Friday, 18 September 2026 |
শিরোনাম
স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি: বিমানবন্দরে স্বাগত ও জাতিসংঘের সামনে সমাবেশের প্রস্তুতি বিএনপির, প্রতিবাদ-বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের মৃত্যু ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু অ্যাপার্টমেন্টে ঝুলন্ত মরদেহ, ‘হত্যা করে আত্মহত্যার নাটক’—পরিবারের অভিযোগ; উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি নিউইয়র্কে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ, স্কুলের কম্পিউটার-আইপ্যাডেও ইউটিউব বন্ধ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছরের ভিসা-সীমা আটকে দিলেন মার্কিন বিচারক নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও স্মরণসভা
সব ক্যাটাগরি

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু অ্যাপার্টমেন্টে ঝুলন্ত মরদেহ, ‘হত্যা করে আত্মহত্যার নাটক’—পরিবারের অভিযোগ; উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: September 17, 2026 | 12:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ভাটারার একটি অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগ—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

সাগর যুক্তরাষ্ট্রপ্রবাসী কনস্ট্রাকশন ব্যবসায়ী ও ব্রুকলিনের বাসিন্দা আবদুল মালেকের ছেলে। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। পরিবারের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সাগর। পরে ঢাকায় গিয়ে গাড়ির ব্যবসা শুরু করেন।

পরিবার জানায়, ঢাকায় অবস্থানকালে মাহজাবিন ইসলাম রিয়া নামে এক নারীর সঙ্গে সাগরের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরিবারের দাবি, ওই নারী বিবাহিত এবং তার সন্তান রয়েছে—যে তথ্য সাগরের কাছে গোপন করা হয়েছিল। একপর্যায়ে সাগর তাকে বিয়ের প্রস্তাব দিলে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এ সম্পর্কের সূত্রে অর্থনৈতিক লেনদেন ও বিরোধের বিষয়ও তদন্তের আওতায় আনার দাবি করেছে পরিবার।

ঘটনার সময় সাগরের অ্যাপার্টমেন্টে একজন নারী ছাড়াও আরও একজন পুরুষ উপস্থিত ছিলেন বলে পরিবার জানিয়েছে। এই তথ্যকে মৃত্যুর তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট সকাল ১০টা ৫ মিনিটের ফ্লাইটে সাগর ঢাকায় যান। ২১ আগস্ট বিকেল ৫টা ১৫ মিনিটে ফেরার টিকিটও তার করা ছিল। এর মধ্যেই ২০ আগস্ট ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাগরের ভাই সাইফ উদ্দিন মালেক মামুন জানান, ১৯ আগস্ট বিকেল ৪টা ৩৩ মিনিটে তিনি ভাইকে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে ৪টা ৪৭ মিনিটে বার্তা পাঠান। পরে সাগর ভয়েস মেসেজে জানান, তিনি অ্যাপার্টমেন্টে আছেন, কিন্তু সেখানে অন্য লোকজন থাকায় কথা বলতে পারছেন না। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে তাদের সর্বশেষ কথোপকথন হয়।

মামুনের ভাষ্য, ওই রাত ১০টা ১০ মিনিটের দিকে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার ও সহকারী মুসার সঙ্গে কথা হলে তিনি সাগরের মৃত্যুর খবর জানান। মুসা প্রথমে সাগর অ্যাপার্টমেন্টে একাই ছিলেন বলে দাবি করলেও পরে বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দিয়েছেন বলে মামুনের অভিযোগ। মরদেহ মেঝেতে পড়ে থাকার কথাও মুসা জানিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

পরিবারের দাবি, মুসা সাগরের এক রুমমেটের কাছে একটি ছবি পাঠান। ওই রুমমেট তখন মক্কায় ওমরাহ পালন করছিলেন। ছবিতে সাগরের হাত ভাঙা অবস্থায় দেখা যায় বলেও পরিবার জানিয়েছে। মৃত্যুর আগে ও পরে ফোনকল, ভয়েস মেসেজ, ছবি এবং অ্যাপার্টমেন্টে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা তদন্তে গুরুত্ব দেওয়ার দাবি তাদের।

ঘটনার পরদিন পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে ভাটারা থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের দাবিতে সাগরের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. চাঁদ মিয়া বলেন, ঘটনার প্রকৃত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার অভিযুক্ত আসামিকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সাগরের চাচা যুক্তরাষ্ট্রপ্রবাসী আনোয়ার হোসেন সিপিএ বলেন, সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়ে থাকতে পারে। ঘটনার সময় অ্যাপার্টমেন্টে থাকা সবাই এবং মৃত্যুর আগে-পরে যোগাযোগকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

পরিবারের আরও দাবি, মৃত্যুর আগে প্রায় তিন মাস ধরে সাগর স্থায়ীভাবে চট্টগ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বাবার সঙ্গে এ বিষয়ে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং ঢাকার মালামাল কোথায় রাখা হবে, তা নিয়েও পরামর্শ করেছিলেন। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন, যোগাযোগের রেকর্ড ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে পরিবার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ