‘ক্লিওপেট্রা’ হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক অং লি প্রাচীন মিসরের সুন্দরীশ্রেষ্ঠা রানি ক্লিওপেট্রাকে নিয়ে একটি ছবি করার প্রস্তাব পেয়েছেন। ক্লিওপেট্রা তো আর নেফারতিতি নন যে, বার্লিনের মিউজিয়ামে তার আবক্ষ মূর্তি রাখা থাকবে। কাজেই তিনি দেখতে কেমন ছিলেন, তা ভাবতে গেলে কবিকল্পনা আর হলিউডের ছবিই সম্বল। এক্ষেত্রে সেই ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’ ছবির এলিজাবেথ টেলরকে মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক—যিনি তার আমলে হলিউড অভিনেত্রীদের মধ্যে সুন্দরীশ্রেষ্ঠা বলে গণ্য হতেন। শেক্সপিয়রের নাটককে ভিত্তি করে তৈরি হয়েছিল সে ছবি। লিজ টেলরের সঙ্গে মার্ক অ্যান্টনির ভূমিকায় ছিলেন রিচার্ড বার্টন স্বয়ং। রুপালি পর্দায় দুজনের প্রেমটাও জমেছিল অনুরূপ। শেষ দৃশ্যে মার্ক অ্যান্টনি স্বহস্তে মরতে চলেছেন। ক্লিওপেট্রাকে বললেন, ‘টেক মাই ব্রেথ অ্যাওয়ে’ অর্থাত্ তুমি আমার শ্বাস কেড়ে নাও। ক্লিওপেট্রা তাই করলেন। একটি শেষ চুম্বনে অ্যান্টনির জীবন শেষ হয়ে গেল। এবার সনি এন্টারটেইনমেন্ট জুলিয়াস সিজারের প্রেয়সী তথা মার্ক অ্যান্টনির প্রেমিকা সেই ক্লিওপেট্রাকে নিয়ে নতুন ক্লাসিক তৈরি করতে চলেছে এবং তার নায়িকার খোঁজ করতে গিয়ে রবিঠাকুরের ভাষায় বলতে হয়, ‘মরব নাকো নিপুণিকা, চতুরিকার শোকে। তারা সবাই অন্য নামে আছেন মর্তলোকে।’ নতুন ক্লিওপেট্রা ছবির ক্ষেত্রে সে নামটি হলো হাল আমলের সুন্দরীশ্রেষ্ঠা অ্যাঞ্জেলিনা জোলি। জোলি স্বয়ং অং লিকে টেলিফোন করে অনুরোধ করেছেন ছবিটি পরিচালনা করার। ‘অ্যাকিলিস’-এ ব্র্যাঞ্জেলিনা জুটির ব্র্যাড পিটকে যাদের মনে আছে, তারা ভাববেন সেকালের রিচার্ড বার্টনের মতো মার্ক অ্যান্টনির ভূমিকায় এবার জোলির স্বামী ব্র্যাড পিটকে রাখলে কেমন হয়—যদিও সে রকম কোনো কথা এখনও শোনা যায়নি। তাইওয়ানি মার্কিন পরিচালক অং লি, যার থ্রিডি ‘লাইফ অব পাই’ ১১টি অস্কারের মনোনয়ন পেয়েছে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








