টেক্সাসে সার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু প্রাণহানির আশঙ্কা : মৃতের সংখ্যা ৭০ ছাড়াতে পারে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়েস্ট শহরে সার কারখানায় গত বুধবার ভয়াবহ বিস্ফোরণের ধ্বংসস্তূপ-ছবি: রয়টার্স III
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওয়েস্ট শহরের একটি সার কারখানায় গত বুধবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ থেকে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬০ জনের বেশি। বিস্ফোরণে কারখানা ছাড়াও আশপাশের অন্তত ৭০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়েস্ট ফার্টিলাইজার কারখানায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা উইলিয়াম সোয়নটন বলেন, এই মুহূর্তে নিহত মানুষের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তবে এই সংখ্যা পাঁচ থেকে ১৫ জনের মধ্যে রয়েছে। এদিকে জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জর্জ স্মিথ আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনায় মৃতের সংখ্যা ৬০ থেকে ৭০ ছাড়িয়ে যেতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত আটটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি নার্সিং হোমসহ ৬০ থেকে ৭০টি ভবন বিধ্বস্ত হয়। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দূর থেকে বড় ধরনের আগুনের কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণে আশপাশের অনেক ভবন ধসে পড়ে। আগুন দ্রুত অন্যান্য ভবনেও ছড়িয়ে যায়। এ সময় পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছিল। ওয়েস্ট শহরের মেয়র টমি মুসকা বলেন, বিস্ফোরণ ও ভয়াবহতার মাত্রা এত বেশি ছিল যে মনে হচ্ছিল আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই কারখানাটিতে প্রায় ২০ টন অ্যানহাইড্রাস অ্যামোনিয়া মজুত ছিল। দুর্ঘটনাবশত সেখানে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ওয়েস্ট শহরের বাসিন্দা প্রায় দুই হাজার ৭০০ জন। বিস্ফোরণের পর শহরের প্রায় অর্ধেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বলছে, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। ম্যাকলেনান কাউন্টির শেরিফ পারনেল ম্যাকনামারা বলেন, ‘এমন ভয়াবহ বিপর্যয় আমি কখনো দেখিনি। দুর্ঘটনাস্থলকে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা বলে মনে হচ্ছে। কারখানার কাছের একটি নার্সিং হোমে আগুন ধরে যায়। সেখানে বেশ কয়েকজন লোক ভেতরে আটকা পড়ে।’ বিভিন্ন টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা যায়, আহত ব্যক্তিরা কাতরাচ্ছেন। অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ও হেলিকপ্টারে করে তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছে। কারখানাটির অদূরে একটি খেলার মাঠে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। ওয়াকোর হিলক্রেস্ট ব্যাপটিস্ট মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ জানায়, সেখানে শতাধিক আহত ব্যক্তিকে নেওয়া হয়। তাঁদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। টেক্সাসের গভর্নর রিক পেরি এক বিবৃতিতে বলেন, ‘আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। তথ্য সংগ্রহ করছি। স্থানীয় লোকজনকে সহায়তার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’ এএফপি, বিবিসি ও রয়টার্স।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








