ট্রেড ইউনিয়ন করার অধিকার খর্বের প্রস্তাব:যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ
ইব্রাহীম চৌধুরী: ট্রেড ইউনিয়ন করার অধিকার সংরক্ষণের দাবিতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীরা সোচ্চার হয়ে উঠেছেন। উইসকনসিন অঙ্গরাজ্যের আন্দোলনরত কর্মচারীদের সমর্থনে গত রোববার বিভিন্ন নগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নিউইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় সমাবেশ থেকে শ্রম অধিকার নিয়ন্ত্রণের রক্ষণশীল ধারণার তীব্র সমালোচনা করা হয়।উইসকনসিন অঙ্গরাজ্যে শিক্ষক সমিতিসহ সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার খর্ব করার আইন প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকান পার্টি-নিয়ন্ত্রিত উইসকনসিনের আইনসভায় প্রস্তাবিত এ আইনে সরকারি কর্মচারীদের নানা আর্থিক সুবিধা হ্রাস করার কথা বলা হয়েছে।প্রস্তাবিত আইনে বলা হয়, কর্মচারীদের ভবিষ্যৎ অবসর ভাতার জন্য মূল মজুরি থেকে অর্থ কর্তন করা হবে এবং স্বাস্থ্যবিমার জন্য কর্মচারীদেরই অংশবিশেষ পরিশোধ করতে হবে। রিপাবলিকান নেতা ও উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার জানান, আর্থিক সংকট মোকাবিলার জন্য এমন উদ্যোগ নিতে হয়েছে।প্রস্তাবিত এ আইনের বিরুদ্ধে উইসকনসিন অঙ্গরাজ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে টানা বিক্ষোভ সমাবেশ চলছে। সরকারি কর্মচারীরা পালা করে এবং তাঁদের সমর্থকেরা দিন-রাত রাজধানী মেডিসনে অবস্থান করছেন। সরকারি ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার অজুহাতে যুক্তরাষ্ট্রের আরও আটটি অঙ্গরাজ্যে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মচারীদের অধিকারবিরোধী এমন পদক্ষেপে মার্কিন রক্ষণশীলদের ব্যাপক সমর্থন প্রকাশ্য হয়ে উঠেছে। গত নির্বাচনে জয়ী হওয়া রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোতেই সরকারি কর্মচারীদের অধিকার নিয়ন্ত্রণের এ আইন প্রণয়ন করা হচ্ছে। সব অঙ্গরাজ্যেই কর্মচারীদের সুযোগ-সুবিধা কমিয়ে ব্যয় হ্রাস অথবা কর্মচারী ছাঁটাই করে অর্থ ঘাটতি মোকাবিলার যুক্তি তুলে ধরা হচ্ছে।
বিভিন্ন অঙ্গরাজ্যে শিক্ষক সমিতিসহ ট্রেড ইউনিয়নে ডেমোক্রেটিক পার্টির ব্যাপক সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্যই ট্রেড ইউনিয়নের ওপর রক্ষণশীলদের খড়্গ নেমে এসেছে বলে উদারনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে রোববার দিনভর প্রায় ৭০ হাজার বিক্ষোভকারী সেখানে বিক্ষোভ করেন। সমাবেশ থেকে বলা হয়, শ্রমিকদের অধিকারবিরোধী আইন প্রস্তাব প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।
নিউইয়র্ক, ওয়াশিংটন, মেরিল্যান্ড, নিউজার্সি, ফ্লোরিডা, টেক্সাস, ডেনভার ও শিকাগোয় সমাবেশ করে উইসকনসিনের বিক্ষোভের প্রতি ঐক্য ও সংহতি জানানো হয়েছে। মেরিল্যান্ডে বিক্ষোভে অংশ নেওয়া ডোনা এডওয়ার্ড বলেন, ‘মেরিল্যান্ড থেকে উসকনসিন, আমরা সবাই এক।’
শ্রম অধিকার খর্ব করার যেকোনো রক্ষণশীল প্রয়াসের বিরুদ্ধে সব শ্রমিক-কর্মচারী যুক্তরাষ্ট্রে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবেন বলে বিভিন্ন স্থানের সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030