নায়ক থেকে খলনায়ক!
টেস্ট অভিষেকেই সেঞ্চুরির সেই গৌরবময় মুহূর্ত। আশরাফুলকে হয়তো অন্য কারণেই মনে রাখবে মানুষ-ফাইল ছবি I আন্তর্জাতিক মঞ্চে কী অবিশ্বাস্য, নাটকীয় আবির্ভাব হয়েছিল তাঁর! সেই রূপকথার সাক্ষী হয়ে আছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নিজের নামটি লিখিয়েছিলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে, সেটিও অভিষেকেই! সেই মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের প্রথম মহা তারকা, বাংলাদেশের ক্রিকেটের একাধিক গৌরবময় আখ্যানের জনক আশরাফুলের আজ এ কী পরিণতি! এখনো অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু আকসুর কাছে তিনি নিজ মুখেই সব দোষ স্বীকার তো করেছেনই। এরই মধ্যে আজ মঙ্গলবার সাময়িকভাবে নিষিদ্ধও হয়ে গেলেন। মাথার ওপর ঝুলছে আরও বড় শাস্তির খড়্গ। মাত্র ১৭ বছর বয়স। গা থেকে কৈশোরের গন্ধ পুরোপুরি মুছে যায়নি। তখনই জাতীয় দলের প্রত্যাশার ভার জোয়াল হয়ে চেপে বসেছিল তাঁর কাঁধে। ধীরে ধীরে পাড়ার ছোট্ট মাঠের অচেনা আশরাফুল থেকে এক সময় আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ হয়ে উঠেছেন। আশরাফুলকে ‘আশরাফুল’ হয়ে উঠতে দেখার একদম কাছের সাক্ষী প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র ১ জুন প্রতিবেদনে লিখেছেন, ‘চোখের জল আড়াল করতে হচ্ছে কয়েক দিন ধরেই। মোহাম্মদ আশরাফুলের প্রসঙ্গ উঠলে সব সময় তা করতেও পারছি না। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আশরাফুল ষাটের ঘরে যাওয়ার পর থেকেই প্রেসবক্সে দাঁড়িয়ে। অভিষেকেই সেঞ্চুরিটা হবে তো, হলেই তো ইতিহাস—টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি! সেই সেঞ্চুরি হলো, প্রেসবক্সের নিয়মনীতি ভুলে গিয়ে গলা ফাটিয়ে চিত্কার দিলাম। এখন কোন আশরাফুলকে মনে রাখব?’ সকালের সূর্যোদয় হয়তো সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। আশরাফুলও তাঁর প্রতিভার প্রতি সব সময় সুবিচার করতে পারেননি। কিন্তু তার পরও তাঁর ব্যাটে রচিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ কিছু কাহিনি। সেই টেস্ট অভিষেকেই সেঞ্চুরি তো আছেই, কার্ডিফে তখনকার মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়াকে বধ করেছিল ১০১ বলে তাঁরই ১০০ রানের ইনিংসটি। পরের ম্যাচেই নটিংহামে ইংল্যান্ডের বোলারদের নাকের জল-চোখের জল এক করে দিয়েছিলেন ৫২ বলে ৯৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ১৫৮ রানে অপরাজিত থাকা সেই অসাধারণ ইনিংসটিও চোখে ভেসে আছে সবার। এসব টুকরো স্মৃতি মনে করিয়ে দিয়ে উত্পল শুভ্র লিখেছিলেন, ‘বললে তো আরও কতই বলা যায়! ২০০৭ বিশ্বকাপে গায়ানার আশরাফুল, সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গের আশরাফুল… বাংলাদেশের ক্রিকেটে প্রথম বড় সব সাফল্যেই তো আছেন আশরাফুল। তামিম ইকবাল সেদিন কথায় কথায় বলছিলেন, “আশরাফুল ভাইকে আমি বলি বাংলাদেশের ক্রিকেটের প্রথম প্রেম। প্রথম প্রেম যেমন কোনো দিন ভোলা যায় না, আশরাফুল ভাইকেও মানুষের চিরদিন মনে থাকবে।”’ এ দেশের মানুষকে অনেকবারই আনন্দে ভাসিয়েছেন আশরাফুল। অনেকবার হতাশও করেছেন। আশরাফুল এ দেশের মানুষের হাসি-কান্না-আনন্দ-হতাশার সঙ্গে মিশে গিয়েছিলেন। তিনি এভাবে লোভের ফাঁদে পা দেবেন, এটা এখনো অনেকেরই যেন বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করা কঠিনই। তবে এটাই বাস্তবতা, আশরাফুল নিজেই আকসুর কাছে সব দোষ স্বীকার করেছেন বলে প্রথম আলোর কাছে শক্ত প্রমাণ আছে। আপাতত সাময়িক নিষিদ্ধ হলেন। আসল শাস্তি আরও কঠোর বা কঠিন হতে পারে। এমনও শোনা যাচ্ছে, কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। সেটাও যদি হয়, আশরাফুলের অন্তত আন্তর্জাতিক ক্যারিয়ারের ‘এলিজি’ লেখার সময় এসে গেছে। ২৯-এর দোর গোড়ায় দাঁড়িয়ে আছেন। নিষেধাজ্ঞা পেরিয়ে ৩৪ বছর বয়সে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন—বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা তা বলে না। হায় আশরাফুল!প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি