গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ বন্ধে মার্কিন সিনেটরের আহ্বান

অনলাইন ডেস্ক : গ্রামীণ ব্যাংকের ওপর আরও বেশি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারি চেষ্টার বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন মার্কিন সিনেটর বারবারা বক্সার। ব্যাংকের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক বিবৃতিতে বারবারা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ওপর বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টায় আমি ভীষণ হতাশ। এ পদক্ষেপ বাংলাদেশের লাখ লাখ নারীর দারিদ্র্য কাটিয়ে ওঠার সামর্থ্যকে হুমকির মুখে ফেলবে। গ্রামীণ ব্যাংকের নেতৃত্বের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকেই দেওয়া উচিত।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব এবং সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকটির এমডি পদে নির্ধারিত বয়সের অতিরিক্ত সময় থেকে কী পরিমাণ অর্থ নিয়েছেন এবং এটা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক খাত বিভাগকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়। বক্সার বলেন, গ্রামীণ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ৮৩ লাখ লোককে ঋণ ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে। আর এই ঋণ গ্রহীতার বেশির ভাগই নারী। তাই সরকারকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তাহলে ঋণ গ্রহীতারা আর্থিক স্বাধীনতা উপভোগের পাশাপাশি তাঁদের পরিবারকে সাহায্য করতে পারবেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে দেওয়ার পক্ষে মত দেন সিনেটর বক্সার। গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে নয়জন নারী সদস্য রয়েছেন। তাঁরা ব্যাংকের শেয়ারহোল্ডার দ্বারা নির্বাচিত। গত ২৭ জুন যুক্তরাষ্ট্রের ১৭ জন নারী সিনেটরের পক্ষে বারবারা বক্সার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠান। সেখানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদকে দেওয়ার অনুরোধ জানানো হয়।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests