হিলারির চাপে লাদেন-হত্যা মিশনে ওবামার সম্মতি!
অনলাইন ডেস্ক : ২০১১ সালের মে মাসে মার্কিন কমান্ডোদের হামলায় নিহত হন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে এই চূড়ান্ত অভিযানের আগে আরও তিনবার লাদেনকে হত্যার পরিকল্পনা করা হলে তা বাতিল করে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চাপাচাপিতে তিনি এই অভিযানে সম্মতি দেন।ওয়ালস্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন টাইমস পত্রিকার সাবেক রিপোর্টার রিক মিনিটার তাঁর নতুন বইয়ে এমনটাই দাবি করেছেন। ‘লিডিং ফ্রম বিহাইন্ড: দ্য রিলাকট্যান্ট প্রেসিডেন্ট অ্যান্ড দি অ্যাডভাইজার হু ডিসাইড ফর হিম’ নামের বইটি আজ মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা।
রিক মিনিটার লিখেছেন, লাদেনকে হত্যায় পাকিস্তানে অভিযান চালানোর জন্য ২০১১ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিনবার পরিকল্পনা করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ওবামা একের পর এক সব পরিকল্পনা বাতিল করে দিতে থাকেন। তাঁর আশঙ্কা ছিল, পাকিস্তানের অ্যাবোটাবাদে শীর্ষ এই সন্ত্রাসীকে হত্যার পরিকল্পনা ‘শোচনীয়ভাবে ব্যর্থ’ হতে পারে। আর এ জন্য সবাই তাঁকেই দোষারোপ করবে। বইটির উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা এ কথা জানিয়েছে।
বইটির তথ্য অনুসারে, লাদেন-সংক্রান্ত বেশির ভাগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মার্কিন গোয়েন্দা সংস্থার তত্কালীন পরিচালক লিওন প্যানেট্টা, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ওপরই ছেড়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা।
বর্তমানে ওবামা প্রশাসনের অন্যতম প্রধান সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পরিচালিত অভিযানকে। বিষয়টি আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে ওবামা শুরু থেকেই এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন মিনিটার। তিনি তাঁর বইয়ে লিখেছেন, ‘বিন লাদেনের ওপর সম্ভাব্য হামলার ব্যাপারে খুব ছোটখাটো বিষয়েও ওবামা নিজেকে জড়াতে দ্বিধা করেছিলেন।’প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’