স্যান্ডির আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, ৬ কোটি মানুষ অন্ধকারে, নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন, এর মধ্যে নিউইয়র্কে ৫ জন

ডেস্ক: সামুদ্রিক ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। ১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ৬ কোটিরও বেশি মানুষ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। যুক্তরাষ্ট্র ও কানাডায় নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন। এর মধ্যে ৫ জন মারা গেছে নিউ ইয়র্কে। ম্যানহাটান রয়েছে একেবারে অন্ধকারে। সেখানে নিম্ন এলাকায় ১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। পূর্ব উপকূলে কমপক্ষে ৬২ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। নিউ ইয়র্কে কমপক্ষে এক সপ্তাহ বিদ্যুৎ থাকবে না। এতে অনুমিত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২০০ কোটি ডলার। এ ঘূর্ণিঝড়ে ৩ লক্ষাধিক বাংলাদেশীও রয়েছে চরম দুর্ভোগে। নিউ ইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, আমরা আগেভাগেই জানতাম এ ঘূর্ণিঝড় হবে ভয়াবহ। জীবনে এমন প্রলয়ংকরী ঝড় একবারই দেখা যায়। ওদিকে স্যান্ডি পূর্ব উপকূলে আঘাত হানার পর কানাডার দিকে অগ্রসর হয়। অনেক হাসপাতালে বিদ্যুৎ চলে যাওয়ায় জরুরি চিকিৎসা ব্যাহত হচ্ছে। কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা জারি করা হয়েছে। কুইন্সে আগুন ধরে যাওয়া বাড়িঘর থেকে অগ্নিনির্বাপকরা কমপক্ষে ৭০ জনকে উদ্ধার করেছে। ওই এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় বৈদ্যুতিক বিস্ফোরণ হয়েছে। স্যান্ডি তার গতি বাড়িয়ে সুপারস্টর্মে রূপ নিয়ে নিউ ইয়র্ক সিটির ওপর আঘাত হানার পর সেই শহরকে দেখে মনে হয়েছে হলিউডের কোন ছবিতে বিস্ফোরণের পর অথবা প্রলয়ের পর কোন শহরের ধ্বংসাবশেষ। ওদিকে নিউ ইয়র্ক থেকে এনা জানায়, টানা ২৪ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে হারিকেন স্যান্ডি নিউজার্সির আটলান্টিক সিটির সন্নিকটে সোমবার ২৯শে অক্টোবর সন্ধ্যা প্রায় ৮টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) আঘাত হানে। স্যান্ডি মওসুমি সাইক্লোনে পরিণত হয়ে মিশিগান হয়ে কানাডায় পাড়ি দিচ্ছে। আটলান্টিক সিটির ৫ সহস্রাধিক বাংলাদেশীসহ ১৫ হাজার অধিবাসীর প্রায় কেউই সে সময় বাড়িতে ছিলেন না। শুধু তাই নয়, ক্যাসিনোগুলোর ৪০ হাজার কর্মীকেও আগাম ছুটি দেয়া হয় রোববার সন্ধ্যায়। তারা ২৪ ঘণ্টা আগেই নিরাপদ আশ্রয়ে সরে যান। স্যান্ডির প্রভাবে আটলান্টিক সিটিতে ৮ ফুট পর্যন্ত পানি উঠেছে। নিউ ইয়র্ক সিটির নিম্নাঞ্চলেও পানি উঠেছে কয়েক ফুট। এসব স্থান থেকেও ২৪ ঘণ্টা আগেই পৌনে ৪ লাখ অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়। সিটির বিভিন্নস্থানে ৭৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সিটি প্রশাসনের উদ্যোগে। আগেই জানানো হয়েছে যে, নিউ ইয়র্ক, নিউজার্সি, দেলওয়ারে, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। স্যান্ডির আঘাত এবং তার প্রভাবে ক্ষত-বিক্ষত জনপদে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কমপক্ষে ২৬ লাখ আমেরিকান। এছাড়া, আরও কয়েক লাখ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে ঐ একই কারণে দুর্যোগকবলিত ১২ অঙ্গরাজ্যে। নিউ ইয়র্কের ব্যবসায়ী আকতার হোসেন বাদল হারিকেন কবলিত লং আইল্যান্ড লিটল লেক সংলগ্ন ফ্লাশিংয়ে বসবাস করেন। তিনি বলেন, সোমবার ও মঙ্গলবার সবকিছু বন্ধ থাকায় দিন এনে দিন খান এমন অনেক শ্রমিকের কষ্ট বেড়েছে। ব্যবসায়িকভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি বলেন, স্যান্ডিকবলিত লং আইল্যান্ডের সন্নিকটে ইস্ট ফ্লাশিংয়ে ৯০ মাইল বেগে প্রবাহিত ঝড়ো হাওয়ায় বড় একটি বৃক্ষ বাসার উপর ভেঙে পড়লে, সেটি চাপা দেয় ৩০ বছরের এক যুবককে। ২৯শে অক্টোবর সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্যান্ডির এটি হচ্ছে প্রথম প্রাণহানি। নিউ ইয়র্ক পুলিশ এ তথ্যের সত্যতা স্বীকার করেছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে আরও ৪ জনের প্রাণহানি ঘটেছে বলে রাজ্য গভর্নর এন্ড্রু ক্যুমো জানান। নিউ ইয়র্ক এবং নিউজার্সি অঙ্গরাজ্যের সকল পাবলিক স্কুল ও বেশ কয়েকটি ভার্সিটিতে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়েছে। পাবলিক স্কুলের ৪৭ লাখ ছাত্রছাত্রী মঙ্গলবার স্কুল করতে পারলো না। এ সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার সমান। স্কুল করতে না পারা ছাত্রের সংখ্যা আরও বেশি হবে। কারণ, প্রাইভেট স্কুলেও সোম ও মঙ্গলবার কোন ক্লাস হয়নি। নিউ ইয়র্ক অঞ্চলের পাতাল ট্রেনসহ গণপরিবহন ব্যবস্থা এবং জাতিসংঘ সদর দপ্তর মঙ্গলবারও দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকবে। নর্থ ক্যারোলিনা থেকে মেট্রো ওয়াশিংটন হয়ে দেলওয়ার-পেনসিলভেনিয়া-নিউজার্সি-কানেকটিকাট-বস্টন-নিউ ইয়র্কের মধ্যে দূরপাল্লার ট্রেন ও বাস চলাচল মঙ্গলবারও বন্ধ থাকবে। বুধবার ভোর পর্যন্ত এসব অঞ্চলের সকল এয়ারপোর্ট বন্ধ থাকবে অর্থাৎ কোন ফ্লাইট নামবে না এবং উড়বেও না। মঙ্গলবার রাত নাগাদ বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা হচ্ছে ১৪ হাজার। ফেডারেল প্রশাসন, অঙ্গরাজ্য প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিউ ইয়র্ক সময় সোমবার বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে আক্রান্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে ভয়ঙ্কর বিপদের আশংকায়। পানিতে তলিয়ে যাওয়া আটলান্টিক সিটিতে সান্ধ্য আইন জারি করা হয়েছে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। নিউজার্সির আরও কয়েকটি ছোট শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউজার্সি, দেলওয়ারে, পেনসিলভেনিয়া এলাকার ব্যাংক এবং বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল, এম্বুলেন্স, পানি ও বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস, ফার্মেসি ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে পেনসিলভেনিয়া ও নিউজার্সি অঙ্গরাজ্যে। ওয়াশিংটন ডিসিতে ফেডারেল অফিসও বন্ধ থাকবে মঙ্গলবার। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং নাসডাক বন্ধ থাকবে মঙ্গলবারও। নর্থ ও সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডিসি, দেলওয়ারে, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেট্স, নিউজার্সি, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, মেইন অংগরাজ্যে গণপরিবহন বন্ধ থাকবে মঙ্গলবার পর্যন্ত। ৩ লক্ষাধিক বাংলাদেশীসহ ৬ কোটি আমেরিকান স্যান্ডির কবলে পড়ে বিপর্যস্ত জীবনযাপন করছেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ২০% স্যান্ডির কবলে পড়েছে বলে ফেডারেল কর্তৃপক্ষ মনে করছে। এদিকে, নির্বাচনী প্রচারাভিযান স্থগিত রেখে হোয়াইট হাউস থেকে স্যান্ডি পরিস্থিতি মনিটর করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দুর্যোগকবলিত এলাকায় ন্যাশনাল গার্ড এবং পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছেন। ম্যানেজমেন্ট অথরিটি উল্লেখ করেছে, তাদের হাতে ৩.৬ বিলিয়ন ডলার রয়েছে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ব্যয়ের জন্য। এদিকে ইকিউইসিএটি প্রাথমিক পরিসংখ্যানে উল্লেখ করেছে যে, স্যান্ডির আঘাতে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলার হতে পারে। গত বছরের হারিকেন আইরিনে ক্ষতির পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। অপরদিকে ২০০৫ সালে প্রলয়ংকরী হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়েছে ৪৫ বিলিয়ন ডলার। এ অর্থ দেয় ইন্স্যুরেন্স কোম্পানি। কারণ, বাড়ি, গাড়ি এবং অন্যান্য মূল্যবান সম্পদের সবটাই ইন্স্যুরেন্স করা থাকে। এদিকে জাতীয় আবহাওয়া পূর্বাভাস দপ্তরের পরিচালক লুইস ইউসিলিনি বলেন, যতটা ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছিল তার চেয়ে বেশি ঘটেছে। শুধু তাই নয়, স্যান্ডি দুর্বল হওয়ার পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ২/৩ ফুট করে তুষারপাত হবে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হবে অন্তত ৫ অঙ্গরাজ্যে। ফলে হারিকেন স্যান্ডির ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে এবং প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে স্যান্ডি বিশেষ একটি স্থান করে নেবে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK