হুমায়ূনের সমাধিতে ভক্তদের শ্রদ্ধার্ঘ্য :নুহাশ পল্লীতে কোরানখানি দোয়া মাহফিল

নুহাশ পল্লীর লিচুবাগানে চিরনিদ্রায় শায়িত জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য লোকজন এখনো ভিড় করছেন। পিরুজালী গ্রামের লোকজন ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ও ভক্তরা দলবেঁধে হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধা জানাতে আসেন। ভোর থেকে মানুষজনের আসা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে যেন মানুষের ঢল নামে নুহাশ পল্লীতে। মহিলাদের সংখ্যাই ছিল বেশি।
গতকাল বুধবার সকাল থেকে কবরের পাশে কোরানখানি চলে। কবর থেকে খানিকটা দূরে লিচুগাছের শান বাঁধানো চত্বরে বসে কোরান তেলাওয়াত করেন স্থানীয় কোরানে হাফেজরা। তাদের সাথে ছিলেন হুমায়ূন আহমেদের জানাজায় ইমামতির দায়িত্ব পালনকারী বৃদ্ধ মজিবুর রহমান মুন্সী।
গত মঙ্গলবার হুমায়ূন আহমেদের কফিনের সঙ্গে আসা স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার পিতা প্রকৌশলী মোহাম্মদ আলী, মাতা সংসদ সদস্যা তহুরা আলী, শাওনের দুই পুত্র নিষাদ ও নিনিত, শাওনের বোন সেঁজুতিসহ অন্যান্য আত্মীয়-স্বজন নুহাশ পল্লীর বাংলোতে রাত যাপন করেন। তাদের সঙ্গে অন্য প্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের স্ত্রী স্বর্ণা, তার দুই সন্তান অমিয় এবং অনয়। অভিনেত্রী তানিয়া ও তার ছেলে জিয়াসকে নিয়ে তাদের সাথে ছিলেন। শাওনসহ তার পরিবারের সদস্যরা কিছুদিন নুহাশ পল্লীর বাংলোতেই থাকবেন বলে জানিয়েছেন পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল।
গতকাল ভোরে ফজরের নামাজের পর শাওন তার দুইপুত্র ও পরিবারের সদস্যরা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। শাওনের পক্ষ থেকে দিনব্যাপী কোরানখানি বাদ আসর দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়। শাওনের পিতা প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, শাওনের পক্ষ থেকে বুধবারের এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে হুমায়ূন আহমেদের ছোটভাই ড. মোহাম্মদ জাফর ইকবাল তার মা আয়েশা ফয়েজ এবং পরিবারের অন্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। শাওন কতদিন নুহাশ পল্লীতে থাকবেন এ প্রশ্নের জবাবে শাওনের পিতা জানান, যতদিন শাওনের মনে চায় ততদিনই সে নুহাশপল্লীতে থাকবে। এটি তার নিজস্ব ব্যাপার।
মঙ্গলবার দাফনের পর রাতে হুমায়ূন আহমেদের কবরের পাশে সারারাত একটি হারিকেন জ্বালিয়ে রাখা হয়। যাতে শেয়ালসহ অন্য কোন প্রাণী মাটি খুড়ে কবরটি নষ্ট করতে না পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত নুহাশ পল্লীতে পুলিশ মোতায়েন ছিল।
বুধবার ভোরে নুহাশ পল্লীর কর্মচারী মোশারফ হোসেন কবরের অদূরে দাঁড়িয়ে ফজরের আযান দেন। পরে তিনি কবরের চার পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি পরিষ্কার করেন। গতকাল বুধবার সকালে নুহাশ পল্লীতে গিয়ে দেখা গেছে বিভিন্নস্থান থেকে দলবেঁধে লোকজন আসছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে। তারা অনেকেই কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করতে আসা কৃষক আফাজ মিয়া জানান, গরিব মানুষ হিসেবে আমাদের কোন অবহেলা করেননি হুমায়ূন আহমেদ। তিনি আমাদের অনেক মহব্বত করেছেন। ভীড়ের কারণে মঙ্গলবার দেখতে আসতে পারিনি। তাই আজ এসেছি তার কবর দেখতে। এলাকার বৃদ্ধা খোদেজা বেগমসহ কয়েকজন মহিলা আক্ষেপ করে বলেন, হায়াত থাকলে হুমায়ূন আহমেদ আরো উন্নতি করতে পারতেন। তার কারণেই আমরা এলাকায় বিদ্যুত্ ও রাস্তাঘাট পেয়েছি। তাই আমরা হুমায়ূন আহমেদের কবর ও বাচ্চাদের দেখতে এসেছি। পিরুজালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তামান্না, নিলুফা, শিমু, সুপ্রিয়া ও অর্চণা বললো, আমরা তার ভক্ত । দাফনের সময় আসতে পারি নাই, তাই আজ স্যারের কবর দেখতে এসেছি।
গতকাল দুপুরে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দূতাবাসের কর্মকর্তা অভিজিত্ চ্যাটার্জি এবং সুবোধ ঘোষ বরেণ্য এই সাহিত্যিককে শ্রদ্ধা জানাতে নুহাশ পল্লীতে তাঁর কবরে আসেন। এসময় তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থাকেন।লেখক: মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি,ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests