বাংলাদেশ ভ্রমণ এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের নয়া সতর্কতা, ফ্রান্সের নিন্দা
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল প্রস্তুতিতে বোমা হামলার পর বাংলাদেশ ভ্রমণ এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা হালনাগাদ করেছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। ২৫শে অক্টোবর মধ্যরাতে দূতাবাসের ওয়েবসাইটে জারি করা ওই ভ্রমণ সতর্কতায় বিদেশী নাগরিকদের জন্য বাস্তব এবং বিশ্বাসযোগ্য হুমকি থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, হামলার হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত ২৮শে সেপ্টেম্বর প্রথম নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। শিয়া সমপ্রদায়ের বিরুদ্ধে পরিচালিত হামলার বিস্তারিত তুলে ধরে সর্বশেষ জারি করা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, ওই ঘটনায় একজন নিহত হওয়া ছাড়াও বহু বাংলাদেশী আহত হয়েছেন। আইএসআইএল হামলার দায় স্বীকার করেছে। এ অবস্থায় দূতাবাস বাংলাদেশে সফররত এবং বসবাসকারী মার্কিন নাগরিকদের পূর্ব সতর্কতা অবলম্বন করতে জোরালোভাবে উৎসাহ দিচ্ছে। তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সাবধান থাকা এবং স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা প্রবাহ নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। দূতাবাস কর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণে নিরাপত্তার বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারগুলোকে মোটরসাইকেল, বাইসাইকেল এবং রিকশা ব্যবহার ও হেঁটে চলাচল করতে নিষেধ করা হয়েছে। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠান সহ আন্তর্জাতিক হোটেল সমূহে কোন জমায়েতে নিয়ন্ত্রিত (রেস্ট্রিকটেড) অংশগ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে। বার্তায় উল্লিখিত নির্দেশনা মার্কিন নাগরিকদের মেনে চলতে উৎসাহ দেয়া হয়েছে।
ফ্রান্সের নিন্দা
রাজধানীর হোসনি দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল প্রস্তুতিতে বোমা হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ঘটনার পরপরই প্রকাশিত এক বার্তায় এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফ্রান্স। ২৪শে অক্টোবর পুরান ঢাকায় সংঘটিত হামলার হতাহতের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে বিবৃতিতে। মানবজমিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো