নিউইয়র্কে কুইন্সের ওজনপার্কে বাংলাদেশী ইমাম হত্যার ঘটনায় ১ জন গ্রেফতার : সোমবার জানাযা, ঘাতকের বিচারে সিটি মেয়রের আশ্বাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে কুইন্সের ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং একই মসজিদের মুসল্লি তারা মিয়া হত্যাকান্ডের ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। রোববার মধ্য রাতে তাকে এনওআইপিডি গ্রেফতার করে।
ডেইলি নিউজ জানিয়েছে, পরিকল্পিত এই হত্যাকান্ডের পর হত্যাকারী নিজের গাড়ি করেই ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় এক সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগলে তার গাড়ির লাইসেন্স প্লেট পড়ে যায়। আটকৃত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
ধারনা করা হচ্ছে, নিউইয়র্ক প্রবাসী মুসলিম এবং হিস্পানিকের মধ্যে কিছু সময় ধরে চলা বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
শনিবার দুপুরে আল ফোরকান মসজিদ থেকে জোহর নামাজ শেষে বাড়ী ফেরার সময় লিবারটি এ্যভিনিউর ৭৯ এবং ৮০ স্টিটে সন্ত্রাসীদের গুলিতে গুলবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দীন এবং হাসপাতালে মারা যান তারা মিয়া। এ ঘটনাকে এলাকাবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে দাবি করেন। এলাকায় বাংলাদেশী কমিউনিটিতে এখনও আতংক বিরাজ করছে।
নিউইয়র্ক সিটি মেয়রের বিবৃতি : বুধবার সর্বদলীয় প্রতিবাদ
এনআরবি নিউজ জানিয়েছে, ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সহকারি থেরা উদ্দিন (৬৪) এর হত্যাকান্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশীই শুধু নন, সমগ্র মুসলিম কম্যুনিটিতে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটেছে। ১৪ আগস্ট রোববার অপরাহ্নে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এক বিবৃতিতে সকলকে স্বস্তি প্রদানের অভিপ্রায়ে বলেছেন, ‘নিশ্চিত থাকুন, আমাদের পুলিশ বাহিনী অবশ্যই ঘাতককে বিচারে সোপর্দ করবে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘এই উইকেন্ডে আমাদের এই সিটি এমনি একটি ঘটনায় ক্ষত-বিক্ষত ও হতভম্ব হয়েছে যা একটি ধর্মীয় সম্প্রদায়কে প্রচন্ডভাবে আঘাত এবং একটি কম্যুনিটিকে অস্থিরতায় নিপতিত করেছে। ধর্মীয় নেতারা যখন টার্গেটে পরিণত হন, ওজনপার্কের সকল অধিবাসী যে ব্যাথা অনুভব করছেন, তার ভাগিদার আমরা সকলেই। মাওলানা আকঞ্জি এবং থেরা উদ্দিন হত্যার মোটিভ এখন পর্যন্ত জানা সম্ভব না হলেও আমরা এটি জানি যে, উপর্যুপরি ধমীয় বিদ্বেষমূলক অপপ্রচারে আমাদের মুসলিম সম্প্রদায়ও বিতশ্রদ্ধ হয়ে উঠেছেন। এটি এখনও অত্যন্ত জটিল যে, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এহেন বিভক্তির অবসান ঘটিয়ে এই সিটি তথা যুক্তরাষ্ট্রের মহত্বকে সমুন্নত রাখার ব্যাপারে।’
এদিকে, আল ফোরকান মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় এ সংবাদদাতাকে জানান, ‘ময়না তদন্তের পর স্বজনের কাছে ১৫ আগস্ট সোমবার সকালে (বাংলাদেশ সময় সোমবার রাতে) লাশ হস্তান্তর করা হবে। একইদিন বেলা আড়াইটায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত) ওজনপার্কে মসজিদ আল আমানের সন্নিকটে ৫৮১ গ্র্যান্ট এভিনিউতে অবস্থিত মিউনিসিপ্যাল পার্কে উভয়ের জানাযা অনুষ্ঠিত হবে। জানা যায়, সিটি মেয়রসহ সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল প্রশাসনের লোকজনও অংশ নেবেন।
ইমামের স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হক কুনু এনআরবি নিউজকে বলেন, ‘ইমাম আলাউদ্দিন আকঞ্জির লাশ দেশে পাঠানো হবে। তাকে দাফন করা হবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গোছাপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে।’ অপরদিকে, থেরাউদ্দিনকে দাফন করা হবে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশনের নিজস্ব গোরস্থানে-এ তথ্য জানিয়েছেন এ এসোসিয়েশনের সভাপতি বদরুল হক খান। অপরদিকে, নিহতদের পরিবারের জন্যে তাৎক্ষণিক অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে নিউইয়র্কস্থ ইসলামিক লিডারশিপ কাউন্সিল। এ সংগঠনের নির্বাহী পরিচালক শেখ আহমেদ মোবারক বলেছেন, ‘এখন সময় হচ্ছে শোক-সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর।’মুুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’র কম্যুনিকেশন্স ডাইরেক্টর ইব্রাহিম হুপার বলেছেন, ‘কোন মতলবে এহেন আক্রমণের ঘটনা ঘটেছে তা স্পষ্ট না হলেও এটি স্পষ্ট গুপ্তহত্যা।’
এদিকে, রোববার দুপুরে ইমাম আলাউদ্দিন আকঞ্জি যে মসজিদে ইমামতি করতেন, সেই আল ফোরকান জামে মসজিদে এসেছিলেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলাল স্কট স্ট্রিঙ্গার এবং কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ। তারা মুসল্লীগণের সাথে কিছুটা সময় অতিবাহিত করেন এবং নিহতদের পরিবারকে শান্তনা দেন। কম্পট্রোলাল স্ট্রিঙ্গার বলেন, ‘এটি সত্যি একটি হৃদয়-বিদারক ঘটনা, যেখানে জীবন কেড়ে নেয়া হয়েছে। আমরা অবশ্যই নগর প্রশাসনের সাথে কাজ করবো, আপনাদের নিরাপত্তায় যা করণীয় তা করবো এবং নগর প্রশাসনে আপনাদের যে সম্মান রয়েছে সেটিও সমুন্নত রাখবো।’ ‘আপনাদের যে কোন সংকট-দুর্যোগে আমরা সবসময় পাশে থাকবো’-বলেন স্ট্রিঙ্গার।বরো প্রেসিডেন্ট মেলিন্ডা বলেন, ‘নিউইয়র্ক সিটি সব সময়ই আমাদের মুসলিম ভাই-বোনদের পাশে রয়েছে। আপনাদের অবাধে নামাজ আদায়ের পূর্ণ অধিকার রয়েছে।’ ‘ঘাতকের বুলেট যে দু’জনের প্রাণ কেড়ে নিয়েছে তারা শুধু ধর্মীয় নেতা নন, তাদেরও পরিবার-পরিজন রয়েছে,তাদের ভাই-ভাতিঝি-ভাগ্নে-ভাগ্নি-সন্তান-স্ত্রী-পুত্র রয়েছে’।
এদিকে রোববার অপরাহ্নেও শতশত বাংলাদেশী ওজনপার্কে জড়ো হয়ে ঘাতকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় মসজিদভিত্তিক কম্যুনিটির নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে আরো মনোযোগ দেয়ার আহবানও জানানো হয়। এদিকে রোববার সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে নিউইয়র্ক অঞ্চলের এক ডজনেরও অধিক সামাজিক-সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হয় গভীর অরণ্যে অথবা সাগরের তীরে। এসব বনভোজনে অংশগ্রহণকারিরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম ও তার সহকারিকে। তাদের ঘাতক দ্রুত গ্রেফতার হবে বলেও প্রত্যাশা করেন সকলে।
মাসাধিককাল যাবত নিউইয়র্ক অঞ্চলে স্মরণকালের ভয়াবহতম তাপপ্রবাহ চলতে থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে যেতে দেখা যাচ্ছে না। এমনি অবস্থায় নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যার ঘটনায় সমগ্র কম্যুনিটিতে এক ধরনের ভিতির সঞ্চার ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা নাগাদ নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা এবং রেস্টুরেন্টে খুব কমসংখ্যক লোকজন দেখা গেছে। বাংলাদেশী স্টোরসমূহে বিক্রি অন্য যে কোন রোবারের তুলনায় ৭৫% কম বলে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক এবং ব্রুকলীনের ব্যবসায়িরা জানান।
বুধবার সর্বদলীয় প্রতিবাদ
ইমাম আলাউদ্দিন আকঞ্জি এবং মুসল্লী থেরা উদ্দিনের হত্যাকান্ডের প্রতিবাদ এবং কম্যুনিটির নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে বুধবার সন্ধ্যায় ৬টায় ওজোনপার্কে আল ফোরকান মসজিদ সংলগ্ন এলাকায় বড় ধরনের একটি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সোসাইটি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes