Wednesday, 9 September 2026 |
শিরোনাম
বি১/বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস: জন্ম পর্যটন, চাকরি ও একাডেমিক পড়াশোনায় ভিসা ব্যবহারে নিষেধাজ্ঞা; সাংবাদিকদের জন্যও বিশেষ নির্দেশনা ‘This Is Not 1945’: UN General Assembly Opens 81st Session With Call to Restore Global Trust ‘এটি ১৯৪৫ নয়’: বৈশ্বিক আস্থা পুনর্গঠনের অঙ্গীকারে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু ২৫ বছর পরও ৯/১১-এর ক্ষত অমোচনীয়; নিউইয়র্ক থেকে ওয়াশিংটন, শুক্রবার আমেরিকার স্মরণ নিউইয়র্ক সিটি এন্ড স্টেটের লেবার মুভমেন্ট ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
সব ক্যাটাগরি

‘এটি ১৯৪৫ নয়’: বৈশ্বিক আস্থা পুনর্গঠনের অঙ্গীকারে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: September 8, 2026 | 11:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: যুদ্ধ, মানবিক সংকট, ভূরাজনৈতিক বিভাজন, জলবায়ু পরিবর্তন এবং পারমাণবিক উত্তেজনার মতো বহুমাত্রিক সংকটের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনর্গঠন এবং পরিবর্তিত বিশ্বের বাস্তবতার সঙ্গে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করে তোলার অঙ্গীকার করেন।

নতুন অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’। অর্থাৎ, আস্থা পুনরুদ্ধার ও পরিবর্তন ব্যবস্থাপনার মাধ্যমে এমন একটি জাতিসংঘ গড়ে তোলা, যা সবার জন্য কার্যকরভাবে কাজ করবে।

দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতায় বিদায়ী ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ড. খলিলুর রহমানের হাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ঐতিহ্যবাহী আইসল্যান্ডিক কাঠের হাতুড়ি (গ্যাভেল) তুলে দেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সময় উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, “আমাদের জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তুলতে হবে।” বিশ্বে বর্তমানে আস্থার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটি ১৯৪৫ নয়। এটি ৮১তম অধিবেশন। বিশ্ব এগিয়ে গেছে। প্রতিষ্ঠানকেও এগিয়ে যেতে হবে, আর আমি সেই প্রক্রিয়ায় সহায়তা করব।”

ছয় অগ্রাধিকার নির্ধারণ

৮১তম অধিবেশনে ড. খলিলুর রহমান ছয়টি প্রধান অগ্রাধিকার তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধ ও সংঘাত বন্ধ করে শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গতি বাড়ানো; জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা; মানবাধিকার, মানবিক সহায়তা এবং শরণার্থী ও অভিবাসীদের সুরক্ষা; অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল শাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা এবং জাতিসংঘ সংস্কার ও আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা।

তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—‘Silence the guns, amplify the voices’, ‘No one left behind, no country left out’, ‘Our planet, our pact’, ‘Rights and protection’, ‘Innovation with inclusion’ এবং ‘We the peoples, reimagined’।

‘বৈশ্বিক সমস্যা সমাধানে জাতিসংঘের প্রয়োজন আগের চেয়ে বেশি’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন অধিবেশনের উদ্বোধনী আয়োজনে বলেন, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠনই বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। যুদ্ধ, ভূরাজনৈতিক বিভাজন, পারমাণবিক সংঘাতের ঝুঁকি, দারিদ্র্য, বৈষম্য এবং জলবায়ু সংকটের মধ্যে বৈশ্বিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আরও বেড়েছে।

গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার—যা জাতিসংঘের মূল ভিত্তি—অনেক ক্ষেত্রেই দায়মুক্তির সঙ্গে লঙ্ঘিত হচ্ছে। একই সঙ্গে ভূরাজনৈতিক অবিশ্বাস ও সন্দেহ প্রয়োজনীয় সমাধানের পথে বাধা সৃষ্টি করছে এবং বৈশ্বিক সহযোগিতার ওপর মানুষের আস্থা ক্ষয় করছে।

তবে তিনি জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, কূটনীতি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সাধারণ পরিষদ বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে হারিয়ে যাওয়া আস্থা ও পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।

জাতিসংঘ মহাসচিব হিসেবে এটিই সাধারণ পরিষদের কোনো অধিবেশনের শেষ উদ্বোধন বলে জানান গুতেরেস। আগামী জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন। ফলে ৮১তম অধিবেশনে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে সামনে রয়েছে।

‘জাতিসংঘ ছাড়া কোনো দেশই ভালো অবস্থায় থাকবে না’

৮০তম অধিবেশনের সমাপনী অধিবেশনে বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক জাতিসংঘের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, জাতিসংঘের সীমাবদ্ধতা থাকলেও এর বিকল্প হিসেবে এমন কোনো ব্যবস্থা নেই, যা বিশ্বকে আরও ভালো অবস্থায় নিয়ে যাবে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও শান্তিরক্ষা কার্যক্রমের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বহু মানুষ জাতিসংঘের শিক্ষা, মানবিক সহায়তা ও শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নেতিবাচক ও বিদ্বেষমূলক বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি মনোযোগ পেলেও জাতিসংঘের ইতিবাচক কার্যক্রম অনেক সময় আড়ালে থেকে যায়।

ড. খলিলুর রহমান

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. খলিলুর রহমান বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এর আগে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজনও তিনি।

বিশ্ব যখন একাধিক যুদ্ধ, মানবিক বিপর্যয়, জলবায়ু সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থার সংকটের মুখোমুখি, ঠিক এমন সময়ে বাংলাদেশের একজন কূটনীতিকের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের যাত্রা শুরু হলো। UN Photo/Manuel Elías

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ