কে এই বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা?
অনলাইন ডেস্ক : মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে নির্মিত বিতর্কিত চলচ্চিত্রটি ভয়াবহ ক্ষোভ ছড়িয়েছে মুসলিম বিশ্বের কয়েকটি দেশে। গতকাল লিবিয়ায় মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলায় নিহত হয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসহ দূতাবাসের আরও তিনজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত এই চলচ্চিত্রটির প্রতিবাদে হামলা করা হয়েছে মিসর ও ইয়েমেনের মার্কিন দূতাবাসে। মুসলিম ধর্মচেতনাকে প্রচণ্ডভাবে আঘাত করা এই চলচ্চিত্রটির নির্মাতা নিজের পরিচয় দিয়েছেন স্যাম বাসিল (৫২) নামে। কিন্তু তাঁর পুরো পরিচয়ই এখন পর্যন্ত থেকে গেছে ধোঁয়াশাচ্ছন্ন। তার পরিচয়, পেশা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি কেউই। এমনকি চলচ্চিত্রে অভিনয় করা কলাকুশলীরাও নাকি জানতেন না যে এমন ধরনের একটা বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই স্যাম বাসিল। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজেকে একজন ইসরায়েলি-আমেরিকান বলে পরিচয় দিয়েছিলেন স্যাম বাসিল। জানিয়েছিলেন, ক্যালিফোর্নিয়ায় তাঁর ভবন নির্মাণের ব্যবসা আছে। কিন্তু ইসরায়েলে এই নামের কোনো মানুষের অস্তিত্ব নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইলগার পালমোর বলেছেন, ‘এই ব্যক্তি পুরোপুরি অজ্ঞাতনামা। এই মুহূর্তে কেউই নিশ্চিত করতে পারেনি যে তাঁর কখনো ইসরায়েলি নাগরিকত্ব ছিল কি না। এই তথাকথিত স্যাম বাসিলের সঙ্গে যোগাযোগ করতেও সমর্থ হয়নি কোনো গণমাধ্যম। নথিপত্র ঘেঁটেও এই নামের কোনো মানুষের তথ্য পাওয়া যায়নি বলে সিএনএন সূত্রে জানা গেছে। এই বিতর্কিত চলচ্চিত্রটির পাণ্ডুলিপি-পরামর্শক হিসেবে কাজ করা স্টিভ ক্লেইন জানিয়েছেন, বাসিল বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এমনকি এই স্যাম বাসিল নামটাও একটা ছদ্মনাম বলে স্বীকার করেছেন ক্লেইন।
চলচ্চিত্রটিতে যে ইসলামকে নিয়ে এভাবে অবমাননাকর বক্তব্য প্রদান করা হবে, সেটা নাকি এর কলাকুশলীরাও জানতেন না। নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন এই চলচ্চিত্রটিতে অভিনয় করা একজন অভিনেত্রী। গত বছরের জুলাইয়ে ‘মরু যোদ্ধা’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণের কথা প্রচার করে অভিনেতা-অভিনেত্রীদের আহ্বান করা হয়েছিল বলে সিএনএনের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে। বলা হয়েছিল, চলচ্চিত্রটি আরবের মরুভূমি নিয়ে একটি ঐতিহাসিক অভিযান বিষয়ে। কিন্তু এখানে কাজ করা প্রায় ৮০জন কলাকুশলী ‘ভীষণভাবে প্রতারিত’ হয়েছেন বলে অভিযোগ করেছেন মার্কিন গণমাধ্যমে। এক সম্মিলিত বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘চলচ্চিত্রটির পুরো ইউনিট প্রচণ্ডভাবে মর্মাহত। যেভাবে পাণ্ডুলিপি পুনর্লিখন করা হয়েছে, তাতে আমরা প্রচণ্ড আঘাত পেয়েছি। এর পরিণামে যা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।’ নাম প্রকাশ না করার শর্তে এই চলচ্চিত্রে কাজ করা এক অভিনেত্রী জানিয়েছেন, মূল পাণ্ডুলিপিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কোনো চরিত্রই ছিল না। অনেক কিছুই পরে কৃত্রিমভাবে সংযোজন করে বসানো হয়েছে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests