নিউইয়র্কে বাংলা বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

নিউইয়র্ক : বর্ষ পরিক্রমায় আরো একটি বছর বিদায় নিতে চলেছে। বিদায় বাংলা বর্ষ-১৪২৩, স্বাগতম বাংলা নববর্ষ-১৪২৪। বাংলা নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিন বাকী। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বাংলা বছরের প্রথম দিন। পহেলা বৈশাখ পালন উপলক্ষ্যে কমিউনিটিতে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সহ বৈশাখী মেলা আয়োজনের নানা আয়োজন লক্ষ্য করা যাচ্ছে।
বাংলা বর্ষবরণের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ সোসাইটি ইনক সহ ড্রামা সার্কেল, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হচ্ছে ‘পান্তা-ইলিশ’ ভোজন। এজন্য কমিউনিটিতে ইলিশ মাছের বাড়তি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্য বছরের চেয়ে এবছর ইলিশ মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কমিউনিটিতে উৎকন্ঠা বিরাজ করছে। পাশাপাশি ইলিশ মাছের সরবরাহ কম থাকায় বাজারে ইলিশ সংকটও দেখা দিয়েছে। নিউইয়র্কের বাংলাদেশী ব্যবসায়ীদের হিসেবে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় হাজার পাউন্ড (দুই কন্টেইনার) ইলিশ মাছের (!) চাহিদা রয়েছে। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলীন, এস্টোরিয়া, ব্রঙ্কস প্রভৃতি এলাকার ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পহেলা বৈশাখের অনুষ্ঠানের বিশেষ ‘পান্তা-ইলিশ’ ভোজনের জন্য চাহিদা বাড়ছে ইলিশ মাছের। বাংলাদেশ সোসাইটি: বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্ক’র বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে এবছর ‘বৈশাখী মেলা’র আয়োজন করবে। ১৪ এপ্রিল শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ বেলাজিনো পার্কিং লটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বৈশাখী র্যালী, পান্তা-ইলিশ অপ্যায়ন, পোশাকে বাঙালী সাজো, পুথিপাঠ, শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সফল করতে সোসাইটির সহ সভাপতি আবুল খালেক খায়েরকে আহ্বায়ক ও কার্যকরী সদস্য আজাদ বাকিরকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠান সফল করতে সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সকল প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ড্রামা সার্কেল: প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে ড্রামা সার্কেল। ১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। ড্রামা সার্কেল-এর প্রতিষ্ঠাতা সভানেত্রী নার্গিস আহমেদ ইউএনএ প্রতিনিধিকে বলেন, অনুষ্ঠানমালার মধ্যে থাকবে ‘পান্তা-ইলিশ’ ও ভর্তা-ভাত ভোজন, শুভেচ্ছা বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ড্রামা সার্কেল পহেলা বৈশাখের দিনই ‘বাংলা নববর্ষ পালন’ করে আসছে।
বিপা: বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্ট ‘বিপা’ তাদের ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী এবং বাংলা নববর্ষ’১৪২৪ উপলক্ষ্যে শিশু-কিশোর প্রতিভা প্রতিযোগিতা সহ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রতিযোগিতার বিষয় আবৃত্তি, অংকন, বাংলা কথোপকথন ও বৈশাখী আলোকচিত্র। আগামী ১২ এপ্রিল বিকেল ৫টায় এস্টোরিয়াস্থ বিপা কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ এপ্রিল রোববার মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিন আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র এবছরের বৈশাখী মেলা আগামী ১০ বৈশাখ (২৩ এপ্রিল) রোববার। এদিন জ্যামাইকার ১৬৮ স্ট্রীট ও ৯০ এভিনিউ সংলগ্ন পার্কিং লটে দিনব্যাপী এই মেলার কার্যক্রম চলবে। এদিকে মেলাটি সফল করতে ইতিমধ্যেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফজাল আহমেদ চৌধুরীকে সদস্য সচিব করে ‘বৈশাখী মেলা কমিটি-১৪২৪’ গঠন করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর বাংলা নতুন বছরের প্রথম মাসের অর্থাৎ বৈশাখ মাসের প্রথম রোববার ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতা থাকলেও মেলায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণসহ প্রকৃতি-পরিবেশ, স্থান-কাল-পাত্র অভর পারিপার্শিক সবকিছু বিবেচনায় রেখে এবছর বৈশাখ মাসের প্রথম রোববার নয়, দ্বিতীয় রোববার (২৩ এপ্রিল) মেলার দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন।
মেলার আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার ইউএনএ প্রতিনিধিকে বলেন, ফ্রেন্ডস সোসাইটির মেলা প্রবাসের সর্ববৃহৎ মেলা হয়ে উঠেছে।
নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক আগামী ১৬ এপ্রিল রোববার উদযাপন করবে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ। এদিন বিকেল ৪টা থেকে নিউইয়র্কে জ্যামাইকার পানসী পার্টি হলে অনুষ্ঠিত হবে বর্ণিল সাংস্কৃতিক উৎসব ও নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলা। জমজমাট এ উৎসবে থাকবে পান্থা-ইলিসসহ বর্ণিল সব আয়োজন। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার ড. খায়রুল কবির। উদ্বোধন করবেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াৎ খান। বিশেষ অতিথি থাকবেন সংগঠনের উপদেষ্টা মো. খায়রুল ইসলাম, খান মাহমুদ নিপু, মোস্তফা জামাল ইদ্রিসী, ইকবাল হায়াৎ খান, লুৎফর বারি, বজলুর রহমান নয়ন ও হারুনুর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা মো. বশির ফারুক।
বর্ষ বরণ উৎসবে নেত্রকোনা প্রবাসীদের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন এবং প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল ভূইয়াসহ কমিটির নের্তৃবৃন্দ।
প্রতি বছর এই মেলায় প্রবাসীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। তাই সবদিক বিবেচনায় রেখে এবার বৃহৎ পরিসরে খোলা পার্কে মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মেলার মান বজায় রাখতে যা করার তাই করা হবে। মেলায় পর্যাপ্ত রকমারী স্টল ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা): বঙ্কসের বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) নতুন বছর বরণ উপলক্ষ্যে অঅগামী ২৯ এপ্রিল আয়োজন করেছে বৈশাখি প্যারেড, পান্তা-ইলিশ ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন বিকেল সাড়ে তিনটায় পার্কচেষ্টারের বাংলা বাজারে প্যারেড এবং পিএস ১০৬ মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ