গুগল বনাম ফেসবুকের স্মার্টফোন যুদ্ধ
অনলাইন ডেস্ক : স্মার্টফোনের গ্রাহকদের কাছে টানতে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য বিশেষ সফটওয়্যার উন্মুক্ত করছে ফেসবুক। ফেসবুকের এ পদক্ষেপ গুগলের জন্য চিন্তার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা এ পূর্বাভাস দিয়েছেন, জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। স্মার্টফোন ব্যবহারকারী ফেসবুক বন্ধুদের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা খাড়া করতে দিতে চাইছে না ফেসবুক কর্তৃপক্ষ। বরং স্মার্টফোনে ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে ফেসবুকের সদর দপ্তরে অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনের জন্য একটি সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ‘হোম’ নামের এই সফটওয়্যারটি ১২ এপ্রিল থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ৪.০ বা তার পরের সংস্করণগুলোতে বিনামূল্যের এ সফটওয়্যারটি সমর্থন করবে। ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের স্ক্রিনে ফেসবুকের ‘ফিড’ বা বিভিন্ন আপডেট সরাসরি দেখাবে ‘হোম’ সফটওয়্যারটি। খবর বিবিসির। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘হোম’ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ‘মোড়ক’ হিসেবে কাজ করবে, যা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। ফেসবুকের নোটিফিকেশন, ছবি, বার্তা প্রভৃতি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের মূল স্ক্রিনে সরাসরি দেখাবে। এর আগে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুকের এ সুবিধা পাওয়া যেত। ‘হোম’ সফটওয়্যারটির কল্যাণে ফেসবুক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মোবাইল ফোনের অভিজ্ঞতা বদলে দেবে ‘হোম’ সফটওয়্যার। ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফেসবুকের সদর দপ্তরে অ্যান্ড্রয়েডের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ফেসবুকের কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবেন মার্ক জাকারবার্গ। এ অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, ‘অ্যাপ্লিকেশন বিষয়টি ডেস্কটপ ও ল্যাপটপের সঙ্গে যেভাবে যায়, স্মার্টফোনের সঙ্গে সেভাবে যায় না। স্মার্টফোন ব্যবহারের নতুন নতুন অভিজ্ঞতা যুক্ত করা জরুরি। স্মার্টফোন ব্যবহার করে বন্ধুরা কখন কোথায় কী বলছে, তা আমরা সব সময় জানতে চাই।’ ‘হোম’ সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনে মোড়ক হিসেবে স্মার্টফোন স্ক্রিনের অ্যাপ্লিকেশনগুলোকে আড়াল করে রাখবে। এর বদলে স্ক্রিনে নানা আপাতত স্যামসাং ও এইচটিসির ছয়টি স্মার্টফোনে ‘হোম’ সুবিধা পাওয়া যাবে। শিগগিরই ট্যাবলেট কম্পিউটারে এ সুবিধা আনার পরিকল্পনা করেছে ফেসবুক।
গুগলের মাথাব্যথা না লাভ?
অ্যান্ড্রয়েড ‘হোম’ সফটওয়্যার সম্পর্কে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘অ্যান্ড্রয়েড ওপেন সোর্সভিত্তিক। এ অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে গুগলের সঙ্গে ফেসবুকের কাজ করার প্রয়োজন পড়বে না’ এদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহার করে ফেসবুকের নতুন সেবা চালু করার বিষয়ে এখনও নিরপেক্ষ অবস্থানে রয়েছে গুগল। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে ফেসবুক ও গুগলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। তবে ফেসবুকের ‘হোম’ সেবাটি গুগলের সার্চ বা অনুসন্ধান সেবা ব্যবসার জন্য হুমকি হতে পারে। তবে একদিক থেকে বিষয়টিতে গুগলের জন্য লাভ হয়েছে। সে দিকটি হচ্ছে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা। ‘হোম’ ব্যবহারকারীদের গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে গুগলের প্রতিদ্বন্দ্বী আইফোন থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন অনেক স্মার্টফোন ব্যবহারকারী। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মার্ক জাকারবার্গের অ্যান্ড্রয়েডের সঙ্গে অন্তরঙ্গতা দেখে আপাতত চোখ বন্ধ করে রেখেছে গুগল। গুগল কর্তৃপক্ষ আপাতত সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না নেমে বরং দেখে নিতে চাইছে সামাজিক যোগাযোগের জাদুকর জাকারবার্গের ঝুলিতে স্মার্টফোন ব্যবহারকারীদের ভোলাতে আর কী কী অস্ত্র রয়েছে!প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests