হরমোন জাগিয়ে রাখে তরুণদের

অ্যালার্ম ক্লক কখনোই আনন্দদায়ক হয় না। আর সেই ঘড়ি যখন এক ঘণ্টা আগেই বাজতে শুরু করে, তখন বিরক্তির মাত্রা সীমা ছাড়ায়। গত রোববার থেকে জার্মানিতে সেটাই হচ্ছে। কেননা, দিনের আলো বাঁচানোর উদ্যোগ হিসেবে বদলে গেছে দেশটির সময়। অনেকের জন্য অবশ্য এটা কোনো সমস্যা নয়। তবে অল্প বয়সী কিশোর-তরুণদের জন্য নতুন সময়ের সঙ্গে খাপ খাওয়ানো খানিকটা কঠিন। বিজ্ঞানীরাও এই বিষয়ে একমত। তাদের মতে, নতুন ঘড়ির সঙ্গে খাপ খাওয়াতে বয়স্কদের তুলনায় কিশোর-তরুণদের তিনগুণ সময় বেশি লাগে। আসলে সময়মত ঘুমাতে যাওয়া কিংবা কোনো বিরক্তি ছাড়া ঘুম থেকে জাগার বিষয়টি নির্ধারণ করে আমাদের জিন। তবে অল্প বয়সে হরমোন ঘুমের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে অনেক শিক্ষার্থী রাতের পেঁচায় পরিণত হয়, তারা রাতে ঠিকমত ঘুমাতে পারে না এবং সকালে ঘুম থেকে ওঠাও তাদের জন্য কষ্টকর। ড. থমাস পানজেল মানুষের ঘুমের বিভিন্ন বিষয়াদি নিয়ে গবেষণা করছেন। ডয়চে ভেলেকে তিনি বলেন, ঘুমের মেয়াদ এবং বিভিন্ন স্তর বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। খুব অল্প বয়সী শিশুদের দিনে ১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। আর ১৫ বছর বয়সী কিশোরের ঘুম দরকার হয় ৮ ঘণ্টা। বয়ঃসন্ধি পেরুনোর পর ঘুমের চাহিদা আবারও আরও এক ঘণ্টার মতো বেড়ে যায়। মজার বিষয় হচ্ছে, অধিকাংশ তরুণ-যুবা ঘুমের এই চাহিদা বিবেচনায় এনে তাড়াতাড়ি বিছানায় যেতে রাজি নয়। পাশাপাশি শুধু হরমোনই নয়, তাদের ইচ্ছাটাও থাকে ঘুমের চেয়ে কম্পিউটার চালানো বা টিভি দেখার দিকে। আর রাত জেগে পার্টির সুযোগ থাকলে তো কথাই নেই। তবে মা-বাবা বা শিক্ষকদের জন্য বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সারা সপ্তাহ ঠিকভাবে না ঘুমালেও তরুণদের খুব একটা সমস্যা হয় না। তারা বরং সপ্তাহান্তটা কাটিয়ে দেয় ঘুমিয়ে, তাও আবার দিনের বেলা। কেননা রাতে থাকে পার্টিতে। বিজ্ঞানীদের মত হচ্ছে, নিয়ম মেনে নিয়মিত ঘুমানো অত্যন্ত জরুরি। যদিও তরুণরা তাদের এই কথা শুনতে খুব একটা আগ্রহী নন। তবুও বিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো হচ্ছে, ঘুমানোর আগে মাত্রাতিরিক্ত খাওয়া বা পান করা থেকে বিরত থাকলে ঘুম ভালো হয়। পাশাপাশি ঘুমানোর আগে কিছুক্ষণ টিভি বা কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে রাখলেও উপকার মেলে। আর রাতে ঘুম ভালো হলে, সকালের অ্যালার্ম ক্লক খুব একটা বিরক্তিকর মনে হবে না। দিনটাও কাটবে ফুরফুরে মেজাজে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests