নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্রুকলিনে নির্বাচনী সভা করেছে ‘কুনু-ফিরোজ’ প্যানেল। সভায় প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ সোসাইটির আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি, কবরস্থান ও ফিউনারেল হোম প্রতিষ্ঠা, নতুন প্রজন্মকে সম্পৃক্তকরণসহ বিভিন্ন বিষয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ম্যাকডোনাল্ড এভিনিউয়ের রাধুনী রেস্টুরেন্টে আয়োজিত সভায় বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। রেস্টুরেন্টের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকে বাইরে দাঁড়িয়েও সভায় অংশ নেন। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা সভায় প্যানেলের সমর্থক ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় আজমল হোসেন কুনু বলেন, তিনি এর আগে বাংলাদেশ সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দাবি, সে সময় সোসাইটির অর্থ অপচয় করা হয়নি। নির্বাচিত হলে প্রয়োজনীয় কাজ বাস্তবায়ন করা হবে, তবে কোনো ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেওয়া হবে না। তিনি বলেন, সোসাইটির নামে ভবন কেনার অর্থ জমা হলে ভবন কেনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যমান ভবন রক্ষা ও ভায়োলেশনমুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

কুনু বলেন, নির্বাচিত হলে তাদের অগ্রাধিকারগুলোর একটি হবে ফিউনারেল হোম প্রতিষ্ঠা। সোসাইটিকে আরও গণমুখী করতে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলার প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা কাঠামো গঠন এবং ট্রাস্টি বোর্ড সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য, ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং নির্বাচনী ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ বলেন, বাংলা ভাষাভাষী প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটিকে ‘জবাবদিহিমূলক’ ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তারা। নতুন অভিবাসীদের চাকরির সুযোগ ও দিকনির্দেশনা, নিউইয়র্ক-ঢাকা রুটে বিমান যোগাযোগের দাবি, আরও কবরস্থান ক্রয় এবং অনলাইনে ভোটার হওয়ার প্রক্রিয়া সহজ করার মতো বিষয়কে তিনি কর্মসূচির অংশ হিসেবে তুলে ধরেন।
নতুন প্রজন্মকে সোসাইটির কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য প্রয়োজন অনুযায়ী কার্যকরী পরিষদে নতুন পদ সৃষ্টির কথাও বলেন ফিরোজ। পাশাপাশি ইফতার মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় কমিয়ে সাশ্রয়ীভাবে আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

সভায় বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানান। তিনি নির্বাচনী ব্যবস্থাপনা ও বিভিন্ন ব্যয়ের বিষয়ে প্রশ্ন তুলে স্বচ্ছতার দাবি করেন। তার বক্তব্যে ইফতার, ফটো কার্ড ও ম্যাগাজিন প্রকাশের খাতে ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এসব ব্যয়ের বিষয়ে বর্তমান কমিটির বক্তব্য সভায় উপস্থাপিত হয়নি।
মোহাম্মদ হানিফ বলেন, অতীতে তিনি সোসাইটির কোনো নির্বাচনে প্রকাশ্যে কোনো প্যানেলকে সমর্থন করেননি। তবে এবার পরিবর্তনের প্রয়োজন বিবেচনায় ‘কুনু-ফিরোজ’ প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন বলে তিনি জানান। হাজী মফিজুর রহমানও প্যানেলটি নির্বাচিত হলে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষা বিবেচনায় কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি আব্বাস উদ্দিন দুলাল ও ফারুক চৌধুরী, সন্ধীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি মাহফুজুল মওলানা নান্নু, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি হাজী মফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সভায় আনোয়ার হোসেন প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্যানেলের সভাপতি পদে আজমল হোসেন কুনু, সিনিয়র সহসভাপতি পদে দুলাল বেহেদু, সহসভাপতি পদে আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদসহ বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
পরে বেলাল আহমেদ ব্রুকলিন নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। কমিটির চেয়ারম্যান লুৎফুল করীম, কো-চেয়ারম্যান হাজী ইসমাইল মিয়া, আহ্বায়ক মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনূস আলী, সদস্য সচিব ওয়ালিদুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী এস এম ফেরদৌসসহ অন্যদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে আগামী ২৫ অক্টোবর, রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’
- নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা!
- নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন
- New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development
- FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা, মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি