মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : শেষ হাসি কার?

কাউসার মুমিন, নিউ ইয়র্ক : ‘হাড্ডাহাড্ডি লড়াই নয়, বিজয়ের পথে সুস্পষ্ট ব্যবধান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৭তম প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গভর্নর মিট রমনির মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনের দিনটি যদি সর্বোচ্চ খারাপও যায় তবুও আর কোন বড় রকমের দুর্ঘটনা না ঘটলে প্রেসিডেন্ট ওবামা অন্তত ১৬ ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধানে মিট রমনির বিরুদ্ধে জয়ী হতে যাচ্ছেন। নির্বাচনে ওবামা কমপক্ষে ২৭৭ ইলেকটোরাল কলেজ ভোট পাবেন, আর সে ক্ষেত্রে মিট রমনির প্রাপ্ত ইলেকটরাল কলেজ ভোট সংখ্যা দাঁড়াবে ২৬১। উল্লেখ্য, নির্বাচনে বিজয়ের জন্য ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন। সিএনএন ইলেকটোরাল জরিপে, সলিড ও নিরাপদ স্টেট মিলিয়ে প্রেসিডেন্ট ওবামার জন্য ইলেকটোরাল ভোট ২৩৭ এবং গভর্নর মিট রমনির ভোট ২০৬ বলে উল্লেখ করা হয়েছে। এ জরিপে নেভাডা, কলোরাডো, ওহাইও, আইওয়া, ভার্জিনিয়া , নর্থ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা এবং উইসকনসিন-এই আটটি রাজ্যকে অনির্ধারিত স্টেট হিসেবে ধরা হয়েছে, রিয়াল ক্লিয়ার পলিটিক্স-এর জরিপে সলিড ও নিরাপদ স্টেট মিলিয়ে ওবামার ইলেকটোরাল ভোট ২০১ ও রমনির ১৯১ হিসাব করে আরও অতিরিক্ত তিনটি স্টেট নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং মিশিগানকে অনির্ধারিত বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএনএন জরিপে নর্থ ক্যারোলিনাকে রমনির জন্য নিরাপদ এবং মিশিগান ও পেনসিলভ্যানিয়াকে ওবামার জন্য নিরাপদ বলে মনে করা হচ্ছে। অপরদিকে হাফিংটন পোস্ট-এর জরিপে সলিড ও নিরাপদ স্টেট হিসেবে ওবামার ভোট ২৩০ ও রমনির ১৯১ উল্লেখ করে কলোরাডো, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, নিউ হ্যাম্পশ্যায়ার এবং ভার্জিনিয়াকে অনির্ধারিত স্টেট বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজের গতকালের সর্বশেষ জনমত জরিপে পপুলার ভোটের শতকরা ৪৮ শতাংশ ওবামা ও ৪৭ শতাংশ রমনি পাচ্ছেন বলে উল্লেখ করে এ নির্বাচনকে দৃশ্যত একটি হাড্ডাহাড্ডি লড়াই বলে উল্লেখ করা হয়েছে। সিএনএন, ওআরসি ইন্টারন্যাশনাল-এর সর্বশেষ জরিপে ওবামা ও রমনিকে ৪৯%-৪৯%-এ লড়াইরত দেখানো হয়েছে, কিন্তু রেজিস্টার্ড ভোটারদের ৫০% ওবামা এবং ৪৮% রমনিকে সমর্থন করেন। আবার ৫৭% মনে করেন ওবামা জিতবেন, আর ৩৬% রমনি জিতবেন বলে মত প্রকাশ করেন। জরিপে ৪৩% মনে করছেন রমনি নির্বাচিত হলে অর্থনীতি ভাল হবে আর ৩৪% বলেছেন ওবামার কথা। ৬১% ভোটার মনে করছেন অর্থনীতি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এ জরিপে ওবামা সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি লিঙ্গবৈষম্য দেখা গেছে যেখানে ৫৩% পুরুষ ওবামাকে এবং ৪৪% রমনিকে সমর্থন করছেন। এর আগে পিউ রিসার্চ-এর জরিপে মারজিনাল এরর সহ ওবামাকে ৩% ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। এছাড়া ইউএসএ টুডে এবং ওয়াশিংটন পোস্টের গতকাল প্রকাশিত সর্বশেষ জরিপে ওবামা ও রমনি কেউই এ নির্বাচনে জেতার মতো প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট পাচ্ছেন না বলে উল্লেখ করে কমিটেড স্টেট বা সলিড স্টেট-এর ইলেকটোরাল ভোটের হিসাব-নিকাশকে তথাকথিত বলে মন্তব্য করেছে। অবশ্য এবিসি/ওয়াশিংটন পোস্ট-এর সর্বশেষ জরিপে ওবামাকে ১%-এ এগিয়ে রাখা হয়। এদিকে ইউএসএ টুডে/গ্যালআপ-এর জরিপে ১২টি সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে ওবামা ও রমনির ভোটার সংখ্যা ৪৮%-৪৮% এ আটকে আছে বলে দেখানো হয়। এ দিকে অনির্ধারিত ৮টি স্টেটের সবগুলো জরিপের নির্বাচনী বিশ্লেষণ, স্টেট অনুযায়ী প্রতিটি অনির্ধারিত স্টেটে ভোটারদের ভোট দেয়ার প্রবণতা যাচাই, বিগত নির্বাচনে অনির্ধারিত স্টেটগুলোতে ওবামার প্রতি সমর্থনের কারণ ও বর্তমানে বিদ্যমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ করে এবং সর্বশেষ জরিপের প্রবণতা লক্ষ্য করে ইলেকটোরাল ভোটের হিসাব-নিকাশ শেষে শুধু ধারণা নয়, অনেকটা নিশ্চিত করে প্রেসিডেন্ট ওবামার সুনিশ্চিত বিজয়কে উপভোগ করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস থেকে এটা স্পষ্ট যে পপুলার ভোটই সসময় প্রেসিডেন্ট নির্বাচনের একমাত্র হিসাব নয় বরং পপুলার ভোটের হিসেবে প্রায় সময়ই প্রেসিডেন্ট নির্বাচিত হন না, এ প্রসঙ্গে ২০০০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ-এর নিকট পপুলার ভোট এগিয়ে থাকা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী আল গোরের পরাজয়কে স্মরণ করলেই ভাল। পপুলার ভোটের সবগুলো জরিপের বিশ্লেষণ থেকে অনেকটা মডারেট সিএনএন-এর ইলেকটোরাল ম্যাপ মতে এটা গ্রহণ করতে কারও আপত্তি নেই যে, প্রেসিডেন্ট ওবামা তার ১৯টি সলিড ও নিরাপদ স্টেট-এর হিসাবে কমপক্ষে ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট হাতে নিয়েই আগামীকালের নির্বাচনে মাঠে নামছেন। অপরদিকে ৮টি ব্যাটল গ্রাউন্ড স্টেট বা অনির্ধারিত রাজ্যের মধ্যে বেশির ভাগ জরিপের পূর্বাভাস মতে ওহাইও (১৮ ইলেকটোরাল ভোট), আইওয়া (৬ ইলেকটোরাল ভোট), উইসকনসিন (১০ ইলেকটোরাল ভোট) এবং নেভাডা (৬ ইলেকটোরাল ভোট) অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ওবামার নিশ্চিত জয়ের সম্ভাবনা রয়েছে আর কমপক্ষে এ ৪টি ব্যাটলগ্রাউন্ড স্টেটের মোট ভোট সংখ্যা হলো ৪০। সুতরাং সব মিলিয়ে নির্বাচনে প্রেসিডেন্ট ওবামা কমপক্ষে (২৩৭+৪০)=২৭৭ ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচনে জেতার বিপুল সম্ভাবনা রয়েছে। এদিকে রিয়াল ক্লিয়ার পলিটিক্সের মতো কনজারভেটিভ জরিপ সংস্থাও মনে করছে নির্বাচনে শুধু উল্লিখিত ৪টি অনির্ধারিত রাজ্যেই নয়, এর বাইরে ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ওবামা জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন এমনকি ভার্জিনিয়াতে জয়ী হওয়ার সম্ভাবনাও বেশি। আর এসব কিছুই নির্ভর করছে ওবামার নিরাপদ রাজ্য পেনসিলভ্যানিয়া ও মিশিগানে যদি ওবামা কোন কারণে কার্টার সিন্ড্রম-এ না পড়েন। উল্লেখ্য, ১৯৮০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জিমি কার্টার পেনসিলভ্যানিয়ায় জনমত জরিপে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে যান। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য পরাজয়ের কারণ নিয়ে ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন রিপাবলিকান দলীয় নির্বাচনী নীতিনির্ধারকগণ। রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট ও সাবেক প্রেসিডেন্ট বুশের রাজনৈতিক সহকারী কার্ল রোভ গত শুক্রবার ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘স্যান্ডি প্রেসিডেন্ট ওবামার জন্য একটি রাজনৈতিক আশীর্বাদ হয়ে এসেছে।’ তিনি বলেন, এর ফলে রিপাবলিকান প্রার্থী মিট রমনির প্রতি ভোটারদের আগ্রহের ধারাবাহিকতা নষ্ট হয়েছে। প্রথম নির্বাচনী বিতর্কের পর থেকে স্যান্ডির পূর্ব পর্যন্ত সময়ে মিট রমনির ধারাবাহিক জনপ্রিয়তা বৃদ্বির বিষয়টি উল্লেখ করে রিপাবলিকান এই নির্বাচনী নীতিনির্ধারক বলেন, ‘স্যান্ডির ফলে মিট রমনির দিক থেকে ভোটারদের আকর্ষণ প্রেসিডেন্ট ওবামার প্রতি সরে এসেছে। এ ছাড়া স্যান্ডি পরবর্তী নিউ জার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি কর্তৃক ওবামার প্রশংসারও সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, কয়েক সপ্তাহে আগে কার্ল রৌভ ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনে মিট রমনি ২৭৯ ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হবেন। প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ডেভিড প্লৌফি গতকাল সিবিএস নিউজের ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় কার্ল রোভ এখন বুঝতে পারছেন যে তার নির্বাচনী পূর্বাভাস ভুল ছিল। আর আমরা এ বিষয়ে নিশ্চিত যে জেতার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টরাল ভোট প্রেসিডেন্ট পেতে যাচ্ছেন।’ অতএব নির্বাচনে শেষ হাসির সম্ভাবনা যে ওবামা’র বেশি তা নিশ্চিত করে বলছেন অনেক পর্যবেক্ষক-পরিদর্শকই।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK