অবশেষে চালু হতে যাচ্ছে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট!
অবশেষে বহুল আলোচিত বাংলাদেশ বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হতে যাচ্ছে। ১০ ডিসেম্বর এই লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের একটি খসড়া এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, শিগগিরই এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করতে পারবে। ১০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইকাও এয়ার সার্ভিসেস নেগোসিয়েশন কনফারেন্সে (আইসিএএএন) এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের অফিস সেক্রেটারি এবং সিনিয়র নেগোসিয়েটর ব্রায়ান জে হেডবার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব মোঃ খোরশেদ আলম চৌধুরীসহ সিভিল এভিয়েশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার রাতে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা, বাংলাদেশের সিভিল এভিয়েশনের মান ক্যাটাগরি-২ তে থাকা এবং আইকাও থেকে সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন (এসএসসি) থাকায় বাংলাদেশ বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনের নেতৃত্বে সংস্থার ফ্লাইট অপারেশন বিভাগ প্রায় ৬ মাস ধরে নিরবচ্ছিন্ন কাজ করে সিভিল এভিয়েশন থেকে এসএসসি প্রত্যাহারে সমর্থ হয়। মূলত এরপর থেকে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন বিভাগ কিছুটা নমনীয় হতে থাকে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য ওই দেশের সরকারকে অনুরোধ জানান। বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিনও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির মাধ্যমে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য চেষ্টা চালিয়ে আসছেন। কিছুদিন আগে সাবেক বিমানমন্ত্রী জিএম কাদের যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে বোয়িং কোম্পানির শীর্ষ কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।
গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১০টি উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তি করেছে। ইতিমধ্যে বোয়িং দুটি উড়োজাহাজ সরবরাহ করেছে। আগামী বছর আরও দুটি জাহাজ আসবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে লাখ লাখ বাংলাদেশী বসবাস করছেন। কিন্তু বিমানের কোন ফ্লাইট না থাকায় তাদের অনেক বেশি টাকায় বিদেশী এয়ারলাইন্সে করে দেশে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী যাত্রীদের। এ কারণে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়টি খুবই জরুরি হয়ে পড়ছিল। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর কথা রয়েছে। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়ে একাধিকবার প্রবাসীদের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর কথা দিয়ে আসছিলেন। এই অবস্থায় দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র সরকার ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে প্রাথমিকভাবে একটি খসড়া চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেছেন, এই খসড়া চুক্তির ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। বিমান পরিচালনা বোর্ড চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন জানান, দুই দেশ রাজি হলে বিমান ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত।বিডিএনএন২৪
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests