও মনে হচ্ছিল। তারা তখন সাউথ কোলের দিকে নামছিলেন। আজ রাতে তারা সাউথ কোলে অবস্থান করবেন। পরদিন বেস ক্যাম্পে ফিরে আসবেন। ওয়াসফিয়াসহ সবাই নিরাপদ আছেন বলেও তিনি জানান।
ওয়াসফিয়া নাজরীনের গ্রামের বাড়ি ফেনী, তবে তার জন্ম ঢাকায়। ছেলেবেলা কাটে চট্টগ্রামে। লেখাপড়া করেছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। পরে তিনি স্কটল্যান্ডে পড়াশুনার জন্য যান। সেখানে পড়েন সামাজিক মনোবিজ্ঞান ও স্টুডিও আর্ট বিষয়ে। পড়ালেখা শেষ করে একটি এনজিওতে উন্নয়নকর্মী হিসেবে যোগ দেন ওয়াসফিয়া। পরে চাকরি ছেড়ে নিজের উদ্যোগে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন। এরপর থেকেই চলছে তার পর্বতারোহণ অভিযান ।
এদিকে এভারেস্ট জয়ী দেশের দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
যাত্রা শুরু যেভাবে
গত ১০ মার্চ সিটি ব্যাংকের প্রধান র্কাযালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওয়াসফিয়া এভারেস্ট অভিযানের কথা জানান। এ সময় তার হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়। ১৩ মার্চ তিনি নেপালের উদ্দেশে দেশ ত্যাগ করেন। ২৬ মার্চ তিনি এভারেস্ট অভিযান শুরু করেন। করভী রাখসান্দ জানান, শুক্রবারেই ওয়াসফিয়ার এভারেস্ট চূড়ায় পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তিনি অভিযান বন্ধ রাখেন। ওইদিন বৈরী আবহাওয়ায় ৭ আরোহী প্রাণ হারান বলেও জানা গেছে।
গত ১৯ মে নিশাত মজুমদার দেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। তার সঙ্গী হয়ে এভারেস্ট চূড়ায় ওঠেন এম এ মুহিত। তাদের এ অভিযান ছিল নেপালের দিক থেকে। এর আগে এম এ মুহিত তিব্বতের দিক থেকে এভারেস্ট জয় করেন। এম এ মুহিতই একমাত্র বাঙ্গালি যিনি উত্তর ও দক্ষিণ দুইদিক থেকেই এভারেস্ট জয় করেছেন। এছাড়া ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম ও ২০১১ সালের ২১ মে এম এ মুহিত এভারেস্ট জয় করেন।
শীর্ষ সাত চূড়ার তিনটি জয়
গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১১-তেই ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ শীর্ষক অভিযানের ঘোষণা দেন ওয়াসফিয়া নাজরীন । এই কর্মসূচির আওতায় সাত মহাদেশের সর্্বোচ্চ চূড়া জয় করবেন তিনি। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে তিন মহাদেশের শীর্ষ চূড়া জয় করলেন ওয়াসফিয়া। এর আগে ২০১১ সালের ২ অক্টোবর আফ্রিকা মহাদেশের শীর্ষ পর্বত চূড়া কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত চূড়া অ্যাকানকাগুয়া জয় করেন তিনি।
এভারেস্টে নারী
১৯৭৫ সালের ১৬ মে জাপানের জুনকো তাবেই বিশ্বের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। এছাড়া ১৯৮৮ সালে যুক্তরাজ্যের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ এ পর্বত জয় করেন স্টেসি অ্যালিসন। এই উপমহাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ীর গৌরব অর্জন করেন ভারতের বাচেন্দ্রী পাল। তিনি ১৯৮৪ সালে এভারেস্ট জয় করেন। আর এভারেস্টজয়ী প্রথম বাঙ্গালি নারী ভারতীয় সেনাবাহিনীর শিপ্রা মজুমদার। তিনি ২০০৯ সালে এভারেস্ট জয় করেন।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests