সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের প্রথম গ্রন্থ ‘স্মৃতিতে ও সংবাদে’র মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২২শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকা একুশের বইমেলায় নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের প্রথম গ্রন্থ ‘স্মৃতিতে ও সংবাদে’র মোড়ক উন্মোচন করা হয়। লেখকের সুহৃদ ও শুভান্যুদায়ীদের উপস্থিতিতে অন্বয় প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার, বিশিষ্ট আইনজীবী ও নাগরিক আন্দোলনের সংগঠক এডভোকেট তবারক হোসেইন, কথা-সাহিত্যিক আহমাদ মাযহার, পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম, সাংবাদিক অপূর্ব শর্মা, ডি জি বাংলা টিভি’র সিও সাইফুল সিদ্দিক, প্রকাশক হুমায়ূন কবীর ঢালি, প্রবাসী লেখিকা জেসমিন চৌধুরী, গবেষক রাশিদা আকতার, ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, লেখকের বন্ধু আন্তর্জাতিক সংস্থার উর্ধতন কর্মকর্তা শেখর ভট্টাচার্য্য প্রমুখ। 

মোড়ক উন্মোচনকালে লেখক উপস্থিত থাকতে না পারলেও লেখকের শুভাকাঙ্ক্ষীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বৈঠকি আড্ডায় এ বই নিয়ে আলোচনাকালে বক্তারা বলেন, ‘স্মৃতিতে ও সংবাদে’ নামে প্রকাশিত ইব্রাহীম চৌধুরী খোকন-এর লেখা বইটিকে গতানুগতিক কোন বই বলা যাবেনা । সিলেটের গ্রাম থেকে শুরু করে আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত একজন সংবাদকর্মীর পদযাত্রার প্রতিচ্ছবি গ্রন্থিত হয়েছে ঝরঝরে ভাষায়।
আমেরিকায় দাঁড়িয়ে লেখা বইটি পাতায় পাতায় পেছনে এসেছে । একজন অগ্রসর সাংবাদিকের বর্তমানে দঁড়িয়ে পেছনের বিবরণ । বর্তমানকে অবগাহন করে দূরের নস্টালজিয়া আছে লিখাগুলোতে।
লেখায় গল্প নাই, আবার গল্প আছে । ঘটনার বিবরণে নায়ক, খলনায়কের সন্ধান আছে । সংবাদ বিবরণে একজন ডোনাল্ড ট্রাম্পের খলনায়ক চরিত্রের সন্ধান পাওয়া যাবে । পাওয়া যাবে একজন ম আ মুকতাদির, লোকমান আহমেদের মতো নায়কদের উজ্জ্বল উপস্থিতি ।
বইটির পাতা উলটাতে থাকলে মিলবে বেশ কিছু নায়ক, পার্শ্ব নায়কের উচ্ছ্বসিত বিবরণ। একান্ত ব্যক্তিগত নিরীক্ষণে লেখা হলেও, লেখকের চেনাজনকে ভাবিত করার প্রচুর উপাদান আছে । আছে বৈচিত্রের সমাহার । অনেক ঘটনা, অনুঘটনা খুঁজে দেখার তাড়না যাদের- তাদের তৃষ্ণার্ত করবে বইটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, ‘লেখক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী আমার অত্যন্ত কাছের মানুষ । লেখক বইটিতে নিজের কথা কমই বলেছেন । আত্মমহিমা প্রচারের এ সময়ে বইটিতে জানা যাবে তাদের কথা-যারা একটা সময়কে ধারন করেছেন । এসব জানার, পড়ার মধ্য দিয়ে কোন কোন জায়গায় সাধারণের অসাধারন বর্ণনা পাওয়া যাবে।’
বিশিষ্ট আইনজীবী ও নাগরিক আন্দোলনের সংগঠক এডভোকেট তবারক হোসেইন বলেন, “বইটি অগ্রসর পাঠকের জন্য । সংবাদকর্মের নিরীক্ষণকে সাহিত্যমূল্য দেয়ার প্রয়াসও রয়েছে । বইটিতে রয়েছে সিলেট অঞ্চলে বিচরিত বহুজনের নাম । তাদের নিজেদের কাছে, স্বজন-অনুরাগীদের কাছে বইটির পাঠ ভিন্ন অনুভুতি দেবে । আছে হালকা, ভারী অনেক কথা । সব পাঠকদের না হলেও লেখকের চেনা গন্ডির পাঠকদের চমৎকার লাগবে । এ যে তাদের চেনা জন নিয়ে, চেনা লেখকের লেখা ! সব মিলে একটি মান সম্পন্ন উপস্থাপনা “স্মৃতিতে ও সংবাদে”.।”
কথা-সাহিত্যিক আহমাদ মাযহার বলেন, ‘ঠিক সাহিত্যিক অভিপ্রায়ে তিনি কলম ধরেননি, লেখালেখি করেছেন প্রধানত সাংবাদিকতার সূত্রে। সেসব লেখায় তাঁর অন্তরের সাহিত্যিক সত্তা বারবার উঁকি দিয়ে গেছে। বাংলাদেশের সংবাদপত্রে আমেরিকার খবর দিতে গিয়ে তুলে ধরেছেন সেখানকার রাজনীতি, প্রশাসন ও সংস্কৃতি সম্পর্কে তাঁর নিজের উপলব্ধি, ভিন্নতর পর্যবেক্ষণ। পুঁজিবাদের চূড়ায় অবস্থানকারী দেশে বসবাস করলেও বাংলাদেশের দুঃখী মানুষের জন্য তাঁর মর্মবেদনা যে সব সময় অন্তঃশীল তার চিহ্ন রয়েছে তাঁর লেখায়।’
হুমায়ূন কবীর ঢালী বলেন, ‘এই বইয়ে ইব্রাহীম চৌধুরী সময়কে ধরে রাখার চেষ্টা করেছেন। যাঁরা ভবিষ্যতে ইতিহাস চর্চা করবেন এই বইটি তাঁদের জন্য খুবই সহায়ক হবে।’
সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা বলেন, ‘ইব্রাহীম চৌধুরীর লেখা অনেক আগেই মলাটবন্দী হওয়া উচিত ছিল । তিনি আশি ও নব্বই দশকের সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঘটনাবলীর অন্যতম অণুঘটক । প্রথম বইয়ে সে সময়ের সামান্য স্পর্শ আছে । লেখকের কাছে প্রত্যাশা আগামীতে ফেলে আসা স্বদেশের সেসব সফল ও ব্যার্থ ঘটনাবলীর কথা লিখবেন ।’

লেখকের বন্ধু আন্তর্জাতিক সংস্থার উর্ধতন কর্মকর্তা শেখর ভট্টাচার্য্য বলেন , যেহেতু বন্ধু আমার দেশে নেই তাঁর জীবনের একটী গুরুত্বপূর্ণ ঘটনার স্বাক্ষি হওয়ার সুযোগ হারাবো কেন । তাঁর লিখিত “স্মৃতিতে ও সাংবাদে” বইটি একটি সময়ের দলিল । সত্তর, আশির দশকের সময়কে ঝরঝরে ভাষায় যেভাবে উপস্থাপন করা হয়েছে যেকোনো পাঠক বইটি দ্রুত আনন্দ সহকারে পড়ে যেতে পারেন অনেকটা হুমায়ুনীয় ধারার গদ্য। আবার বিষয়বস্তুর ভিতরে প্রবেশ করে গবেষকরা অনেক উপাদান সাংগ্রহ করতে পারবেন যারা সত্তর, আশির দশকের উত্তাল সময়কে ধরতে চান। সব মিলিয়ে আনন্দময় সময় কাটিয়ে এলাম।ইব্রাহীম চৌধুরী খোকনের নিবেদিত কর্মের ফসল পাঠক প্রিয়তা পাবে আমার বিশ্বাস, বন্ধু হিসাবে নয় একজন পাঠক হিসাবে কথাটি নির্দ্বিধায় বলছি।
সিলেট থেকে যোগ দেয়া পরিবেশ আন্দোলনের সংগঠক ও লেখকের অনুজ আব্দুল করিম কিম বলেন, সিলেটে অচিরেই “স্মৃতিতে ও সংবাদে” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে । লেখকের স্বদেশ জীবনের নিত্যসঙ্গীরা এ লেখার পোষ্টমর্টেম করবেন। #
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!