নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল মানুষের অংশগ্রহণ এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ-এর প্রতি গভীর ভালোবাসার আবহে নিউইয়র্কে পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন করেছে আনজুমানে আল ইসলাহ ইউএসএ। সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইয়ুথ প্রোগ্রাম, বর্ণাঢ্য মুবারক র্যালি ও মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্কের ওজন পার্কের ফুলতলী জামে মসজিদকে কেন্দ্র করে আয়োজিত এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ধর্মীয় সমাবেশে পরিণত হয়।
বিকেল ৪টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত অনুষ্ঠিত ইয়ুথ প্রোগ্রাম ও আলোচনা সভায় প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, মহান আদর্শ, অনুপম চরিত্র, মানবিক মূল্যবোধ এবং উম্মতের প্রতি তাঁর গভীর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন আল ইসলাহ ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাসূলুল্লাহ ﷺ সমগ্র মানবজাতির জন্য রহমত ও হেদায়াতের দূত। তাঁর জীবন ও চরিত্র মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় এবং অসহায় মানুষের প্রতি সহমর্মিতার শিক্ষা দিয়ে তিনি একটি আদর্শ সমাজের ভিত্তি স্থাপন করেছেন। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা গেলে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।
বাদ আসর ফুলতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র্যালি বের হয়। র্যালিটি ওজন পার্ক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা নাতে রাসূল ﷺ, নাশিদ ও কাসীদা পরিবেশনের পাশাপাশি দরুদ ও সালাত-সালাম পাঠ করেন। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে প্রিয়নবী ﷺ-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর মহান আদর্শের বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে সমস্বরে নাতে রাসূল, কাসীদা ও প্রশংসাগীত পরিবেশনের মধ্য দিয়ে ওজন পার্কের রাজপথ মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নতুন প্রজন্মের কাছে রাসূলুল্লাহ-এর জীবন, শিক্ষা ও আদর্শ তুলে ধরতেই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
র্যালি শেষে বাদ মাগরিব ফুলতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাহফিল। এতে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্টেটের দায়িত্বশীল, আলেম-ওলামা, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম. এ. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা শাব্বীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কাওছার আহমদ।
সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য হযরত আল্লামা সৈয়দ সাজিদুল হক, সহ-সভাপতি হযরত মাওলানা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, মিয়ার বাজার সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান, পেনসিলভেনিয়ার বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. আব্দুল মালিক, নিউ জার্সি স্টেটের সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জুরালালী, পেনসিলভেনিয়া স্টেটের সেক্রেটারি মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, মাওলানা সুন্নতুর রহমান এবং আল ইসলাহ ইয়ুথ ফোরামের ইয়ুথ লিডার হাফিজ মহসিন হুদা।
অনুষ্ঠানে আনজুমানে আল ইসলাহ ইউএসএ ও এর বিভিন্ন স্টেট শাখার দায়িত্বশীলদের পাশাপাশি ফুলতলী জামে মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার, বাংলাবাজার ইসলামিক সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক এবং বিভিন্ন মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেলি-পরবর্তী মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুস সুন্নাহ লতিফিয়া নিউইয়র্কের হাফিজ ইয়াকুব। নাতে রাসূল ﷺ পরিবেশন করেন হাফিজ মহসিন হুদা।
আয়োজন সফল করতে সহযোগিতা করায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান আনজুমানে আল ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম. এ. নূর ও সেক্রেটারি মাওলানা শাব্বীর আহমদ।
তারা বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই ঈদে মীলাদুন্নবী ﷺ-এর আয়োজন সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও প্রিয়নবী-এর মহান আদর্শ, শিক্ষা, চরিত্র ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং মুসলিম সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
- নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র্যালি
- নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’: প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য
- বিশ্বের ৬৩ দেশে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশের কনস্যুলার সেবা
- Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge
- নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মাষ্টমী উপলক্ষে পূজা কমিটির নানা আয়োজন
- নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান