‘নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত আমরাই জিতবো’-মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
কাউসার মুমিন, নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৯৯ দিন হাতে থাকা অবস্থায় গতকাল নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এক তহবিল সংগ্রহমূলক নৈশভোজে যোগ দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আগামী নির্বাচনে অর্থনীতি একটি বিরাট ইস্যু হবে। নির্বাচনে হড্ডাহাড্ডি লড়াইও হবে, তবে শেষ পর্যন্ত বিজয়ী হবো আমরাই। এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ফ্লাটিরন ডিস্ট্রিক্টের বিখ্যাত মেডিসন স্কোয়ার পার্কের অদূরে, মিডটাউন ম্যানহাটনের ব্রডওয়ে এভিনিউ’র ২৮তম স্ট্রিটে অবস্থিত স্বল্প পরিচিত প্যারিসীয় স্টাইলে নির্মিত ‘নোম্যাড হোটেল’-এ ওই নৈশভোজ অনুষ্ঠিত হয়। ওবামার সঙ্গে ওই সন্ধ্যায় ডিনারে অংশ নেয়ার জন্য ৬০ জন ওবামা সমর্থক মাথাপিছু ৪০ হাজার ডলার ডোনেশন দিয়ে ওবামার নির্বাচনী ক্যাম্পের জন্য সর্বমোট ২ দশমিক ৪ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেন । উল্লেখ্য, এটি ছিল গত এক মাসের মধ্যে নিউ ইয়র্কে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় সফর। এর আগে গত মাসে প্রখ্যাত অভিনয়শিল্পী সারাহ জেসিকা পার্কার ও ম্যাথু ব্রডারিক-এর বাসভবনে আয়োজিত এক মাল্টিমিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ওবামা। গতকালের নৈশভোজে যোগ দিতে বিকাল ৪:৩০ মিনিটে প্রেসিডেন্ট ওবামা নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন এবং ডিনার শেষে রাত ৯:৩০ মিনিটে ওয়াশিংটনের উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করেন। এ উপস্থিত তুমুল আত্মপ্রত্যয়ী আর উচ্ছ্বসিত দাতাদের ভিড়ে নভেম্বরের নির্বাচনে নিশ্চিত বিজয় সম্পর্কে সমবেত সকলের বিপুল প্রত্যাশা আর গভীর বিশ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেন, ‘আগামী নির্বাচন খুব কঠিন হবে, অনেক শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে জিতবো আমরাই।’ প্রেসিডেন্ট বলেন, এমনকি যদি আগামীকালই নির্বাচন অনুষ্ঠিত হয়, তবুও আমরাই জিতবো। হলভর্তি দাতাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে ওবামা যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করতে তার প্রশাসনের নেয়া পদক্ষেপগুলোর পক্ষে সাধারণ মানুষের জোরালো সমর্থন আছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিন্তু তারপরও এটা স্বীকার করতেই হবে যে আগামী নির্বাচনে অর্থনীতি একটি বড় ইস্যু হিসেবে সামনে আসবে। এই মুহূর্তেও অর্থনীতির অবস্থা এত বেশি মানুষের জন্য এত বেশি খারাপ যে, তা আগামী নির্বাচনকে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি না যে ইউরো’র বিপর্যয়কে ইউরোপ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে, কিন্তু তাদেরকে এখনই চূড়ান্ত অর্থে বেশ কিছু সুস্পষ্ট পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। আর এ উদ্দেশ্যে আমিও তাদের সঙ্গে মিলে অনেক সময় ব্যয় করছি। এ উপলক্ষে প্রদত্ত বক্তৃতায় সমপ্রতি রমনি প্রচারাভিযানের বিশাল বাজেটের বিজ্ঞাপন ‘রেস্টোর আওয়ার ফিউচার’-এর প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, প্রতিপক্ষের বিশাল বাজেটের সুপার প্যাক বিজ্ঞাপন সংস্কৃতি মার্কিন গণতন্ত্রের সামপ্রতিক ইতিহাসে এক নতুন এক্সপেরিমেন্টের মাধ্যমে নেতিবাচক প্রচারণায় ঢালাওভাবে বিশাল পরিমাণ অর্থ খরচের ধারণাকে উস্কে দিচ্ছে। কিন্তু আমরা ডেমোক্রেটরা প্রতিপক্ষের মতো ডলারের পরিবর্তে সমান পরিমাণ ডলার খরচের পদ্ধতিতে বিশ্বাস করি না। আমাদের তাই নিশ্চিত করতে হবে যে আমরা যা বলতে চাই তা যেন সুস্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে। উল্লেখ্য, অলিম্পিক উপলক্ষে রমনি’র পক্ষে ৭ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের প্রাক্তন অলিম্পিক বিজয়ীদের অংশগ্রহণে নির্মিত আলোড়ন সৃষ্টিকারী আশা জাগানিয়া ওই নির্বাচনী বিজ্ঞাপনের প্রচার আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হবে। অন্যদিকে গত জুনে বিজ্ঞাপন বাবদ অতিরিক্ত খরচের ফলে ওবামা’র প্রচারাভিযান বর্তমানে বাজেটের পরিমাণে রমনি’র প্রচারাভিযানের থেকে পিছিয়ে আছে, আর এ উপলক্ষে সমর্থকদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের গতকাল পাঠানো এক ই-মেলে বলা হয়েছে, এটা হাইপারবোল বা অতিরঞ্জন নয়, আমরা যদি কখনও এই নির্বাচন না জিততে পারি, তবে জানবেন সেটা এ কারণে হয়েছে যে নির্বাচনী বাজেট ঘাটতি আমরা সঠিক সময়ে দূর করতে পারিনি, যা আমরা চাইলেই করতে পারতাম। আর প্রেসিডেন্ট ওবামা যখন নিউ ইয়র্ক সিটিতে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তখন মিট রমনি ইসরাইলে তার নির্বাচনী তহবিল সংগ্রহে ব্যস্ত ছিলেন। গত জুন থেকে পর পর দুই মাস রমনি সমর্থকরা ওবামা শিবিরের চেয়ে বেশি তহবিল সংগ্রহ করেছে, যদিও সংবাদ মাধ্যম দু’টি পক্ষের এ তহবিল সংগ্রহ অভিযানকে খুবই হযবরল বলে মন্তব্য করেছে। আরেক সংবাদে এনবিসি নিউজ সর্বশেষ হালনাগাদে জানিয়েছে, ফেডারেল রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ বড় বড় কর্পোরেশনের সিইও ‘ফরচুন-৫০০’ এবারের নির্বাচনে রমনি শিবিরকে যে আর্থিক সহায়তা দিয়েছে তার পরিমাণ ওবামা শিবিরকে দেয়া আর্থিক সমর্থনের চার গুণ বেশি। সূত্র জানিয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আগামী ডেমোক্রেটিক কনভেনশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করতে যাচ্ছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বারাক ওবামার নাম ঘোষণা করবেন। এছাড়াও মূল পর্বে তার প্রাইম টাইম স্পিচ দেয়ার বিষয়টিও এখন সুনিশ্চিত।
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests