যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার পক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল নেভাদার লাসভেগাসের একটি স্প্যানিশ হাইস্কুলে ভাষণ দানকালে সিনেটের পক্ষ থেকে হোয়াইট হাউসে উপস্থাপন করা প্রস্তাবের পক্ষে তিনি এ মত দেন। হাইস্কুলটির আয়োজিত অনুষ্ঠানের স্বাগত ভাষণে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন পরিবর্তনের এখনই সময়।’ আইন প্রণয়নকক্ষ কংগ্রেস এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে হোয়াইট হাউস নিজে থেকেই এ সংস্কার আইনটি প্রণয়ন করবে বলে জানান তিনি। এর আগে, মঙ্গলবার অভিবাসীবিরোধী হিসেবে খ্যাত রিপাবলিকান পার্টির চার সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির চার সিনেট সদস্যের একটি দ্বিদলীয় দল অভিবাসী আইন সংস্কার নিয়ে হোয়াইট হাউসে একটি প্রস্তাবনা উপস্থাপন করে। এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়ে ওবামা বলেন, ‘বর্তমান সময়ের অভিবাসী আইনটি মেয়াদোত্তীর্ণ ও সেকেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এ আইনটির এখনই পরিবর্তন হওয়া প্রয়োজন।’ ওবামা তার ভাষণে বলেন, ‘এটা অবশ্যই সুখবর যে, এই সমস্যা মোকাবেলায় এই প্রথম রিপাবলিকান ও ডেমোক্রেটরা একত্রিত হয়েছেন।’ যুক্তরাষ্ট্রের জনশুমারির হিসাব মতে, এই মুহূর্তে প্রায় এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী বাস করছে দেশটিতে। এতসংখ্যক অবৈধ অভিবাসীকে সে দেশে নাগরিকত্ব দেয়ার বিরুদ্ধে থাকলেও গত কয়েক বছর ধরে এ ব্যাপারে রিপাবলিকান দলের রক্ষণশীলরাও নড়েচড়ে বসছেন। তবে, রিপাবলিকান দলের একটি পক্ষ মনে করে, এই সংস্কার আইনটি অভিবাসীদের ব্যাপারে ভবিষ্যতে কোনো পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে। সিনেট সদস্যদের দ্বিদলীয় দলটির প্রস্তাবে বলা হয়, কর ও জরিমানা আদায়সহ অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেয়া হতে পারে। ওবামা ও সিনেট দলের প্রস্তাবিত আইনটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসী ব্যবসায়ীরা বৈধ ব্যবসা করতে পারবেন দেশটিতে। এছাড়া, এ আইনের মাধ্যমে বসবাসের আট বছর পর যে কেউ যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক হতে পারবেন এবং অনুমোদনক্রমে ৫ বছর পরও মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারবেন। উল্লেখ্য, গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসীদের বিশেষ করে স্প্যানিশ ভোটারদের ৭০ শতাংশ ভোট জিতে নেয়া ওবামা নির্বাচনী অঙ্গীকারে বলেছিলেন নির্বাচিত হলে এ অভিবাসীদের বৈধতা প্রদান সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। তবে, ২০০৮ সালে ওবামার কাছে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান দলের জন ম্যাককেইন সোমবার বলেন, ‘রিপাবলিকানরা ক্রমেই স্প্যানিশ ভোটারদের সমর্থন হারাচ্ছে।সিএনএন, বিবিসি/’আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
