নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটিতে গোয়েন্দা নজরদারি বাতিলের দাবি
কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)-এর চলমান সার্ভেইলেন্স প্রোগ্রাম বাতিলের দাবিতে সিটির মুসলমানদের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে নিউ ইয়র্কের পুলিশ প্রধান রে কেলি’র নিকট ‘ম্যাপিং মুসলিমস’ শীর্ষক একটি নতুন প্রতিবেদন দাখিল করেছে। ওই প্রোগ্রাম বাতিলে প্রশাসনের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে সিটির বাজেট শুনানির একদিন আগে এই রিপোর্টটি দাখিল করা হয়। সমগ্র সিটিব্যাপী ৫৭ জন মুসলিম আমেরিকানের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নির্মিত এ প্রতিবেদনে ইন্টেলিজেন্সের কড়া নজরদারির মধ্যে কিভাবে একটি কমিউনিটি দুর্বিষহ জীবনযাপন করছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (কিউনি), স্কুল অব ল’, ইয়েল ল’ স্কুলের লিমান প্রোগ্রাম এবং প্রোটিয়াস ফান্ডের সহায়তায় মুসলিম আমেরিকান সিভিল লিবার্টিজ কোয়ালিশন, এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড এবং ‘ক্রিয়েটিং
ল এনফোর্সমেন্ট একাউন্টিবিলিটি অ্যান্ড রেসপনসিবিলিটি (সিএলইএআর)’ যৌথভাবে এ প্রতিবেদনটি তৈরি করে। গবেষণাধর্মী ৫৬ পৃষ্ঠার এ প্রতিবেদনের পাঁচটি অধ্যায়ে মুসলিম কমিউনিটিতে সিটি পুলিশের চলমান নজরদারি কর্মসূচি কিভাবে ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় আচার-আচরণ ও বিশ্বাস প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক মত ও রাজনৈতিক বিশ্বাস প্রকাশের স্বাধীনতা, অবাধ চলাফেরা, আড্ডা, যুক্তি-তর্ক উপস্থাপন, সভাসমাবেশ ও সিভিল রাইটস প্রভৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে তা তুলে ধরা হয়েছে।
এ প্রতিবেদন সম্পর্কে ক্রিয়েটিং ল এনফোর্সমেন্ট একাউন্টিবিলিটি অ্যান্ড রেসপনসিবিলিটির (সিএলইএআর) রিসার্চ ফেলো দিয়ালা শামস বলেন, এনওয়াইপিডি বারবার বলতে চেয়েছে কেউ যদি দোষী না হয় এবং কারও যদি লুকানোর কিছু না থাকে তাহলে এ কর্মসূচিতে তার ভয়ের কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও গবেষণায় দেখা গেছে- এ কর্মসূচির অনেক বিরক্তিকর ও অবাঞ্ছিত প্রভাব অনেক নেতিবাচক ফলাফলের জন্ম দিয়েছে, যাতে এটি একটি দায়িত্বজ্ঞানহীন, ব্যয়বহুল, ক্ষতিকর এবং সম্পূর্ণ অকার্যকর কর্মসূচিতে পরিণত হয়েছে।
ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব মেট্রোপলিটন নিউ ইয়র্ক-এর প্রধান ইমাম আলহাজ তালিব আবদুর রশিদ ‘ম্যাপিং মুসলিমস’ প্রতিবেদনের একটি কপি এনওয়াইপিডি’র প্রধান কার্যালয়ে একজন পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। পরে তিনি মিডিয়াকে বলেন, পুলিশ কমিশনার কেলি আমাদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে রাজি হননি। তবে এর একটি কপি তিনি পেয়ে যাবেন। প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর সমাজের মূলধারা যখন জানতে পারছে যে মুসলিম কমিউনিটির ওপর বাড়তি নজরদারি চলছে, তখন পুরো কমিউনিটি একটি অপমানজনক অবস্থায় দিন কাটাচ্ছে। এছাড়া মুসলিম কমিউনিটির সদস্যরা যখন জানতে পারছেন যে তাদের নিজেদের আশপাশের একজন তাদের ওপর নজরদারি করছে, তাদের গতিবিধি সম্পর্কে অন্য কাউকে ইনফর্ম করছে তখন তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ফলে সার্বিক স্বাভাবিক জীবন ব্যবস্থায় একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেদনে ইমামসহ মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দকে ‘প্রতিটি মসজিদ ও কমিউনিটি সমাবেশে কোন গুপ্তচর বরদাশত করা হবে না’ মর্মে ঘোষণা দিতে আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়, এনওয়াইপিডি’র উচিত সার্ভেইলেন্স প্রোগ্রাম তাৎক্ষণিকভাবে বাতিল করা এবং পুলিশের কার্যক্রমের ওপর অধিকতর নজরদারির জন্য একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ নিয়োগ দেয়া। এদিকে ম্যাপিং মুসলিমস প্রতিবেদনটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সিটি কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রম বলেন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দলিল। সব মার্কিন নাগরিকেরই এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। বর্তমানে চলমান পুলিশি কার্যক্রম মুসলিম কমিউনিটিতে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ তৈরি করেছে। ইটস নট এ গুড পুলিশিং।’
ডেমোক্রেটিক কাউন্সিলম্যান ড্রমের নির্বাচনী ডিস্ট্রিক্ট জ্যাকসন হাইটসে বিপুল সংখ্যক মুসলিম অধিবাসী রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত পার্ক স্লোপ এলাকার ডেমোক্রেটিক কাউন্সিলম্যান ব্র্যাড ল্যান্ডার বলেন, ‘গত এক দশকে এনওয়াইপিডি ইন্টেলিজেন্স ডিভিশন এক বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। কিন্তু সে তুলনায় উল্লেখ করার মতো কোন অর্জন তাদের নেই। এমন কি অতি সমপ্রতি একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা স্বীকার করেছেন, ‘সিটির ইন্টেলিজেন্স কর্মসূচি বড় ধরনের কোন অগ্রগতি দিতে পারেনি। কাউন্সিলম্যান ল্যান্ডার আরও বলেন, এমনকি আজকে প্রকাশিত এ রিপোর্ট থেকেও এটা পরিষ্কার যে, সার্ভেইলেন্স প্রোগ্রামের কোলেটারল ড্যামেজ অনেক বেশি।
ম্যাপিং মুসলিমস প্রতিবেদন নিয়ে পুলিশ কমিশনার রে কেলি এখনও কোন আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে গত বুধবার সিটির বাজেট বিষয়ক শুনানির এক পর্যায়ে চলমান গোয়েন্দা কার্যক্রমকে সন্ত্রাস দমনের কার্যকর হাতিয়ার বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে উদ্ভূত আলোচনা সমালোচনার প্রেক্ষিতে গত ১২ই মার্চ প্রতিক্রিয়া জানিয়েছেন এনওয়াইপিডি’র ডেপুটি কমিশনার পল ব্রাউন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউ ইয়র্কের সব নাগরিকের অধিকার সুরক্ষায় এনওয়াইপিডি বদ্ধপরিকর এবং এ উদ্দেশ্যে চলমান কাউন্টার টেররিজম ও ইন্টেলিজেন্স প্রোগ্রাম দু’টির বাস্তবায়ন পদ্ধতি যাতে সাংবিধানিক নীতিমালার আওতায় থাকে তা নিশ্চিত করা হয়েছে। নাইন ইলেভেনের পর ফেডারেল পার্টনারদের সহযোগিতায় এনওয়াইপিডি এ অঞ্চলে অনেক বাস্তবায়নযোগ্য হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এমনকি অতি সমপ্রতি ওসামার শ্যালক আবু গেইথকে গ্রেপ্তারে যৌথ বাহিনীর কার্যক্রমে একজন এনওয়াইপিডি ডিটেকটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিবৃতিতে এনওয়াইপিডিকে বিশ্বের সবচেয়ে বেশি বৈচিত্র্যময় পুলিশ বিভাগ উল্লেখ করে বলা হয়, আমরা ধর্মীয় স্বাধীনতাসহ ব্যক্তির অধিকারকে সম্মান করি, আমাদের বিভাগে মুসলিম অফিসার্স সোসাইটি, সাউথ এশিয়ান পুলিশ অফিসারদের সংগঠন ইত্যাদি বিদ্যমান।
এদিকে ম্যাপিং মুসলিমস প্রতিবেদনের ওপর চলতি সপ্তাহে এক সম্পাদকীয়তে দৈনিক নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা মুসলিম কমিউনিটিতে এনওয়াইপিডি’র চলমান সার্ভেইলেন্স প্রোগ্রামকে প্রয়োজনীয় এবং আইনসিদ্ধ বলে মতামত প্রকাশ করেছে।মানবজমিন
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK