Sunday, 4 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদ্‌যাপনে নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার উদ্বোধন বাংলাদেশ সোসাইটি’র নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন: আর্থিক হিসাব, বাংলাদেশ সেন্টার, ভবনের ভায়োলেশন ও ফিউনারেল ফান্ড নিয়ে ব্যাখ্যা নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে কনস্যুলার ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক বন্ধ, এখন শুধু ডেবিট ও ক্রেডিট কার্ড আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন: ‘রাজনৈতিক তোষামোদী মিডিয়া গ্রহণযোগ্যতা হারায়’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা: বর্তমান কমিটির কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার উদ্বোধন বাংলাদেশ সোসাইটি’র

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: October 4, 2026 | 1:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা ছড়িয়ে দিতে নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু করেছে বাংলাদেশ সোসাইটি ইনক। গত ২ অক্টোবর জ্যামাইকায় সোসাইটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক নেতৃবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্য, গণমাধ্যমকর্মী এবং শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির ব্রুকলিন শাখা এবং সোসাইটির নিজস্ব কার্যালয়ে দীর্ঘদিন ধরে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে। জ্যামাইকায় তৃতীয় শাখা চালু হওয়াকে তিনি সোসাইটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। নতুন শাখা প্রতিষ্ঠায় স্কুলের পরিচালক সৈয়দ উল্লাহ, পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, বাংলা স্কুল প্রতিষ্ঠা ছিল তাদের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয়। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বাংলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ব্রঙ্কসে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী সময়ে উডসাইডেও স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শিশুদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম যাতে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে সম্পর্ক হারিয়ে না ফেলে, সে লক্ষ্যেই বাংলা স্কুল কাজ করছে। তাঁর ভাষায়, বাংলা স্কুল শুধু ভাষা শেখার প্রতিষ্ঠান নয়; এটি নতুন প্রজন্মের সঙ্গে তাদের শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের সেতুবন্ধন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির ব্রুকলিন শাখার শিক্ষিকা ফারজিন রাখি কবির নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তাঁর তিন সন্তানই বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের শিক্ষার্থী ছিল। তাঁর বড় সন্তান স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল চাকরিতে রয়েছেন। দ্বিতীয় সন্তান নাসায় কর্মরত এবং ছোট সন্তান কাব্য কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করছেন। তিনি জ্যামাইকা শাখার সাফল্য কামনা করেন।

জ্যামাইকা শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রুমানা আফরোজ বলেন, শিশুদের বাংলা ভাষা শেখানোর পাশাপাশি তাদের আগ্রহ ও সৃজনশীলতা বিকাশে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ কাজে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য আবুল কাশেম চৌধুরীসহ সাবেক নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল বাংলা স্কুলের কার্যক্রম সম্প্রসারণ। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় জ্যামাইকায় তৃতীয় শাখা চালু করা হয়েছে। তারা জানান, বর্তমান কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং এর মধ্যে আরও দুটি বাংলা স্কুল চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে শিশুরা বাংলা বর্ণমালার ‘অ, আ, ক, খ’ লেখা কার্ড এবং ‘বাংলা স্কুল’ লেখা প্ল্যাকার্ড হাতে মঞ্চের সামনে জড়ো হয়। আমেরিকান পতাকা হাতে শিশুদের উচ্ছ্বাস অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অভিভাবকেরা মোবাইল ফোনে শিশুদের সেই মুহূর্ত ধারণ করেন।

পরে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সদস্য এবং শিক্ষকদের উপস্থিতিতে জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

আয়োজকেরা জানান, নতুন শাখায় সপ্তাহে দুই দিন পাঠদান করা হবে। শিশুদের নিয়মিত স্কুলে আনা-নেওয়া এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ