সাউথ সাউথ অ্যাওয়ার্ড হাতে প্রধানমন্ত্রী, দারিদ্র্যমুক্ত দেশ গড়বোই
|
নিউইয়র্ক: নিউইয়র্কে প্রথম দিনটি অর্জন দিয়েই শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সাউথ-সাউথ অ্যাওয়ার্ড। |
স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনে সাউথ-সাউথ নিউজ এর প্রধান কার্যালয়ে এই অ্যাওয়ার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেন, এটি আমার নয়, দেশবাসীর অর্জন। ১৯৯১ সালের পর থেকে দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ৫১ শতাংশ থেকে ২৬ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আর তা সম্ভব হয়েছে দেশবাসীর সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে।
দেশকে সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব দেখতে চায়, যেখানে প্রতিটি মানুষ সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারবে, বলেন শেখ হাসিনা।
সাউথ সাউথ নিউজ এর অনারারি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ফ্রান্সিস লোরেনজো প্রধানমন্ত্রীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকালে সাউথ-সাউথ কো-অপারেশন (এসএসসি)’র একটি উচ্চপর্যায়ের কমিটি সাউথ সাউথ নিউজ নামের সংস্থাটি গঠন করে। এর উদ্দেশ্য হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়নকে ত্বরান্বিত করা। বিশ্বের দেশে দেশে এমডিজি অর্জনে যারা এগিয়ে রয়েছে তাদের কথা অন্য পিছিয়ে থাকা দেশগুলোকে জানানো এবং তাদেরও উৎসাহিত করাই এই সাউথ-সাউথ নিউজের অন্যতম কাজ।
আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এই এসএসসি’র আওতাভূক্ত। সাউথ-সাউথ নিউজেরও কর্মপরিধি এই বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতেই অ্যাডভোকেসি চালিয়ে যাচ্ছে সাউথ সাউথ নিউজ।
প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, দারিদ্র বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেলে পরিণত হয়েছে। আমরা এই অর্জন ধরে রাখতে চাই।
সাউথ সাউথ নিউজের পক্ষ থেকে এমন একটি অ্যাওয়ার্ড বাংলাদেশকে আরও অগ্রগতির পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার আগে সাইটেশনে ফ্রান্সিস লোরেনজো বলেন, জাতীয় পর্যায়ে দারিদ্র বিমোচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমডিজি অর্জনে বাংলাদেশ জাতীয় পর্যায়ে যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো প্রণিধানযোগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন। কর্মক্ষেত্রে মানসম্মত কাজ নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাখাত এই সবক`টি ক্ষেত্রেই বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে।
দারিদ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং তা থেকে বাংলাদেশ আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন লোরেনজো ।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। পরে প্রধানমন্ত্রী এই অ্যাওয়ার্ডের জন্য নিজের ও দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ স্বীকৃতি।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী জাতিসংঘ ও তার সংস্থাসমূহ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তাকে স্বীকৃতি জানিয়ে বলেন, আমি মনে করি এসব সংস্থার পক্ষ থেকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকলে বাংলাদেশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনের এই অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন বলেই আমরা এই অর্জন নিশ্চিত করতে পেরেছি।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দারিদ্র বিমোচনে ব্যাপকভাবে কাজ করে আসছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি, খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার হার বাড়ানো ও মান উন্নত করাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আর তার ফলেই আজ বাংলাদেশ সারা বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
সাউথ-সাউথ অ্যাওয়ার্ড অর্জনকে দেশবাসীর প্রতি উৎসর্গ করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের কাছে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা তার মাধ্যমেই কেবল একটি দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে পারবো, যেখানে মানুষ শান্তিতে ও আরো উন্নত জীবন যাপনের সুযোগ পাবে।মাহমুদ মেনন ও শিহাবউদ্দীন কিসলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
